‘বাংলাদেশকে বিদ্যুৎ দিতে ত্রিপুরার আপত্তি নেই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেছেন, ত্রিপুরায় নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ পেতে চাইলে বাংলাদেশ সরকারকে এ ব্যাপারে ভারত সরকারের সঙ্গে আলোচনা করতে হবে। তবে রাজ্য হিসেবে ত্রিপুরার কাছে কেন্দ্রীয় সরকার মতামত চাইলে এ ক্ষেত্রে ত্রিপুরা বাংলাদেশকে বিদ্যুৎ দেওয়ার ব্যাপারে মতামত দেবে। তিনি আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের এ কথা বলেন।বাংলাদেশে আসা এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অবদানের জন্য সম্মাননা নেওয়া নিয়ে তাঁর বিরুদ্ধে ভারতীয় পত্র-পত্রিকায় যে প্রচারণা চলছে, তাকে ‘রাজনৈতিক সংকীর্ণতা’ হিসেবে অভিহিত করেছেন তিনি। তিনি বলেন, বাংলাদেশে বসে ত্রিপুরার বিরোধী রাজনৈতিক দল সম্পর্কে কোনো মন্তব্য করা শোভন হবে না। তিস্তার পানিবণ্টন প্রসঙ্গে তিনি বলেন, ‘বিষয়টি অন্য একটি রাজ্যের অন্তর্গত। সে বিষয়ে আমার মতামত দেওয়া ঠিক নয়। তবে সম্প্রতি ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে আমিও উপস্থিত ছিলাম। তখন এ বিষয়ে একটি প্রত্যাশা তৈরি হয়েছিল। আমার ধারণা, কেন্দ্রীয় সরকার ও বাংলাদেশ সরকারের মধ্যে এ বিষয়ে সমাধানের একটি প্রক্রিয়া চলছে।’