বিশ্বকাপে ৫৮-র ম্যাচে তিনি ছিলেন বাংলাদেশের সর্বোচ্চ স্কোরার। কাল প্রতিশোধের ম্যাচে তিনি শত মাইল দূরে, রাজশাহীতে জাতীয় লিগের ম্যাচ খেলছিলেন ঢাকা মেট্রোপলিশের বিপক্ষে। ৫৮-র ক্ষতে প্রলেপ দেওয়ার স্বস্তি আছে, তবে জুনায়েদ সিদ্দিকের কাছে বাংলাদেশের জয়টাই বেশি গুরুত্বপূর্ণ ওয়েস্ট ইন্ডিজকে ৬১ রানে গুটিয়ে দেওয়ার খবরটা কখন শুনলেন?জুনায়েদ সিদ্দিক: খেলার মাঝপথেই শুনেছি। মনটা তখন থেকেই খুব ভালো। বৃষ্টির জন্য খেলা আগেভাগে শেষ হওয়ার পর বাংলাদেশের ব্যাটিংয়ের শেষটা দেখেছি। অসাধারণ পারফরম্যান্স, দারুণ এক জয়। আর চট্টগ্রাম তো সব সময়ই আমাদের জন্য লাকি ভেন্যু। দলের বাইরে থাকলেও এমন একটা জয় নিশ্চয়ই আপনাকেও নাড়া দিয়েছে?জুনায়েদ: অবশ্যই, দলে থাকি আর না থাকি, দলটা তো আমাদেরই। খুব ভালো লাগছে। সত্যি বলতে, পুরো সিরিজেই দল দারুণ খেলেছে। টি-টোয়েন্টি জয়, প্রথম ওয়ানডেটাও খারাপ হয়নি। দ্বিতীয় ওয়ানডেটা খুব একটা ভালো যায়নি, কিন্তু আজ দারুণ জয় এল। সব মিলিয়ে আমি বলব, দল খুব ভালো করছে। ৫৮-র যন্ত্রণাটাও তো এবার ঘুচবে?জুনায়েদ: আমার কাছে কিন্তু জয়টাই বেশি গুরুত্বপূর্ণ। কত রানে বা কত উইকেটে জিতলাম, কীভাবে জিতলাম—এসব পরের ব্যাপার। বাংলাদেশের জয়টাই আসল, প্রতিটি জয়ই অসাধারণ একেকটা মুহূর্ত। তবে এটাও ঠিক, ৫৮-র কষ্ট খানিকটা হলেও ঘুচবে। ওই ইতিহাস পাল্টে দেওয়ার উপায় তো আর নেই, তবে আমরাও এমন কিছু করেছি—এই স্বস্তিটা এখন থাকবে। সবচেয়ে বড় কথা, এমন একটা জয় দলের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেবে। বিশ্বকাপের ওই ম্যাচে সর্বোচ্চ ২৫ রান করেছিলেন আপনিই। আউট হওয়ার আগ পর্যন্ত খেলছিলেনও দারুণ। আপনি আউট হওয়ার পরপরই ইনিংসে মড়ক লাগল। ওই মুহূর্তে কেমন লাগছিল, মনে পড়ে?জুনায়েদ: হ্যাঁ...আমি কেমার রোচের বলে এলবিডব্লু হয়েছিলাম। ৫৮তে অলআউট হলে কী আর ভালো লাগে! খুব কষ্ট লাগছিল। সবচেয়ে বড় কষ্ট ছিল বিশ্বকাপের ম্যাচ বলে। অন্য কোনো টুর্নামেন্ট বা সিরিজে হলে হয়তো খানিকটা কম খারাপ লাগত। ক্রিকেটে তো কত কিছুই হয়। কিন্তু দেশের মাটিতে বিশ্বকাপ, অনেকটা জাতীয় উৎসবের মতো ছিল। মানুষের উৎসাহ, আগ্রহ, প্রত্যাশা অনেক বেশি ছিল। এ জন্যই বেশি খারাপ লাগছিল। পরেও তো অনেকবার আপনাদের ৫৮-র কথা শুনতে হয়েছে, এবার তবে জবাব দেওয়ার মতো কিছু পেলেন?জুনায়েদ: জবাব দেওয়ার কোনো ব্যাপার নেই। ওই দিন পারিনি, ওটা আমাদের ব্যর্থতা ছিল। আমরা কষ্টও পেয়েছি অনেক। তবে কালকের ম্যাচটা অবশ্যই সবাইকে বড় একটা স্বস্তি দেবে। মুশফিক দলকে দারুণভাবে নেতৃত্ব দিচ্ছে। খুব ভালো অধিনায়ক ও। ওর এবং দলের জন্য আমার অনেক শুভকামনা থাকল। আশা করি দল আরও ভালো করবে, আরও সামনে এগিয়ে যাবে। এই এগিয়ে যাওয়ায় নিশ্চয়ই আপনিও সঙ্গী হতে চান? জুনায়েদ: অবশ্যই চাই। কঠোর পরিশ্রম করছি দলে ফেরার জন্য। শুধু পরিশ্রম করলেই তো হবে না, জায়গামতো পারফর্মও করতে হবে। আমার মনোযোগ এখন সেদিকেই। যদি পরিশ্রম করে যাই আর ভালো পারফর্ম করতে পারি, ইনশাল্লাহ ভালো কিছু হবে।