ক্রীড়াঙ্গনে আছেন ৫৫ বছর ধরে। খেলেছেন ক্রিকেট, ফুটবল, হকি, অ্যাথলেটিকস। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব ছিলেন। অনেক নেতিবাচকতার মধ্যে আজকের ক্রীড়াঙ্গনে একটা জায়গায় বড় আশা দেখছেন বশির আহমেদ, ফুটবল রেফারিং ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পর্কটা ধরে রেখেছেন। বাফুফের রেফারিজ কমিটির চেয়ারম্যান আপনি। কেমন উপভোগ করছেন?বশির আহমেদ: বাংলাদেশের রেফারিদের মানোন্নয়নে কাজ করার খুব ইচ্ছা ছিল। ২০০৫ সাল থেকে বাফুফে রেফারিজ কমিটির প্রধান আমি। গ্রেড-১ ফুটবল রেফারি এবং আন্তর্জাতিক হকি আম্পায়ার ছিলাম। এখন রেফারিদের নিয়ে কাজ করে ভালো লাগছে। বাংলাদেশের ফুটবলের চেয়ে রেফারিংয়ের মানটা ওপরের দিকে যাচ্ছে। রেফারিং নিয়ে কাজ করার কোনো বিশেষ কারণ আছে?বশির: খেলোয়াড়ি জীবনে নানা অভিযোগ শুনতাম রেফারিদের নিয়ে। তাঁরা নিরপেক্ষ নন, ঘুষ নেন, ক্লাবের প্রভাবে প্রভাবিত। তখনই ভাবতাম, সুযোগ পেলে রেফারিংয়ের মানোন্নয়নে ভূমিকা রাখব। কোনো পরিবর্তন দেখছেন?বশির: বাফুফের রেফারিজ কমিটির দায়িত্ব নিয়ে প্রতিটি রেফারিকে বলেছিলাম, অন্যায় করলে হয় তুমি থাকবে, না হয় আমি। এখন গর্ব নিয়ে বলতে পারি, বাংলাদেশের রেফারিং উন্নত হয়েছে। শিক্ষিত ছেলেরা আসছে। সামাজিক মর্যাদা বাড়ছে। আগে এটা ছিল না। দুই দিন আগে মহিলা ক্রীড়া সংস্থার নির্বাচিত কমিটি ভেঙে দিল সরকার, মহিলা কমপ্লেক্সে তালা লাগাল, এটাকে কীভাবে দেখছেন?বশির: বিষয়টা ভালো লাগেনি আমার। সমস্যা থাকলে আলাপ-আলোচনা করা যায়। দুই পক্ষের বক্তব্য সত্য-মিথ্যা জানি না, তবে সবাইকে প্রাপ্য সম্মান দেওয়া উচিত। একজনকে ভালো লাগল না বের করে দিলাম, আরেকজনকে ভালো লাগল, নিয়ে এলাম, এটা ভালো দেখায় না। হকিতেও তো একটা ঝামেলা চলছে। এটা নিয়ে কী বলবেন...বশির: হকি খেলোয়াড়দের যুব হকির ফাইনাল বন্ধ করা ঠিক হয়নি। বুঝি, নিয়মিত খেলা না হওয়ায় হতাশা থেকেই তারা এটা করেছে। তবে খেলোয়াড়েরা তাদের ক্ষোভ অন্যভাবেও প্রকাশ করতে পারত। হকিতে নতুন কমিটি হচ্ছে। আপনাকে ফেডারেশনে আনার উদ্যোগ নেওয়া হলে আসবেন?বশির: হকির জন্য কিছু করার ইচ্ছা সব সময়ই আমার আছে। ফেডারেশনে দীর্ঘদিন ছিলাম (সর্বোচ্চ যুগ্ম সম্পাদক)। কিন্তু নির্বাচন করে আমি ওখানে যেতে পারব না। সরকার চাইলে কাজ করতে আমার সমস্যা নেই। তবে সমস্যা হলো, আমার তো কাউন্সিলরশিপ নেই। কাউন্সিলরশিপ যদি আপনাকে দেওয়া হয়...বশির: জাতীয় ক্রীড়া পুরস্কার পাওয়া খেলোয়াড়দের এ সম্মানটা পাওয়া উচিত। আমার টাকা নেই, ক্লাব কিনতে পারব না। মন্ত্রীর কাছে কাউন্সিলরশিপের জন্য তদবির কখনোই আমি করব না। তবে একটা প্রত্যাশা আছে, মৃত্যুর পর যেন বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হওয়ার একটা ব্যবস্থা করে সরকার। এমনিতে বাংলাদেশের বর্তমান ক্রীড়াঙ্গন দেখে এখন আপনার কেমন লাগে?বশির: খারাপই বেশি লাগে। আমাদের সময়ে খেলোয়াড়দের সম্মান ছিল। এখন খেলোয়াড়েরা সেটি কতটা আন্তরিকভাবে পায়, সংশয় আছে। এ জায়গায় আমরা অনেক পিছিয়ে গেছি। মেধা আর যোগ্যতার ব্যাপারটা যেন গৌণ হয়ে পড়েছে। কোন বিষয়টা সবচেয়ে বেশি আপনাকে নাড়া দেয়?বশির: আমি ১৯৫৬ সালে হকি খেলা শুরু করি। পাকিস্তান দলে ছিলাম। এরপর ফুটবল, ক্রিকেট খেলেছি দেশের সর্বোচ্চ পর্যায়ে। ক্রিকেট মূলত ভিক্টোরিয়া, ফুটবল মোহামেডানে। সেই সময় খেলাধুলার একটা ভালো পরিবেশ ছিল, এখন সেটি দেখতে পাই না। এটাই বেশি নাড়া দেয়। আপনার ব্যক্তিজীবন কেমন কাটছে? ঈদ কীভাবে করবেন?বশির: ভালোই। পাক্ষিক ‘ক্রীড়া জগতে’ আত্মজীবনী লিখছি। ৪৪টা পর্ব হয়ে গেছে। আমার এক ছেলে ও এক মেয়ে। ছেলের ঘরের ছোট্ট নাতনিটার বছর তিনেক ধরে ক্যানসার। ওর জন্য খারাপ লাগে। আর এমনিতে ছেলেমেয়ে ও নাতিনাতনি নিয়ে ঈদ করব। ভালোই কাটবে আশা করি।