ম্যাচের পর মাঠের একপাশে এসে শুয়ে পড়লেন। শুয়ে শুয়েই কথা বললেন হতাশাচ্ছন্ন লরেঞ্জ নেফ। আবাহনীর কাছে টাইব্রেকারে হেরে ক্লাব কাপ হকির সেমিফাইনালেই বিদায় নিয়েছে মোহামেডান। সাদা-কালোর ছয় ফুট পাঁচ ইঞ্চি লম্বা দীর্ঘকায় জার্মান গোলরক্ষকের দুঃখটা আর সবার চেয়ে বেশিই। তবে বাংলাদেশের হকিতে প্রথম ইউরোপিয়ান খেলোয়াড় এখানকার সবকিছু দেখে মুগ্ধ খুব হতাশ দেখাচ্ছে আপনাকে...লরেঞ্জ নেফ: আমি অনেক হতাশ। ভাবিনি হেরে যাব। এখনো আমার বিশ্বাসই হচ্ছে না। বাংলাদেশের হকিতে এর আগে ইউরোপীয় কোনো খেলোয়াড় আসেনি। আপনি কীভাবে এলেন?লরেঞ্জ: মিউনিখে আমার ক্লাব রেড হোয়াইটে খেলে বাংলাদেশের তিন খেলোয়াড় বিপ্লব, চয়ন ও পিন্টু। ওদের মাধ্যমে বাংলাদেশ সম্পর্কে টুকটাক জানা। তা ছাড়া কোচ পিটার গেরহার্ডও আমাকে চেনে। মোহামেডান একজন গোলরক্ষক খুঁজছিল, আমিও রাজি হয়ে গেলাম। এখানে এসে কেমন দেখছেন? ইউরোপের হকির সঙ্গে এখানকার হকির পার্থক্য নিশ্চয়ই চোখে পড়েছে?লরেঞ্জ: কিছু পার্থক্য তো আছেই। ইউরোপে পাওয়ার হকি, এখানে পাওয়ারটা একটু কম। তবে স্কিলে কোনো ঘাটতি নেই। আর মোহামেডান ক্লাব তো অসাধারণ। সবাই খুব সহযোগিতা করছে। স্টেডিয়ামটাও আমার খুব পছন্দ হয়েছে। আবাহনী-মোহামেডান ম্যাচ নিয়ে আগের উত্তাপ নেই। তবু আজ এই ম্যাচের উত্তাপ আপনার গায়ে কতটা লেগেছিল ম্যাচের আগে?লরেঞ্জ: আবাহনী-মোহামেডান নিয়ে পুরোনো দিনের কথা আমি শুনেছি। আজ মাঠে এসেও তা টের পেলাম। কিছু লোক এসেছে। মাঠে ঢুকেই আমার দারুণ লেগেছে। বাংলাদেশে খেলতে পারা আমার জন্য বিশেষ একটা অভিজ্ঞতা। আপনার নিজের কথা বলুন। গোলরক্ষক হলেন কীভাবে?লরেঞ্জ: চার-পাঁচ বছর ধরে আমি পিয়ানো শিখি। তখন বাবা-মা বলত, আমি যেন খেলাধুলাও করি। পাড়ায় হকির মাঠ আছে। তাই পাঁচ বছর বয়সেই হকি খেলতে শুরু করি। প্রথমে খেলতাম ফরোয়ার্ড হিসেবে। এরপর গোলরক্ষক হয়ে যাই। সিডনিতে অস্ট্রেলিয়ার প্রিমিয়ার লিগে খেলারও অভিজ্ঞতা আছে। ২০১০ সালে লন্ডনে প্রিমিয়ার লিগে খেলেছি। জার্মানি তো ফুটবলপাগল দেশ। বায়ার্ন মিউনিখ এবার ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলল। দেখেছেন?লরেঞ্জ: এমনিতেই আমি মাঝেমধ্যে ফুটবল দেখি। বায়ার্নের সমর্থক। ওইদিন আমার খেলা থাকায় ফাইনালটা দেখা হয়নি। তবে ফাইনাল নিয়ে আর সবার মতো আমিও উত্তেজিত ছিলাম। ছোটবেলায় পিয়ানো বাজানোর কথা বলছিলেন। এখন বাজান?লরেঞ্জ: তরুণ বয়সে প্রায় পেশাদার হিসেবেই পিয়ানো বাজাতাম। টুকটাক কিছু অনুষ্ঠানও করেছি। তবে খেলার কারণে ওটা নিয়ে আর বেশিদূর এগোনো হয়নি। যদিও অবসরে আমার সঙ্গী এই পিয়ানোই। কদিন পরই শুরু হতে যাওয়া ঢাকার প্রিমিয়ার হকি লিগে কি আপনাকে দেখা যাবে?লরেঞ্জ: আমি খেলতে চাই। তবে মোহামেডান কী করবে, সেটা জানি না। লিগে সুযোগ পেলে দলের জন্য নিজেকে উজাড় করে দেব। আমি বাংলাদেশের প্রেমে পড়ে গিয়েছি। কখনোই ভুলব না এ দেশকে।