‘বাংলাদেশের স্বাধীনতা সম্মাননা’ ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ট্রাস্টে
ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে দেওয়া ‘বাংলাদেশের স্বাধীনতা সম্মাননা’ রাজধানী নয়াদিল্লির ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ট্রাস্টে রাখা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে ঐতিহাসিক অবদান রাখার জন্য ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে এবার বাংলাদেশ সরকার দিয়েছে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘বাংলাদেশ স্বাধীনতা সম্মাননা’। সাধারণ জনগণ এখন সংগ্রহশালায় এসেই ওই স্মারক দেখতে পারছে।গত সোমবার প্রয়াত ইন্দিরা গান্ধীর পক্ষে ওই সম্মাননা গ্রহণ করেন ইন্দিরা গান্ধীর পুত্রবধূ সোনিয়া গান্ধী। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।সোনিয়া গান্ধী প্রয়াত শাশুড়ি ইন্দিরা গান্ধীর পক্ষে এই স্মারক সম্মান গ্রহণ করে আবেগ বিহ্বলিত হয়ে পড়েন। দিল্লিতে ফিরেই তিনি বাংলাদেশের দেওয়া ওই সোনার স্মারক সম্মান তুলে দিয়েছেন সেখানকার সংগ্রহশালায়।প্রসঙ্গত, দিল্লি ১ নম্বর সফদর জং রোডের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ট্রাস্টে প্রতিদিনই পর্যটকদের ভিড় লেগে থাকে। স্মারক ওই সংগ্রহশালায় থাকায় দেশ বিদেশের পর্যটকেরাও বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান স্মারক দেখার সুযোগ পাচ্ছে।