‘বাংলাদেশকে এখন বিদেশ মনে হয় না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারী ব্যাট, নিষ্প্রাণ উইকেটের এই যুগে তিনি বিশ্ব ক্রিকেটের কৃপণতম বোলারদের একজন। ইদানীং নিয়মিত ভালো করছেন ব্যাট হাতেও। জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক প্রসপার উতসেয়া কথা বললেন তাঁর ক্রিকেট ও বাংলাদেশ-প্রীতি নিয়ে এখন পর্যন্ত সিরিজে নিজের ও দলের পারফরম্যান্সে কতটা খুশি?প্রসপার উতসেয়া: প্রথম ম্যাচ জিতে শুরুটা দারুণ করলেও পরের দুই ম্যাচে আমরা প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি। তবে সবকিছু এখনো শেষ হয়ে যায়নি। কাল (আজ) জিতলে সিরিজ ড্র হবে, পিছিয়ে থেকেও বাংলাদেশে সিরিজ ড্র করতে পারাটাও আমাদের বড় একটা অর্জন হবে। নিজের পারফরমান্সে এখন পর্যন্ত মোটামুটি সন্তুষ্ট, এখন শেষটা ভালো করতে চাই। টি-টোয়েন্টির এই যুগে ওয়ানডেতে আপনার আশ্চর্য রকম কৃপণ বোলিংয়ের রহস্য কী?উতসেয়া: আমি সব সময় আমার সীমাবদ্ধতা জেনে ও ফিল্ড প্লেসিং অনুযায়ী বোলিং করার চেষ্টা করি। প্রচুর হোমওয়ার্ক করি। প্রতিটি সিরিজের আগে আমি প্রতিপক্ষের সব ব্যাটসম্যানের শক্তিমত্তা-দুর্বলতা নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করি। আমার মনে হয়, এটাই আমার ভালো বোলিংয়ে বড় ভূমিকা রাখে। প্রায়ই নতুন বলে বোলিং করাটা আপনি আগে থেকেই পছন্দ করেন, নাকি দলের এই দায়িত্ব পেয়ে উপভোগ করতে শুরু করেছেন?উতসেয়া: আমি চালেঞ্জ নিতে ভালোবাসি। লড়াই করতে ভালোবাসি। নতুন বলে বোলিং করার ব্যাপারটিকে আমি নিজেকে আরও সমৃদ্ধ করার সুযোগ হিসেবে নিয়েছি। আমি পুরোপুরি সৎ একজন ক্রিকেটার, দায়িত্ব নিতে পছন্দ করি। গত কিছুদিনে আপনার ব্যাটিংয়ের গ্রাফটাও ঊর্ধ্বমুখী, নিকট ভবিষ্যতে কি তাহলে বলতে হবে ‘অলরাউন্ডার উতসেয়া’?উতসেয়া: হয়তো আশা তো করছিই। ব্যাটিং নিয়ে আমি বাড়তি কাজ করছি, ফলও পাচ্ছি। আমার মনে হয়, এখন আর নয় নম্বর নয়, আমি অন্তত সাতে ব্যাটিং করার মতো ব্যাটসম্যান। আগামী বছর জিম্বাবুয়ে টেস্টে ফিরছে, টেস্ট খেলার জন্য নিশ্চয়ই ব্যাকুল?উতসেয়া: অবশ্যই। তবে আমার বোলিংয়ের ধরনটা এমন যে টেস্ট একাদশে জায়গা পাওয়া কঠিন হবে। এ জন্যই ব্যাটিংটা গুরুত্বপূর্ণ। অলরাউন্ডার হলে দলে জায়গা পাওয়া সহজ হবে।  জিম্বাবুয়ে ক্রিকেটের কঠিন এক সময়ে আপনি অধিনায়কত্ব পেয়েছিলেন, তখন বয়স ছিল মাত্র ২১। সবকিছু কীভাবে সামলাতেন?উতসেয়া: আমার স্কুলজীবনের একটা বড় ভূমিকা আছে এতে। চার্চিল হাইস্কুলের পরিবেশ ছিল খুব কঠিন, ক্রিকেটও হতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। মানসিকতা তাই ছিল শক্ত। সে সময় দলের অনেক ক্রিকেটারই ছিল একই স্কুলের, এতেও কাজটা একটু সহজ হয়েছিল। সময়টা আসলেই কঠিন ছিল, তবে বোর্ড, সতীর্থরা আমাকে সর্বোচ্চ সমর্থন দিয়েছে। এ জন্যই ওই সময়টাকে আমরা পেছনে ফেলতে পেরেছি। জিম্বাবুয়ের ড্রেসিংরুমে সাবেক অধিনায়ক আছেন আপনি, টাইবু, মাসাকাদজা, এখন অধিনায়ক চিগুম্বুরা। সমস্যা হয় না কোনো?উতসেয়া: সমস্যা হবে কেন? এটা তো আরও সুবিধা। প্রয়োজনের সময় আমাদের অভিজ্ঞতা দিয়ে আমরা দলকে, এলটনকে সাহায্য করতে পারি। আন্তর্জাতিক ক্রিকেটে আপনার সেরা স্মৃতি?উতসেয়া: ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারানো। ওই দিনটাকে কখনোই ভুলব না। বাংলাদেশে তো অনেকবার এলেন, কেমন লাগে দেশটাকে?উতসেয়া: অসাধারণ। বাংলাদেশকে এখন আর বিদেশ মনে হয় না। সেদিন স্টানলিকে (ম্যাচ অ্যানালিস্ট) বলছিলাম, আগে এখানে এলে অসুখ করত, খাবারে সমস্যা হতো। এবার কিছুই হয়নি। ঢাকা-চট্টগ্রামের অনেক জায়গা আমার চেনা হয়ে গেছে। একা একা অনেক জায়গায় ঘুরেছি, গুলশানে পিৎজা খেতে গেছি অনেকবার। বাংলাদেশে সবচেয়ে বেশি কী ভালো লাগে?উতসেয়া: শপিং করতে। লোকজন খুব বন্ধুত্বপরায়ণ। মাঠে প্রচুর দর্শক হয় এবং সবাই খেলাটা বোঝে। এখানে এলেই আসলে বুঝতে পারি, ক্রিকেটাররা কত বড় তারকা। তামিম, সাকিবরা অনেক জনপ্রিয়। আমাদের দেশে ক্রিকেটাররা এতটা পাত্তা পায় না। কিছু বাংলা শব্দও নিশ্চয়ই ইতিমধ্যে শেখা হয়ে গেছে?উতসেয়া: খুব বেশি নয়। ‘ফিনিশ’ এর বাংলা শেষ, ‘ফ্রেন্ড’ মানে বনডু।