আগের তিন ম্যাচে করেছিলেন ১৪, ৩৫ ও ০। অবশেষে কাল রান পেলেন (৪৯ বলে ৬৮)। দল হারলেও তাই স্বস্তি পাচ্ছেন তামিম ইকবাল। সবচেয়ে বড় প্রাপ্তি মানছেন অবশ্য সাবেক গুরুর সঙ্গে কাজ করতে পারা। ওয়েলিংটনের হয়ে নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলতে যাওয়া বাংলাদেশের বাঁহাতি ওপেনার কাল টেলিফোনে কথা বললেন সেসব নিয়েই অবশেষে রান পেলেন...নিশ্চয়ই স্বস্তি পাচ্ছেন?তামিম ইকবাল: আগে একটা ম্যাচে ভালোই শুরু করেছিলাম, কিন্তু ২০ বলে ৩৫ করে আউট হয়ে যাই। রান পাওয়াটা খুব প্রয়োজন ছিল। এত দূর থেকে ওরা আমাকে নিয়ে এসেছে, নিজেকে প্রমাণের একটা ব্যাপার ছিল। জেসি রাইডার তো দুর্দান্ত ফর্মে আছেন। তাঁর সঙ্গে ওপেন করার অভিজ্ঞতা কেমন?তামিম: কী যে ব্যাটিং করছে ও! মেরে সব বোলারকে তক্তা বানিয়ে ছাড়ছে। আমার কাজ শুধু ওকে স্ট্রাইক দেওয়া। মনে মনে ভাবি, দেশে অন্যরা সিঙ্গেল নিয়ে আমাকে স্ট্রাইক দেয় মারার জন্য, আর এখানে আমি সিঙ্গেল নিয়ে ওকে স্ট্রাইক দিচ্ছি। রাইডার ছাড়াও ফ্রাঙ্কলিন, এলিয়ট, লুক রনকিদের সঙ্গে খেলছেন। মাঠে ও মাঠের বাইরে অভিজ্ঞতা কেমন?তামিম: দারুণ। রনকি যেমন অস্ট্রেলিয়ান, এখন নিউজিল্যান্ডের হয়ে খেলতে চায়। ইংল্যান্ডের মাসকারেনহাস আছে, ক্রিস ওকস ছিল...ওরা কীভাবে ম্যাচের প্রস্তুতি নেয়, ড্রেসিং রুমে, নেটে কী করে—এসব দেখতে পাচ্ছি। ওরা দেখছে আমাকে। সবচেয়ে বড় কথা, জেমির (জেমি সিডন্স এখন ওয়েলিংটনের কোচ) সঙ্গে অনেক সময় কাটাতে পারছি। নিউজিল্যান্ডে যাওয়ার সবচেয়ে বড় কারণ হিসেবে সিডন্সের সঙ্গে সময় কাটানোর কথা বলেছিলেন। কতটা কাজ করলেন এই কদিনে?তামিম: সব সময় বলেছি, আমার ব্যাটিংয়ে উন্নতির পেছনে সবচেয়ে বড় অবদান জেমি আর সালাউদ্দিন (মোহাম্মদ সালাউদ্দিন, জাতীয় দলের সাবেক সহকারী কোচ) স্যারের। আমি আমার গত কিছুদিনের খেলার ভিডিও নিয়ে এসেছিলাম এখানে। জেমি দেখে কিছু ভুল খুঁজে পেয়েছে। দেখিয়ে দিয়েছে কীভাবে কী করতে হবে। ফোনে সালাউদ্দিন স্যারের সঙ্গে কথাও বলেছে। ভুলগুলো নিয়ে অনুশীলনে কাজ করছি। কোনো রান না করতে পারলেও দুঃখ ছিল না। নিজের ব্যাটিংয়ের খুঁতগুলো ধরতে পেরেছি, এটাই বড় প্রাপ্তি। জাতীয় দলের কোচিং স্টাফে তাহলে একজন ব্যাটিং স্পেশালিস্টের অভাব বোধ করছেন?তামিম: অবশ্যই। দেখুন, এখন যাঁরা আছেন সবাই খুব ভালো। কিন্তু সবারই তো স্পেশালিটির একটা জায়গা আছে। স্পেশালিস্ট কেউ হলে সমস্যা দ্রুত শুধরে নেওয়া যায়। এমনিতে পুরোনো দল নিয়ে সিডন্স কী বললেন? খোঁজখবর রাখেন বাংলাদেশ ক্রিকেটের?তামিম: সব খবরই রাখে। বাংলাদেশকে ও অনেক পছন্দ করে। এখানে সবাইকে বলেছে, বাংলাদেশের মানুষ কতটা ভালো, বাংলাদেশের মতো দেশ হয় না। এমনকি বলেছে, বাংলাদেশের ব্যাটিং কোচ হতে চায়। অনুশীলনের বাইরে প্রতিদিনই আমাকে নিয়ে আলাদা দুই ঘণ্টা কাজ করছে। এই যে অনেক কষ্ট করছে, বাংলাদেশের প্রতি ওর ভালোবাসারই প্রকাশ। নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের মান কেমন? আপনি আইপিএল-কাউন্টি খেলেছেন। ওগুলোর সঙ্গে নিউজিল্যান্ডের পার্থক্যই বা কী? তামিম: এখানে ঘরোয়া ক্রিকেটের মান ভালোই। অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হয়। হোম অ্যান্ড অ্যাওয়ে খেলার মজাটা এখানে এসেই বুঝতে পারছি। ম্যাচ জিতলে অনেক আনন্দ করে ওরা। কাউন্টির মান এখানের চেয়ে একটু ভালো। আইপিএলে অবশ্যই সবচেয়ে ভালো ক্রিকেট হয়। তবে পেশাদারি আর প্রতিদ্বন্দ্বিতায় সব কটিই খুব কাছাকাছি। মাঠের বাইরে সময় কেমন কাটছে? কার সঙ্গে সবচেয়ে ভালো বন্ধুত্ব হয়েছে?তামিম: অনেক সুন্দর দেশ, এখন যেখানে আছি (মাউন্ট মঙ্গানুই), এটাও অনেক সুন্দর। খুব ভালো লাগছে। আর রাইডারের সঙ্গে আইপিএলে খেলেছি পুনে ওয়ারিয়র্সে। অনেক মজার ছেলে। এলিয়টও অনেক মজা করে। ওরা মনে হয় বাংলাদেশের সবচেয়ে বেশি চেনে শুভকে। ওদের যখন হোয়াইটওয়াশ করলাম আমরা, শেষ ম্যাচটায় এলিয়টকে আউট করে সোহরাওয়ার্দী শুভ ওদের ড্রেসিংরুমের দিকে তাকিয়ে মজা করেছিল। সবাই দেখি ওকে মনে রেখেছে। এলিয়টসহ অনেকেই তো আমাকে শুভ বলেই ডাকে! দেশে ফিরছেন কবে?তামিম: ১৩ তারিখের ম্যাচটা খেলে ১৪ তারিখ বিমানে উঠব।