‘বাংলাদেশে জিততেই যাব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বি’ গ্রুপ থেকে সবার আগে কোয়ার্টার ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। গ্রায়েম স্মিথের চোখেমুখে ‘মৃত্যুকূপ’ পেরোনোর স্বস্তি। ভারতের একটি পত্রিকার কাছে সেই অনুভূতিই যেন ব্যক্ত করলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়ার পরের অনুভূতিটা কেমন?গ্রায়েম স্মিথ: অসাধারণ অনুভূতি...। কোয়ার্টার ফাইনালে ওঠাটা দারুণ এক ব্যাপার। আমাদের ‘বি’ গ্রুপের অবস্থাটা উত্তেজনায় ভরা। এই অবস্থা থেকে বের হয়ে আসতে পারাটা সত্যিই অসাধারণ। এখন আমাদের আর চিন্তা নেই। বাংলাদেশের বিপক্ষে একটা ম্যাচ আছে আমাদের। ওই ম্যাচে নিজেদের সেরাটা দিতে চেষ্টা করব। আমরা ওই ম্যাচে সম্ভবত বসে থাকা খেলোয়াড় খেলাব। কোয়ার্টার ফাইনালে নির্দিষ্ট কোনো দলকে চাচ্ছেন?স্মিথ: আমরা বাংলাদেশের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটায় ভালো খেলতে চাই। কোয়ার্টার ফাইনালে কোন দলের মুখোমুখি হব, এ নিয়ে আপাতত ভাবছি না। কোয়ার্টারে কোন দলকে পেলাম, এটা আসলে কোনো ব্যাপারও নয়। টুর্নামেন্টটাকে আমরা সব সময়ই অননুমানযোগ্য ধরে নিচ্ছি। সেরা দলগুলোই কোয়ার্টার ফাইনালে উঠবে। নির্দিষ্ট পরিকল্পনা তো থাকবেই। তবে গুরুত্বপূর্ণ হচ্ছে, আমরা ভালো খেলছি। আপনাদের লোয়ার মিডল অর্ডার ভালো করছে। দলকে পার করে নিচ্ছে...স্মিথ: হ্যাঁ। এটাকে আমি ইতিবাচক হিসেবে দেখছি। আজ (গত পরশু) কিছু বাজে শট খেলে আমরা নিজেদের সমস্যায় ফেলে দিয়েছি। তবে ভালো লেগেছে, অন্যরা দায়িত্ব নিয়ে খেলে পরিস্থিতি সামাল দিয়েছে। ডুমিনি (জেপি ডুমিনি) দারুণ খেলেছে এবং কলিন (কলিন ইনগ্রাম) ওকে ভালো সঙ্গ দিয়েছে। এটাকে ইতিবাচক হিসেবে দেখতেই ভালো লাগছে আমার। গুরুত্বপূর্ণ সময়ে অন্য সব দলের চেয়ে কি আপনার দলই বেশি ভালো করছে?স্মিথ: আমরা এটা ভেবেই এসেছি যে ব্যাটিং ও বোলিংয়ের শেষ ১৫ ওভার এবং পাওয়ার প্লে এই বিশ্বকাপে গুরুত্বপূর্ণ হবে। আমাদের সৌভাগ্য, উইকেট তুলে নিতে পারে এমন কিছু বোলার পেয়েছি আমরা। তবে কিছু জায়গায় আরও উন্নতি করতে হবে। একটা ব্যাপার ভালো হয়েছে, কোয়ার্টার ফাইনালে ওঠা নিয়ে আমাদের আর চিন্তা নেই। তবু বাংলাদেশে আমরা জিততেই যাব। জেতাটা অভ্যাসের ব্যাপার এবং আমরা এই অভ্যাসটা ধরে রাখতে চাই। আপনার দলে সবাই কমবেশি অবদান রাখছেন। এ নিয়ে কিছু বলুন...স্মিথ: দলের সবাই যখন কোনো না কোনোভাবে অবদান রাখবে, তখন এটা দারুণ ব্যাপার। গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, দলের সবাই ভালো খেলার জন্য মরিয়া। প্রতিটি ম্যাচেই আমাদের কিছু জায়গায় উন্নতি করার থাকে। সব সময়ই আমরা সেরা খেলাটা খেলতে চেষ্টা করি। বড় ব্যাপার হচ্ছে, খেলোয়াড়েরা সবাই গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে সাড়া দিচ্ছে। আয়ারল্যান্ডের বিপক্ষে নিরাপদ স্কোর কত হতে পারে ভেবেছিলেন?স্মিথ: আমি ঠিক নিশ্চিত ছিলাম না। আউটফিল্ড খুব দ্রুত ছিল। উইকেটও প্রথাগত ইডেনের উইকেটের মতো ছিল না। বল উঁচু-নিচু হচ্ছিল। শেষের দিকে শিশিরের ঝামেলা হতে পারে বলেও মনে করেছিলাম। সবকিছু মাথায় রেখে ২৫০-কেই মনে হচ্ছিল ভালো সংগ্রহ। ডেল স্টেইন বোলিং করলেন মাত্র ৪ ওভার...স্মিথ: ওর পেশিতে ব্যথা হচ্ছিল। তবে খুব সিরিয়াস কিছু নয়। পরের ম্যাচে অবশ্যই ওকে বিশ্রাম দেওয়ার কথা ভাবব আমরা। আপনার নিজের ফর্ম নিয়ে কী বলবেন?স্মিথ: কোয়ার্টার ফাইনালে উঠে গেছি। এবার কিছু রান পেতে চাই। উইকেটে বেশিক্ষণ থাকতে হবে আমাকে। আশা করছি, বাংলাদেশের বিপক্ষেই হয়ে যাবে। ইডেনের অভিজ্ঞতা কেমন হলো?স্মিথ: সম্ভবত বিশ্বের সবচেয়ে বড় মাঠ এটা। রোমাঞ্চকর অনেক ম্যাচ এখানে হয়েছে। একজন খেলোয়াড় হিসেবে এত দর্শকের সামনে অবশ্যই খেলতে চাইবেন আপনি। অনেকটা লর্ডস বা এমসিজিতে খেলার মতো। প্রত্যেক খেলোয়াড়ই এই অভিজ্ঞতাটা নিতে চায়।