অস্ট্রেলিয়ার হয়ে ১৬৮ ওয়ানডেতে ৪৪.৬১ গড়ে ৬০৬৮ রান, ছিলেন তাঁর সময়ের অন্যতম সেরা ওয়ানডে ব্যাটসম্যান। ৫২ টেস্টে ৪৬.৫৫ গড়ে ৩৬৩১ রান। পরে ধারাভাষ্যকার হিসেবে জনপ্রিয়তা পেয়েছেন, বিতর্কও ছড়িয়েছেন। বাংলাদেশে এসেছেন বিপিএলের দল চট্টগ্রাম কিংসের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে। ডিন জোন্স বললেন বিপিএল ও অস্ট্রেলিয়ান ক্রিকেটের পুনর্জাগরণ নিয়ে চট্টগ্রাম কিংসের সঙ্গে কাজ করতে আগ্রহী হলেন কেন? ডিন জোনস: কোচিংয়ে জড়ানোর ইচ্ছা আমার সব সময়ই ছিল। মাঝে ধারাভাষ্য ও সংবাদমাধ্যমের কাজটাও উপভোগ করেছি। তবে কোচিংটাকেই আমার বেশি চ্যালেঞ্জিং মনে হয়। চট্টগ্রাম কিংস আমাকে একটা সুযোগ করে দিয়েছে। আশা করি, এ আস্থার প্রতিদান দিতে পারব। দলে হেড কোচ, ব্যাটিং কোচের বাইরে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে আপনার কাজটা কী হবে?জোন্স: আমার মূল কাজ কোচদের সাহায্য করা। খালেদ আছে (খালেদ মাহমুদ), ব্যাটিং কোচ হিসেবে আছে মাইকেল বেভান...দারুণ সব সহকর্মী পেয়েছি আমি। বাংলাদেশের ছেলেদের সঙ্গে যোগাযোগ করাটাও একটা বড় কাজ। পরিকল্পনা করা, সব মিলিয়ে সবকিছু দেখভাল করা আমার দায়িত্ব। প্রস্তুতির জন্য সময় তো খুব কম পেয়েছেন, এটুকু কি যথেষ্ট?জোন্স: যা আমাদের হাতে নেই, তা নিয়ে ভেবে লাভ নেই। বিভিন্ন পরিস্থিতির সঙ্গে আমাদের মানিয়ে নিতে হয়। এই যেমন জানতে পারলাম লেল্ডল সিমন্স ও শোয়েব মালিককে আমরা পাচ্ছি না। পরিবর্ত খেলোয়াড় না পাওয়া পর্যন্ত যা আছে তা-ই নিয়েই আমাদের লড়তে হবে। ১০ তারিখ সকালেও আমাদের দু-একজন ক্রিকেটার আসবে। বিপিএল থেকে বাংলাদেশের ক্রিকেট কতটা উপকৃত হবে?জোন্স: সবচেয়ে ভালো দিকটা হলো, বাংলাদেশের ছেলেরা মুরালি, ব্রাভোদের সঙ্গে একই ড্রেসিংরুমে থাকবে। দুর্ভাগ্যজনকভাবে শোয়েব মালিককে আমরা পাচ্ছি না। তার পরও যারা আছে, ওদের পাশাপাশি খেলবে বাংলাদেশের তরুণেরা, শিখবে অনেক কিছু। আমার মনে হয়, বাংলাদেশের জন্য এর চেয়ে ভালো সময়ে এটা আর হতে পারত না। বাংলাদেশের তরুণেরা এবার আলোয় আসবে, চাপের সঙ্গে মানিয়ে নিতে শিখবে। নিজেদের সামর্থ্য সত্যিকার অর্থে যাচাই করতে পারবে। তামিমের মতো তরুণেরা আরও সমৃদ্ধ হবে। মাহমুদউল্লাহর কথা ভাবুন? মাত্র ২৫ বছর বয়সে দলকে নেতৃত্ব দেবে। ভেবে দেখুন, ওর জন্য এটা কত বড় সুযোগ! বাংলাদেশের ক্রিকেটকে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে গতানুগতিকতার বাইরে কিছু একটা প্রয়োজন ছিল, এই টুর্নামেন্ট হয়তো সেই কাজটাই করবে। ৭২ স্ট্রাইক রেট নিয়ে আপনার সময়ের সবচেয়ে কার্যকর ব্যাটসম্যানদের একজন ছিলেন আপনি, এখন ওয়ানডেতে ৮০ কিংবা টি-টোয়েন্টিতে ১২০ স্ট্রাইক রেটও অনেক সময় যথেষ্ট নয়। এই বিবর্তনকে কীভাবে দেখেন?জোন্স: আমি বিবর্তনটাকে দেখি সময়ের দাবি মেনে নেওয়া হিসেবে। বাস্তবতা হলো টি-টোয়েন্টির আগমন ও প্রসারে ৫০ ওভারের ক্রিকেট কিছুটা হলেও বিবর্ণ হয়েছে। টি-টোয়েন্টিরও এখন বিশ্বকাপ আছে। আর সবাই বিশ্বকাপ জিততে চায়, সেটা ৫০ ওভারের হোক আর টি-টোয়েন্টি। সংস্করণ যা-ই হোক, সেরা হওয়ার লক্ষ্য সব দলেরই থাকে। আর খেলাটাকে সামনে এগিয়ে নিতে অর্থের প্রয়োজন অবশ্যই আছে। টি-টোয়েন্টি সেই অর্থের জোগান দিতে পারে। অস্ট্রেলিয়ান ক্রিকেট তো পুনর্জাগরণের পথে। অ্যাশেজের পর আগার্স রিভিউয়ের ভিত্তিতে নেওয়া ব্যবস্থাগুলো ভালোই কার্যকর হয়েছে...জোন্স: সত্যের মুখোমুখি হওয়ার প্রয়োজন ছিল আমাদের, গভীরভাবে ভাবা উচিত ছিল দেশের ক্রিকেট কোন পথে যাচ্ছে। যে ধারায় ও যে পদ্ধতিতে ক্রিকেট চলে আসছে, যারা চালাচ্ছে, তারা ঠিক পথে আছে কিনা এসবের পর্যালোচনার প্রয়োজন ছিল। আর্গাস রিভিউয়ে এই বিষয়গুলোই এসেছে, সে অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হয়েছে। ফলাফলটা হাতেনাতেই দেখতে পাচ্ছি। আমি বলব না এখনো আমরা পারফেক্ট হয়ে গেছি, তবে সেই পথে আছি ভালোমতোই। অধিনায়ক মাইকেল ক্লার্ককে কেমন দেখছেন? জোন্স: আমি সব সময়ই ক্লার্কের বড় এক ভক্ত ও সমর্থক ছিলাম। ওর সবচেয়ে বড় সম্পদ আত্মবিশ্বাস। দেখুন, অধিনায়ক হওয়ার পর কী ফর্মেই না আছে! ওর এই আত্মবিশ্বাস ও পুরো দলেই ছড়িয়ে দিতে পেরেছে। সবচেয়ে বড় কথা, দলে ফুরফুরে একটা পরিবেশ এনেছে। এটার প্রয়োজন ছিল।