এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবলের বাছাইপর্ব খেলতে ঢাকায় সৌদি আরব দল। বাছাইপর্ব পেরিয়ে চূড়ান্ত পর্বে যাওয়ার ব্যাপারে দারুণ আশাবাদী দলের কোচ খালেদ আল কুরুনি। কাল অনুশীলনে নিজের দল ছাড়াও বললেন সৌদি আরবের ফুটবল নিয়ে বাংলাদেশে তো এই প্রথম এলেন?খালেদ আল কুরুনি: হ্যাঁ। কেমন লাগছে ঢাকা?খালেদ: এখানকার পরিবেশ ভালোই লাগছে। তবে শহরটা মনে হয় বেশি কোলাহলপূর্ণ, এখানে যানজট বড্ড বেশি। অনুশীলনের মাঠ নিয়ে সৌদি আরব দলের শুরু থেকেই আপত্তি ছিল। এই মাঠ (কমলাপুর স্টেডিয়াম) নিয়ে কি সন্তুষ্ট?খালেদ: এ নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। এটা আমার ম্যানেজার বলবেন। তবুও কিছু বলুন...খালেদ: আমরা ফেডারেশনের কাছে চেয়েছিলাম একটা ভালো মানের মাঠ। এর আগে আমরা দুবাইয়ে অনুশীলন করে এসেছি। সেখানে মাঠ ছিল খুবই ভালো। কিন্তু এখানে সেই মানের কোনো মাঠই নেই। কিন্তু আপনাদের তো একেক দিন একেক মাঠে নিয়ে যাওয়া হচ্ছে? ব্রাদার্স, বুয়েট এবং এই স্টেডিয়ামের কোনটিকে বেশি ভালো বলবেন?খালেদ: বিশ্ববিদ্যালয়ের মাঠটিই (বুয়েট) তুলনামূলক ভালো। তবে এর আগে আমরা ইরাকে খেলতে গিয়েছিলাম। ইরাকের তুলনায় বাংলাদেশের মাঠ অনেক ভালো। বাংলাদেশের বিপক্ষে আজকের ম্যাচ নিয়ে কী ভাবনা আপনার?খালেদ: বাংলাদেশ ইরাকের কাছে ৬-০ গোলে হেরেছে। তাদেরও লক্ষ্য এশিয়ান কাপে কোয়ালিফাই করা। তাই আমি মনে করি, আমাদের জন্য কাজটা মোটেও সহজ হবে না। যেহেতু ওরা বড় ব্যবধানে হেরেছে, বাংলাদেশ তাই জয়ের জন্য ক্ষুধার্ত থাকবে। ওরাও চাইবে জিততে। নিকোলা ইলিয়েভস্কি শ্রদ্ধেয় কোচ। বাংলাদেশ দলকেও খাটো করে দেখছি না। তবে অবশ্যই চাইব, আমরা চূড়ান্ত পর্বে উঠি প্রতিপক্ষ হিসেবে ইরাককে কীভাবে দেখছেন?খালেদ: কোনো সন্দেহ নেই, ইরাক খুবই শক্তিশালী দল। ওদের খেলোয়াড়দের মধ্যে রয়েছে দারুণ বোঝাপড়া। ম্যাচে তারা কী করতে চায়, সেটা তারা ভালোমতোই জানে। আপনার দলের শক্তিশালী দিক কোনটি?খালেদ: আমার গোলরক্ষক আহমেদ আলি আল-হারাবি। ও খুবই ভালো ফুটবলার। আপনার কোচিং ক্যারিয়ার সম্পর্কে জানতে চাই।খালেদ: আমি ‘এ’ লাইসেন্সপ্রাপ্ত কোচ। এর আগে জুনিয়র (অনূর্ধ্ব-১৬) এবং অলিম্পিক দলের কোচের দায়িত্বে ছিলাম। কলম্বিয়ায় সর্বশেষ অনূর্ধ্ব-২০ দলের কোচেরও দায়িত্বে ছিলাম। জাতীয় দলে কি কখনো খেলেছেন?খালেদ: না, কখনো জাতীয় দলে খেলার সৌভাগ্য হয়নি। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে সৌদি আরব কোয়ালিফাই করতে পারেনি। কারণটা কী মনে হয়?খালেদ: আপনি হয়তো জানেন, আমরা চারবার বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলেছি। তবে এটা সত্যি, সম্প্রতি সৌদি ফুটবল দল খুব একটা ভালো করছে না। ভালো না করার অনেকগুলো কারণ থাকতে পারে। ভালো মানের সব খেলোয়াড় ইনজুরিতে রয়েছে। কোচেরও একটা বড় সমস্যা। তা ছাড়া বাছাইপর্বের শুরুতেই আমরা পয়েন্ট খুইয়ে ফেলি অনেক। তবে বর্তমানে কোচ ফ্রাঙ্ক রাইকার্ডকে নিয়ে আমরা আশাবাদী। আশা করি, ভবিষ্যতে আবারও বিশ্বকাপে খেলব। বাংলাদেশের ফুটবল সম্পর্কে কতটা জানেন?খালেদ: বাংলাদেশের ফুটবল সম্পর্কে খুব বেশি জানি না। শুনেছি, এখানে ক্রিকেট অনেক জনপ্রিয়। তবে এখানকার যে জিনিসটি আমার খুব ভালো লেগেছে, সেটা হলো দর্শক। এ দেশের দর্শক খুবই ভালো। সৌদি আরবের জনপ্রিয় খেলা কোনটি?খালেদ: আমাদের ওখানে ফুটবলই সবচেয়ে জনপ্রিয় খেলা।