‘বাংলামতি’ ধানের বাম্পার ফলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনাঞ্চলে এই প্রথমবারের মতো বাসমতি সদৃশ্য বাংলামতি ধান উৎপন্ন হয়েছে। সুগন্ধি এই ধানের ভালো ফলন দেখে এ অঞ্চলের কৃষকের মাঝে দারুণ সাড়া জেগেছে। ১২ এপ্রিল সরেজমিনে দেখা যায়, খুলনার ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়নের কার্তিকডাঙ্গা বিলে এস এম আতিয়ার রহমানের গলদা চিংড়ির ঘেরে এক একর জমিতে ‘বাংলামতি’ ধানের চাষ করা হয়েছে। ধানচাষি এস এম আতিয়ার রহমান খুলনা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক। তিনি জানান, গত বছর যশোরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট-ব্রি পরীক্ষামূলকভাবে ব্রি বিজ্ঞানীদের উদ্ভাবিত নতুন ধান ‘বাংলামতি’ মাঠপর্যায়ে চাষের ব্যবস্থা করে। টেলিভিশন ও পত্রপত্রিকা মারফত ওই খবর জানতে পেরে তিনি উদ্বুদ্ধ হয়ে এ বছর গ্রামের বাড়িতে তা চাষ করেছেন।আতিয়ার রহমান বলেন, ‘গত বছর অনেক চেষ্টা করে মাগুরা জেলার সীমাখালী এলাকায় প্রথম পরীক্ষামূলক চাষকারী আইয়ুব আলীর কাছ থেকে প্রায় পাঁচ হাজার টাকা মণ দরে ১৫ কেজি বীজ ধান কিনে আনি। ওই বীজ দিয়েই এবার চাষ করেছি। বাংলামতি ধান দেখতে ব্রি-২৮ এর চেয়ে লম্বা এবং পেছনটা তরবারির আগার মতো বাঁকা। গত ১০ ডিসেম্বর বীজতলায় ধান ফেলে চারা করে এ বছর ২০ জানুয়ারি রোপণ করি। আশা করছি, আগামী সাত দিনের মধ্যে ধান কাটা যাবে। আমার এ ধান দেখে ইতিমধ্যে গ্রামের চাষিরা তো বলছেই, তা ছাড়া একটি বীজ কোম্পানিও সব ধান কিনে নিতে চাচ্ছে। কিন্তু আমি চাই, এলাকার কৃষকেরাই এই ধান নিয়ে চাষ করে নতুন দিগন্তের সূচনা করুক।’ চাষি বক্কার মোল্লা বলেন, ‘আমাগে আতিয়ারের ধান দেহে খুব ভালো লাগতেছে। শুনলাম, ওই ধানের মেলা দাম। যদি তাই হয়, তালি আমরা তো চাষারা বাঁচে থাকতি পারবেনে।’বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ইবনে সৈয়দ মোহম্মদ হারুনুর রশীদ বলেন, বাংলামতি ধান গবেষণা ইনস্টিটিউটের ৪৯তম আবিষ্কার। ভারত ও পাকিস্তানের বাসমতিই বাংলাদেশের বাংলামতি। আমাদের দেশে ভারত ও পাকিস্তান থেকে প্রায় ২০০ টাকা কেজি দরে এই চাল আমদানি করা হচ্ছে। সারা পৃথিবীতে বোরো মৌসুমে সুগন্ধি ধানের আবাদ হয় না। কিন্তু বাংলাদেশে এ ধান চাষ হচ্ছে। আর বোরো মৌসুমে চাষ হওয়ার কারণে এর সুগন্ধির মাত্রা কালোজিরা ধানের চেয়ে একটু কম। কিন্তু ফলন কালোজিরার চেয়ে তিন-চার গুণ বেশি অর্থাৎ একরে ৬০ থেকে ৬৫ মণ ধান উৎপন্ন হয়। আর চালও লম্বা। বাংলামতি অনেক মূল্যবান রপ্তানিযোগ্য চাল। এর চাষ বাড়লে কৃষকের ভাগ্যের পরিবর্তন হবে। ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা পঙ্কজ কান্তি মজুমদার বলেন, ‘কিছুদিন আগেও খুলনা অঞ্চলে সুগন্ধি ধানের চাষ হতো। কিন্তু উচ্চ ফলনশীল জাতের তুলনায় ফলন খুব কম হওয়ায় তা হারিয়ে যেতে বসেছে। এ অঞ্চলের মানুষ সুগন্ধি চালের ভাত খেতে পছন্দ করে। সুগন্ধি বাংলামতির ফলন বেশি হচ্ছে দেখলে চাষিরা এ ধান চাষে এগিয়ে আসবেন। তখন চাষিদের সামনে নতুন সম্ভাবনার দুয়ার খুলে যাবে।