‘বাংলাদেশের জন্য ভালোই হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব নিতে ঢাকায় এসেছেন হল্যান্ডের কোচ লোডভিক ডি ক্রুইফ। লোডভিকের একসময়ের শিষ্য গত দুই মৌসুমে ঢাকার ফুটবলের পরিচিত মুখ উদে ডেমিয়েন সিগোজি। নাইজেরিয়ার হার্টল্যান্ড ক্লাবে ক্রুইফের কোচিংয়ে খেলা মোহামেডানের মিডফিল্ডার কথা বললেন সাবেক কোচের কৌশল, ফুটবল-দর্শন ও অন্যান্য প্রসঙ্গে  আপনার সাবেক কোচ লোডভিক ডি ক্রুইফ তো এখন ঢাকায়, জানেন সেটা?উদে ডেমিয়েন সিগোজি: খবরটা আমি পত্রিকা পড়ে জেনেছি। উনি বাংলাদেশের ফুটবলের দায়িত্ব নিতে এসেছেন—এটা জানার পর থেকে খুব ভালো লাগছে।  আপনি হার্টল্যান্ডে তাঁকে কতটা সময় পেয়েছিলেন? ডেমিয়েন: আমি এক মৌসুম হার্টল্যান্ডে খেলেছি। সেটা ২০১১ সালের কথা। নাইজেরিয়ান এফএ কাপে আমরা সেবার চ্যাম্পিয়ন হয়েছিলাম। লোডভিক দেড় বছরের বেশি নাইজেরিয়ায় কাজ করেছিলেন।  কোচের কোন দিকগুলো আপনার বেশি ভালো লাগত?ডেমিয়েন: প্রথমেই বলব, উনি খুব ভালোমানের একজন কোচ। পুরোদস্তর পেশাদার। খুবই ডিসিপ্লিনড। যেকোনো দেশের জাতীয় দলের কোচ হওয়ার মতো যোগ্যতা উনার আছে। ক্রুইফ সব সময় আক্রমণাত্মক কৌশলে খেলাতেন। বলতে পারেন, তাঁর কোচিং দর্শনটাই হচ্ছে ‘টোটাল ফুটবল’। আমাদের খুব অনুপ্রেরণা জোগাতেন। বলতেন এটা করো, ওটা করো। আর ম্যাচশেষে সবকিছু ভালোমতো বিশ্লেষণ করে ভুলগুলো ধরিয়ে দিতেন। গত বছর তো ক্রুইফ আফ্রিকার সেরা কোচও হয়েছিলেন।  ঢাকায় আসার পর তাঁর সঙ্গে কি কোনো কথা হয়েছে? ডেমিয়েন: না, এখনো হয়নি। শুনলাম, কাল (আজ) মাঠে আসবেন খেলা দেখতে। দেখি, তখন উনার সঙ্গে দেখা করতে পারি কি না।  কোচের সঙ্গে আপনার বিশেষ কোনো স্মৃতি কি মনে পড়ে?ডেমিয়েন: অনেক স্মৃতি। কোনটা রেখে কোনটা বলব? ধরুন, আমি যদি খারাপ খেলতাম বা দল হারত, তাহলে কোথায় ভুল ছিল সেটা খুব ভালোভাবে বুঝিয়ে দিতেন। বিশেষ করে, আমার সঙ্গে এমনভাবে কথা বলতেন যেন মনে হতো উনি আমার বাবা। আমাদের সম্পর্কটাও বলতে পারেন বাবা-ছেলের মতোই ছিল। ম্যাচ শেষে কাছে এসে বলতেন, তুমি আজ তোমার সামর্থ্য অনুযায়ী খেলতে পারোনি। তোমার সমস্যাটা কোথায়? তোমার যদি কোনো সমস্যা থেকেই থাকে, সেটা আমাকে নিঃসঙ্কোচে বলো। উনি শুধু একজন ভালো কোচই নন, একজন ভালো মানুষও।  ঢাকায় এত দিন ধরে খেলছেন। তা বাংলাদেশের খেলোয়াড়দের সম্পর্কে ক্রুইফ কোনো ধারণা চাইলে কী বলবেন?ডেমিয়েন: আমি বলব অন্তত ভারতের চেয়ে এখানে লিগের মান অনেক ভালো। এখানে অনেক ভালোমানের খেলোয়াড় আছে। মাঝ মাঠে মামুন খুব ভালো খেলে। সোহাগ, মারুফ, মুন্না, মানিক ওরাও ভালো। ফরোয়ার্ড হিসেবে এমিলি, মিঠুন ও ওয়াহেদও ভালো।  আপনার কথা শুনে মনে হচ্ছে, ক্রুইফ দায়িত্ব নিলে বাংলাদেশের ফুটবলের জন্য ভালোই হবে...ডেমিয়েন: আমারও তাই আশা। আমার তো মনে হয়, বাংলাদেশ জাতীয় দল তাঁর অধীনে অনেক উন্নতি করবে। আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, উনি যেভাবে অনুশীলন করান, সেটা বাংলাদেশের খেলোয়াড়দের পছন্দ হবেই। তাঁর কাছ থেকে তারা দ্রুত অনেক কিছু শিখে নিতে পারবে। বাংলাদেশের জন্য ভালই হবে।