‘বাইষশার সময় ছাওয়াপাওয়া স্কুলত যাবার পারে না’
নীলফামারী জেলা সদরের টুপামারী ইউনিয়নের প্রসিদ্ধ ব্যবসাকেন্দ্র রামগঞ্জ বাজার। ওই বাজারসংলগ্ন বুড়িখোড়া নদীটি ইউনিয়নবাসীকে দুই ভাগে বিভক্ত করেছে। রামগঞ্জ বাজার থেকে নীলফামারী সদরের দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। পাকা সড়ক থাকায় শহরের সঙ্গে ওই বাজারের যোগাযোগ ভালো। বাজারসংলগ্ন বুড়িখোড়া নদীর এপারের মানুষ সহজেই জেলা সদরের সঙ্গে যোগাযোগ করতে পারে। কিন্তু অপর পারের অধিবাসীরা জেলা সদর থেকে বিচ্ছিন্ন হয়ে আছে নদীটির জন্যই।অপর পারের অধিবাসীরা জানান, নদীর কারণে এলাকার ছেলেমেয়েরা ওপারের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় যেতে পারছে না। এখানে বাঁশের সাঁকো থাকলেও প্রতি বর্ষায় নদীর স্রোতে তা ভেসে যায়। শিশুরা পার হতে গিয়ে অনেক সময় সাঁকো থেকে পড়ে যায়। শুধু শিশুরাই নয়, অনেক সময় বড়রাও এ ধরনের দুর্ঘটনার শিকার হন।সেতু নির্মাণকারী প্রতিষ্ঠান এলজিইডি সূত্র জানায়, ওই স্থানে সেতু করার ব্যাপারে তাদের চিন্তাভাবনা আছে। সব প্রক্রিয়া শেষ করে আগামী এক মাসের মধ্যে সেতুটি নির্মাণে দরপত্র আহ্বান করা হবে।এলাকাবাসী জানান, প্রতিদিন ওই সাঁকো দিয়ে স্কুল-কলেজের ছাত্রছাত্রীসহ প্রায় পাঁচ-ছয় হাজার মানুষ যাতায়াত করে। সাঁকো দিয়ে রিকশা-ভ্যান যেতে না পারায় রোগী পারাপারে বেশি সমস্যায় পড়তে হয় তাঁদের। সেতুটি নির্মিত হলে রামগঞ্জ বাজারের সঙ্গে একদিকে জলঢাকা-কিশোরগঞ্জ-কচুকাটা-ট্যাঙ্গনমারী-মীরগঞ্জ এলাকার দূরত্ব কমবে, অন্যদিকে ওই সব এলাকার মানুষ ডোমার-দেবীগঞ্জসহ এ অঞ্চলে সহজে চলাচল করতে পারবে।টুপামারী ইউনিয়নের রামগঞ্জ বাজারের নিকটবর্তী গ্রাম সুখধন। কিন্তু ওই নদী গ্রামবাসীর সব সুখ কেড়ে নিয়েছে। এখন একটি সেতু তাদের খুব প্রয়োজন। গ্রামের ফেরাজ আলী (৩০) বলেন, ‘নীলফামারীর সঙ্গে হামার দূরত্ব ওই নদীটায়। ছোটবেলা থাকি শুনি আইসছি সেতু হবে, কিন্তু হয় না। ইতে হামার খুব অসুবিধা হইছে। বাইষশার সময় ছাওয়াপাওয়া স্কুলত যাবার পারে না। বাড়ির গোরত বাজার হইলেও হামরা হাটবাজার করির পারি না। কারও ওসুখ বিসুখ হইলে রুগী আর ভ্যান মাথাত নিয়া নদী পার করির নাগে।’একই গ্রামের আফিয়ার রহমান (৬৮) বলেন, ‘হামার বড় সমস্যা বাচ্চাদের স্কুলত পাঠাইতে পারি না। ওই বাঁশের পুলটা থাকি কত বাচ্চা পরছে। আট মাস আগত পুল পার হবার যায়া মোটরসাইকেলসহ পরি একটা মানুষও মারা গেইছে।’নিত্যানন্দি গ্রামের ছলেমান আলী (৫৫) বলেন, ‘ওই নদীটা খালি সুখধনের মানুষের দুঃখ না। আকাশকুড়ি, দুহুলীপাড়া, নিত্যানন্দি, ডাউয়াবাড়ী, বোচার খাল, চড়চড়াবাড়ীসহ পার্শ্ববর্তী ১৫-১৬টা গ্রামের মানুষের দুঃখ।’রামগঞ্জ উচ্চবিদ্যালয়ের শিক্ষক শফিকুল ইসলাম জানান, রামগঞ্জ বাজারে একটি বালক ও একটি বালিকা উচ্চবিদ্যালয়, একটি কিন্ডারগার্ডেন স্কুল, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি কলেজ ছাড়াও ব্যাংক, বিমা, এনজিওসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। এই ইউনিয়নের বেশ কিছু অধিবাসী নদীর ওই ধারে বাস করে। এ ছাড়া এ পথে দূর-দূরান্তের বহু মানুষও চলাচল করে। সেতুর অভাবে এসব মানুষকে ভীষণ ভোগান্তি পোহাতে হয়।টুপামারী ইউনিয়নের বাবু হরেন্দ্রনাথ রায় (৭৫) জানান, ১৯৬৮ সালে তৎকালীন সরকার বর্তমান সাঁকোর ৫০ গজ উজানে সেতুর কাজ শুরু করেছিল। এ জন্য তখন বরাদ্দ দেওয়া হয়েছিল ৭৩ হাজার টাকা। দুদিকে পিলার হয়েছিল। কিন্তু ওই বছরের বন্যায় পিলারগুলো ভেঙে যায়। তারপর আর সেতুর কাজ হয়নি।সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম (৬০) জানান, ২০০০ সালের ১১ এপ্রিল তৎকালীন যোগাযোগমন্ত্রী আনোয়ার হোসেন এখানে একটি বেইলি ব্রিজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন, যা এখনো সাক্ষী হয়ে আছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।টুপামারী ইউপি চেয়ারম্যান বাবুল হোসেন চৌধুরী জানান, এলাকাবাসী নিজেরা উদ্যোগ নিয়ে এখানে একটি বাঁশের সাঁকো করেছে। এরপর স্থানীয় জনগণের সহযোগিতা এবং ইউনিয়ন পরিষদের তহবিল থেকে পাওয়া কিছু কিছু বরাদ্দে বিভিন্ন সময় সংস্কার করে সাঁকোটি দিয়ে কাজ চালানো হচ্ছে। বছরে দু-তিনবার সাঁকোটি সংস্কার করতে হয়। সেতু করার ব্যাপারে স্থানীয় এলজিইডি মাটি পরীক্ষাসহ এলাকা পরিদর্শন করেছে।