‘বাংলাদেশকে এগিয়ে রাখব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছুদিন পর পর যেন ছুটি নেন ক্রিকেট থেকে! অলক কাপালির আসলে দোষও নেই। শারীরিক সমস্যার কারণেই দূরে থাকতে হয় খেলা থেকে। তবে জাতীয় দলের এই ব্যাটসম্যান এখন নিজেকে খেলার মতো ফিট মনে করছেন শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে। দেশে ‘এ’ দলের খেলা শুরু হবে কাল। আপনি কোথাও নেই! কী অবস্থা আপনার?অলক কাপালি: সত্যি বলতে কি, শারীরিক কারণেই আমি একটু দূরে ছিলাম। এই সময়টাতে চিকিৎসা করিয়েছি। ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলেছি। খেলায় ফিরতে চান জানিয়ে নাকি বিসিবিকে চিঠি দিচ্ছেন?অলক: কাল-পরশুর মধ্যে দেব চিঠিটা। কয়েক দিন আগে প্রধান নির্বাচক আকরাম ভাইকে (আকরাম খান) ফোন করে জানিয়েছিলাম, আমি এখন খেলার মতো অবস্থায় আছি। উনি বলেছেন, চিঠি দিয়ে এটা বোর্ডকে জানাতে। সে জন্যই চিঠি দিচ্ছি। অনুশীলন শুরু করেছেন?অলক: সিলেটে বিসিবির কোচ ইমন ভাইয়ের সঙ্গে ফিটনেস নিয়ে কাজ করছি। অনেক দিন ধরেই করছি এটা। কারণ, এখন ফিটনেসটাই বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। রাজিন ভাই, তাপস দা-ও ফিটনেস ট্রেনিং করছেন। মাঝেমধ্যে এনাম আসে। প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ছিলেন। আইসিএলেও প্রমাণ করেছেন এ ধরনের ক্রিকেট আপনি ভালো খেলেন। টি-টোয়েন্টির এমন ভরা মৌসুমে দূরে থাকতে খারাপ লাগছে না?অলক: খারাপ তো লাগেই। ওয়ানডে আর টি-টোয়েন্টি ক্রিকেট আমি খারাপ খেলিনি। খেলা দেখলে মন খারাপ হয়ে যায়। মনে হয়, আমারও তো খেলার কথা ছিল। তবে কিছু করার নেই। শরীরের দিকেও দেখতে হবে। বিশ্বকাপে বাংলাদেশ কাল (আজ) প্রথম ম্যাচ খেলবে। কেমন সম্ভাবনা দেখছেন?অলক: নিউজিল্যান্ডের বিপক্ষে আমি বাংলাদেশকে এগিয়ে রাখব। আমাদের মূল অস্ত্র তিন বাঁহাতি স্পিনার। ওদের স্পিন দিয়ে আটকাতে হবে। বাংলাদেশের স্পিন অনেক দলের চেয়েই ভালো। বিশেষ করে, বাঁহাতি স্পিনের কথা বললে এখন বাংলাদেশের কথাই আগে আসে। তামিম ইকবাল ভালো শুরু এনে দিতে পারলে সাকিব, রাজ্জাক, সানিরা ম্যাচ ধরতে পারবে। যুবরাজের পারফরম্যান্সের পর নিশ্চয়ই তারা আরও বেশি অনুপ্রাণিত। আমাদের স্পিনাররা জায়গামতো বল ফেলতে পারলে যে কারও জন্যই খেলা কঠিন। ওয়ানডেতে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করার অভিজ্ঞতা আছে বাংলাদেশ দলের। কতটা কাজে লাগবে সেই প্রেরণা?অলক: মানসিকভাবে ওই স্মৃতি বাংলাদেশকে এগিয়ে রাখবে। তবে আমার মনে হয়, আমাদের চেয়ে এটা ওরাই (নিউজিল্যান্ড) বেশি মনে রাখবে। মার্টিন গাপটিলও দেখলাম এক সাক্ষাৎকারে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশের প্রসঙ্গ টেনেছে। গ্রুপে বাংলাদেশের আরেক প্রতিপক্ষ পাকিস্তানকে কীভাবে মূল্যায়ন করবেন?অলক: পাকিস্তান বিশ্বকাপের অন্যতম ফেবারিট দল। আমাদের মতো ওদেরও মূল অস্ত্র স্পিন। সাঈদ আজমলের ওপর ভরসা করে থাকবে দলটা। তবে ভারতের বিপক্ষে আফগানিস্তানের পারফরম্যান্স আবারও প্রমাণ করেছে, টি-টোয়েন্টিতে ছোট দল, বড় দল বলে কিছু নেই। এখানে সবাই উনিশ-বিশ।