ব্রিটেনের প্রভাবশালী সাময়িকী দ্য ইকনমিস্ট আবারও বাংলাদেশ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনের শিরোনাম ‘দ্য পয়জনাস পলিটিক্স অব বাংলাদেশ: রিভারশন টু টাইপ’। প্রতিবেদনটি কাল শনিবার সাময়িকীতে ছাপা হবে। তবে গতকাল বৃহস্পতিবারই এই প্রতিবেদনটি পত্রিকার অনলাইন সংস্করণে প্রকাশ করা হয়।প্রতিবেদনে বাংলাদেশের রাজনীতির কঠোর সমালোচনা করা হলেও দেশের অর্থনীতি নিয়ে ইতিবাচক মন্তব্য করা হয়েছে। বলা হয়েছে, আগের যেকোনো সময়ের চেয়ে দেশটির অর্থনীতির চাকা এখন সচল। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের রাজনীতি এখনো ব্যক্তি-পর্যায়ে এবং কলুষিত রয়ে গেছে।বিষাক্ত রাজনীতির কথা বলতে গিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৮ সালের নির্বাচনটি ছিল বাংলাদেশের জন্য এক যুগসন্ধিক্ষণ। চার দশকের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু ও অবাধ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে ক্ষমতায় আসে। ওই বিজয়ের পর জাতি আশার আলো দেখেছিল। মানুষের আশা ছিল, শেখ হাসিনা তাঁর দলের জনপ্রিয়তা কাজে লাগিয়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করার পাশাপাশি জাতীয় ঐক্য গড়ে তুলবেন। দেশের রাজনীতির প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপির মধ্যকার এক অপরের প্রতি বিরূপ আচরণেরও অবসান ঘটবে। কিন্তু মানুষের এই আশা অল্প দিনেই ভঙ্গ হয়। নির্বাচনের আড়াই বছরের মধ্যেই ফুটে ওঠে বাংলাদেশের রাজনীতির সেই পুরোনো চিত্র। শুরু হয় অতীতের মতো বিরোধী দলের প্রতি বিরূপ আচরণ। এই সপ্তাহেই বিএনপির চেয়ারপারসন ও দেশটির বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলা করা হয়েছে। খালেদা জিয়ার নির্বাসিত ছেলে তারেক রহমানের বিরুদ্ধেও জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খালেদা জিয়াও একটি দুর্নীতিগ্রস্ত সরকারের নেতৃত্ব দিয়েছেন। ওই সময় চাঁদাবাজি ও হত্যার ষড়যন্ত্রসহ শেখ হাসিনার নামে ১৩টি মামলা করা হয়েছিল। প্রতিবেদনে বলা হয়েছে, এই দুই পরিবার ক্ষমতায় এলেই একে-অপরের প্রতি প্রতিহিংসায় লিপ্ত হয়। প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৭৫ সালে নিহত বাংলাদেশের স্বাধীনতার স্থপতি ও সাবেক রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের মেয়ে। খালেদা জিয়াও ১৯৮১ সালে নিহত আরেক সাবেক রাষ্ট্রপতির স্ত্রী। বিএনপি সংসদ বর্জন করে রাজপথকে বেছে নিয়েছে। আওয়ামী লীগও তাদের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। ইকনমিস্ট তার প্রতিবেদনে বলেছে, গত জুনে সরকার সংবিধান সংশোধন করে বড় সমস্যার বাধিয়েছে। গত বছর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপক্ষে যেমন করেছিলেন। সংসদীয় গণতন্ত্রকে কাজে লাগিয়ে শেখ হাসিনাও তেমনটি করেছেন। এই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার-ব্যবস্থা বাতিল করা হয়েছে। এখন আগামীতে নতুন ব্যবস্থায় যে নির্বাচন হবে সেই নির্বাচনে বিএনপি যাবে কি না, তা এখনও নিশ্চিত নয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থাহীনতার কারণেই তত্ত্বাবধায়ক সরকার-ব্যবস্থা চালু করা হয়েছিল। ইকনমিস্টের প্রতিবেদনে আরও বলেছে, দেশটির স্বাধীনতার সময়ে নৃশংস হত্যাকাণ্ডের বিচার শুরু হয়েছে। এ বিষয়টি নিয়ে দুই দলের মধ্যে মতপার্থক্য রয়েছে। এ মাসে আসামি পক্ষের এক ব্রিটিশ আইনজীবীকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ১৬ কোটি মানুষের বেশির ভাগই দরিদ্র। সরকার মোটামুটি জনপ্রিয়। অর্থনীতিও অনেক গতিশীল। তৈরি পোশাক রপ্তানি করে দেশটি প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে। চীন এবং পার্শ্ববর্তী ভারতের তুলনায় বাংলাদেশের অর্থনীতি সঠিক পথেই এগোচ্ছে বলে প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং আগামী মাসে বাংলাদেশ সফরে যাবেন। ওই সফরে বাংলাদেশের সঙ্গে ভারতের কয়েকটি চুক্তি সই হবে। মনমোহনের এ সফর সম্পর্কে ইকনমিস্ট বলছে, একটি দলের সঙ্গে না হয়ে দেশের সঙ্গে সম্পর্ক হলে ভালো হতো। এর আগে ইকনমিস্টে প্রকাশিত বাংলাদেশ সম্পর্কে একটি প্রতিবেদনের রেশ কাটতে না কাটতেই এ প্রতিবেদন প্রকাশ হলো।