মনে মনে চেয়েছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফিটা এশিয়াতে থাকুক। ফাইনালে তাই ছিলেন শ্রীলঙ্কার সমর্থক। কিন্তু শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ! জাতীয় দলের ওপেনার তামিম ইকবালের এ নিয়ে দুঃখ থাকলেও ক্যারিবীয়দের দিচ্ছেন ভালো খেলার কৃতিত্ব টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল কেমন হলো?তামিম ইকবাল: ভেবেছিলাম শ্রীলঙ্কা সহজে জিতে যাবে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ শেষ পর্যন্ত যা করল, অবিশ্বাস্য। ১৩৮ রানের টার্গেট শুনতে সহজ মনে হলেও বাস্তবে কঠিন। ওপেনাররা যদি প্রথম ৬ ওভারে ভালো শুরু এনে দিতে পারে তা হলেই ম্যাচ সহজ হয়ে যায়। শ্রীলঙ্কা সেটা পারেনি। শুরুতেই উইকেট পড়ে যাওয়ায় খেই হারিয়ে ফেলে তারা। ওয়েস্ট ইন্ডিজের জয়ের পেছনে কোন জিনিসটা বেশি কাজ করেছে বলে মনে হয়?তামিম: টুর্নামেন্টের শুরু থেকেই চমৎকার খেলেছে তারা। আমি এই ম্যাচে শ্রীলঙ্কার সমর্থক থাকলেও ভয়ে ছিলাম, ওয়েস্ট ইন্ডিজই হয়তো জিতে যাবে। হলোও তা-ই। ব্যাটিংয়ে আমি বলব মালিঙ্গার চারটা ওভার তারা খুব ভালো কাজে লাগিয়েছে। বোলিংয়ে শুরুতে উইকেট নিতে পারাটা গুরুত্বপূর্ণ হয়েছে। নিজেদের মাঠে ফাইনাল খেলেছে শ্রীলঙ্কা। একটু কি চাপে ছিল দলটা?তামিম: অনেকে অনেক কিছু বলবে। কিন্তু আমি বলব, গত কয়েক বছরের মধ্যে চারটা বিশ্বকাপের ফাইনালে খেলতে পারা কম কথা নয়। অনেক বড় অর্জন এটা। শ্রীলঙ্কা হয়তো একটু চাপে ছিল, তবে হারার কারণ সেটা নয়। ওয়েস্ট ইন্ডিজ অনেক বেশি ভালো খেলেছে। শ্রীলঙ্কার সমর্থক ছিলেন বললেন। সেটা কি এসএলপিএলে খেলার জন্য?তামিম: না, এটা কোনো কারণ নয়। আসলে আমি চেয়েছিলাম ট্রফিটা এশিয়াতেই থাকুক। পাকিস্তানের কাছে হারার পর কামরান আকমলকে বলেছিলাম, ট্রফি যেন এশিয়াতেই থাকে। আমরা এশিয়ান, এশিয়ার কোনো দল চ্যাম্পিয়ন হলে তো আমাদের জন্যই ভালো। এসএলপিএলের সময় টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে শ্রীলঙ্কানদের মধ্যে কেমন আগ্রহ দেখেছিলেন? ফাইনালে হেরে যাওয়ায় কি অনেক হতাশ মনে হচ্ছে তাদের?তামিম: হতাশ তো হবেই। তবে আবারও বলি, চারটি ফাইনাল খেলা অনেক বড় ব্যাপার। শ্রীলঙ্কা ফাইনালে হারলেও চ্যাম্পিয়নের মতো খেলেছে। ফাইনালে দনাঞ্জয়ার মতো একজন তরুণ খেলোয়াড়কে খেলানোর সাহস দেখিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের পরবর্তী মিশন বাংলাদেশ। বিশ্বকাপ জিতে আসায় নিশ্চয়ই আরও বেশি অনুপ্রাণিত থাকবে দলটা...তামিম: ওরা এই মুহূর্তে সবচেয়ে শক্তিশালী দল। কোনো বড় খেলোয়াড় অনুপস্থিত নেই দলে, মাঝে যেটা হয়েছিল। আমাদের জন্য তাই অনেক বড় চ্যালেঞ্জ হয়ে আসবে সিরিজটা। তবে বাংলাদেশও এখন আর অত দুর্বল নয়। আমাদের দেশে এসে আমাদের হারিয়ে যাওয়া সহজ হবে না ওয়েস্ট ইন্ডিজের জন্য। বাংলাদেশ দলের জন্য তো টেস্টে ফেরাটাই একটা চ্যালেঞ্জ। প্রায় এক বছর পর টেস্ট খেলবেন আপনারা। তার আগে খেললেন টানা টি-টোয়েন্টি ম্যাচ...তামিম: আমি বরাবরই এই ধারণার বিপক্ষে। টানা টি-টোয়েন্টি খেলেছি বলে টেস্ট খেলতে পারব না, ব্যাপারটা এমন নয়। এটা ব্যক্তিবিশেষের ওপর নির্ভর করে। কে কীভাবে নেয়...। মানসিক প্রস্তুতিই আসল। হ্যাঁ, দীর্ঘ পরিসরের ম্যাচ খেলার প্র্যাকটিস থাকলে ভালো। জাতীয় লিগের এক-দুইটা ম্যাচ সেদিক দিয়ে আমাদের সাহায্য করবে। কিন্তু টি-টোয়েন্টি বেশি খেলেছি বলে টেস্টে সমস্যা হবে, এটা মানি না। জাতীয় লিগে খেলবেন?তামিম: ইচ্ছা আছে। চট্টগ্রামে কোচের সঙ্গেও এ নিয়ে কথা হয়েছে। এক-দুটি ম্যাচ খেলতে পারলে নিজের জন্যই ভালো হবে। আর যদি বড় রান পাই, তা হলে তো খুবই ভালো। টেস্টের আগে আত্মবিশ্বাস বাড়বে।