হঠাৎ পাওয়া জয়কে তিনি বলেন ‘ফ্লুক’। পারফরম্যান্সের ধারাবাহিকতাই তাঁর কাছে সাফল্য। নিউজিল্যান্ডের বিপক্ষে টানা তিন ম্যাচ জিতে ওয়ানডে সিরিজটাও যখন এক ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশের, কিছুটা কি তৃপ্ত হলেন তিনি? তারেক মাহমুদকে দেওয়া সাক্ষাৎকারে সেসবই বলেছেন বাংলাদেশ দলের অস্ট্রেলিয়ান কোচ জেমি সিডন্স এক ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়। কেমন লাগছে?জেমি সিডন্স: খুবই ভালো লাগছে। আমি আত্মবিশ্বাসী ছিলাম যে সিরিজটা এবার ভালো যাবে। তবে এই ফলাফল অবশ্যই বিশেষ কিছু। জয়টা উদ্যাপন করলেন কীভাবে?সিডন্স: ড্রেসিংরুমে একটু সংক্ষেপেই ছেলেদের সঙ্গে জয় উদ্যাপন করেছি...সবাই মিলে দলীয় সংগীত গেয়েছি। এরপর বাসায় গিয়ে স্ত্রীর সঙ্গে রোস্ট আর রেড ওয়াইন দিয়ে ডিনার সারলাম। বলতে পারেন অনেকটা অন্যান্য রাতের মতোই...। ভালো খেলা তো আছেই। বাংলাদেশ দলের সাফল্যের পেছনে আর কী রহস্য লুকিয়ে?সিডন্স: খেলোয়াড়দের কঠোর পরিশ্রমই এই সাফল্য এনেছে। আমার বিশ্বাস, বিশ্বের মধ্যে আমরাই সবচেয়ে বেশি পরিশ্রম করা দল। বড় দলগুলোর কাছাকাছি যেতে এর বিকল্প নেই। ছেলেরা উন্নতি করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ এবং সে কারণেই এখন কিছু সাফল্যের মুখ দেখছে। সাফল্য কঠোর পরিশ্রম করলেই আসে। শেষ ওয়ানডেতে দলের লক্ষ্য কী হবে? ৪-০-তে সিরিজ জয়ের ব্যাপারে কতটা আশাবাদী আপনি?সিডন্স: টার্গেট সবকিছু মিলিয়েই একটা ভালো ম্যাচ খেলা। যেখানে কখনোই আমাদের খারাপ সময় আসবে না। এমন কোনো ভুল করা চলবে না যাতে প্রতিপক্ষ আমাদের পেয়ে বসে। শেষ ম্যাচটা জেতার সুযোগ তাতে বাড়বে। নিউজিল্যান্ড তো ব্যর্থতার কিছুটা দায় কন্ডিশনের ওপরও চাপাচ্ছে। প্রস্তুতি ম্যাচ না খেলার ব্যাপারটিও সামনে চলে আসছে এখন। আপনি কী বলেন?সিডন্স: কন্ডিশন তো এখানে খুবই ভালো এবং ভালো খেলোয়াড়েরা সব কন্ডিশনের সঙ্গেই মানিয়ে নিতে পারে। আমার মনে হয়, গরম একটা ব্যাপার হতে পারে, তবে উইকেট নিয়ে সমস্যা নেই। আর আন্তর্জাতিক ক্রিকেটে কোনো অজুহাত চলে না। আমি তো বলব, নিউজিল্যান্ড এখানে এমন একটা দলের কাছে হেরেছে যারা সিরিজে এখন পর্যন্ত তাদের চেয়ে ভালো ক্রিকেট খেলেছে। নিউজিল্যান্ডের পারফরম্যান্সকে কীভাবে মূল্যায়ন করবেন?সিডন্স: বাঁহাতি স্পিনারদের বিপক্ষে ওদের ব্যাটসম্যানরা ধুঁকতে থাকে—সিরিজ শুরুর আগেই আমরা এটা জানতাম। আমরা এই দুর্বলতাই কাজে লাগিয়েছি। হ্যাঁ, এবার কিছু সিনিয়র খেলোয়াড় দলে নেই। কিন্তু সে সমস্যা তো আমাদেরও আছে! বাংলাদেশ দলের যেভাবে উন্নতি করছে তাতে আপনি সন্তুষ্ট?সিডন্স: আমরা তিন বছর ধরেই উন্নতি করছি এবং সামনেও অনেক পথ পড়ে আছে। বিশ্বকাপের বাকি আর মাত্র ৪ মাস। এই অল্প সময়েই আমাদের কিছু সমস্যার সমাধান খুঁজতে হবে। সব সময়ই বলি, বড় দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা গড়ার মতো অবস্থায় যেতে আমাদের অনেক সময় লাগবে, এখনো তাই বলছি। দুই বছর আগের চেয়ে আমরা এখন অনেক ভালো দল হলেও দুর্বলতা দূর করার কাজটা চালিয়ে যেতে হবে। আরেকটা কথাও তো সব সময় বলেন...দলটা যেন কারও একার ওপর নির্ভরশীল হয়ে না পড়ে। সবাই মিলেই ভালো খেলতে হবে। এখন কি মনে হয় দল সে পথে যাচ্ছে?সিডন্স: আমার তো মনে হয় ম্যাচ জেতানোর ক্ষেত্রে আমরা এখনো আমাদের সেরা খেলোয়াড়দের ওপরই নির্ভর করছি। বিশ্বের অন্য দলগুলোও তাই। তবে আমাদের অন্য খেলোয়াড়েরা এখন নিজেদের অবস্থান থেকে এক ধাপ এগিয়ে এসে পারফর্ম করার চেষ্টা করছে। আগের চেয়ে আমরা অবশ্যই এখন আরও বেশি ধারাবাহিক এবং এটা দলীয় প্রচেষ্টার জোরেই সম্ভব হয়েছে। মাশরাফি, তামিম ও আশরাফুলকে ছাড়া আমরা টানা তিন ম্যাচ জিতেছি। দলে যে অনেক প্রতিভা আছে, এটা তারই প্রমাণ। একটা সিরিজ জয়ই নিশ্চয়ই সবকিছু নয়। সত্যিকারের বড় দল হয়ে উঠতে হলে আর কী করতে হবে বাংলাদেশকে?সিডন্স: আমাদের দলটাকে এখন অন্য সব দলেরই সমীহ করা উচিত। আমার বিশ্বাস, তারা সেটা করেও। বাংলাদেশে এসে কোনো দলের পক্ষেই এখন আর সেরা খেলা না খেলে উপায় নেই। কেউ যদি সেটা না খেলে, তারা হারবে। তবে নিজেদের আরও এক ধাপ ওপরের দল বলার আগে অবশ্যই দুই-তিনটা জায়গায় কাজ করার আছে। সাকিব আল হাসানকে কেমন দেখছেন। দিনে দিনে তো নিজেকেই ছাড়িয়ে যাচ্ছেন তিনি...সিডন্স: আন্তর্জাতিক ওয়ানডেতে এই মুহূর্তে সাকিবই সম্ভবত সবচেয়ে দামি ক্রিকেটার—এরপর কি আর কিছু বলার দরকার আছে? ব্যাট-বল দুটো দিয়েই ও প্রতিপক্ষের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে আনতে পারে। একটু স্পিনিং উইকেট হলেই তার ১০ ওভারে সেরা দলেরও নাভিশ্বাস উঠবে। এরপর হয়তো ব্যাট হাতে একটা সেঞ্চুরিও করে বসবে। আর কোনো দলেই এমন ক্রিকেটার নেই! পরিশ্রমের ফল পেতে শুরু করেছেন। বাংলাদেশ দলের কোচের চাকরিটা নিশ্চয়ই আরও উপভোগ্য হয়ে উঠছে এখন...সিডন্স: বাংলাদেশে যেদিন প্রথম এলাম, সেদিন থেকেই এখানকার চ্যালেঞ্জ উপভোগ করছি। দলটার ওপর আমার প্রচণ্ড আস্থা এবং যখনই দেখি ওরা পরিশ্রমের সুফল পাচ্ছে, আমার ভালো লাগে। আমি জানি, এই ছেলেরা ২৬-২৭ বছর বয়সে যাওয়ার আগে সামর্থ্যের সবটুকু দেখাতে পারবে না। বাংলাদেশ দলের অংশ হয়ে আরও দুই-তিন বছর থাকতে পারলে তাই আমারও ভালো লাগবে। তবে সেটা তো আর আমার হাতে নয়। আমি পেশাদার কোচ এবং আগামী বিশ্বকাপ পর্যন্তই আমার চুক্তি। আমার সম্পূর্ণ মনোযোগও এখনো সেদিকেই।