শীত পড়ি পড়ি। একসময় যাত্রাগানের আসরে গ্রামবাংলা উৎসবমুখর হয়ে থাকত এ সময়ের রাতগুলো। তারপর নানা প্রতিবন্ধকতায় যাত্রাশিল্পের যাত্রা রুদ্ধ হয়ে পড়ে। এখনো তার চলার পথ সুগম, তা নয়। তবে বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ চেষ্টা অব্যাহত রেখেছে দুঃসময় কাটিয়ে উঠে আবার যাত্রাশিল্পের হূত গৌরব ফিরিয়ে আনতে। সরকারি সহায়তাও রয়েছে তাদের সঙ্গে।এরই ধারাবাহিকতায় যাত্রাশিল্পের সুষ্ঠু বিকাশ ও চর্চার লক্ষ্যে আজ মঙ্গলবার থেকে গাজীপুরের বড় বাড়ি এলাকায় শুরু হচ্ছে মাসব্যাপী যাত্রা উৎসব। বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ ও শিল্পকলা একাডেমীর সহায়তায় ‘বাংলাদেশের হূদয় হতে’ নামের এই উৎসবের আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, উদ্বোধন করবেন সাংসদ জাহিদ আহসান, সভাপতিত্ব করবেন পরিষদের সভাপতি রমজান আলী মিয়া ও স্বাগত বক্তব্য দেবেন সম্পাদক মিলন কান্তি দে।উদ্বোধনী অনুষ্ঠানের পর গণসাক্ষরতা অভিযানের সহায়তায় পরিবেশিত হবে গীতশ্রী যাত্রা ইউনিটের দেশাত্মবোধক পালা মা-মাটি-মানুষ। এই উৎসবে আনন্দ অপেরা, চ্যালেঞ্জার যাত্রা ইউনিট, চৈতালী অপেরা, রাজমহল অপেরা, নিউ রংমহল অপেরা, কোহিনুর অপেরা, দেশ অপেরাসহ দেশের বিভিন্ন অঞ্চলের জনপ্রিয় যাত্রাদলগুলো তাদের পালা পরিবেশন করবে।