‘বাউলগুরু’ কফিলউদ্দিন সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাউল কফিলউদ্দিন সরকারের নাম শুনেছেন? কী, একটু চিন্তিত মনে হচ্ছে? আচ্ছা, একটু সহজ করে বলি। ওই গানটা শুনেছেন, ‘আমি চাইলাম যারে, পাইলাম না তারে, সে এখন বাস করে পরের ঘরে।’ এবার মনে হয় চেনা চেনা লাগছে। ক্লোজআপ তারকা সালমা ওই গানটি গেয়েই ব্যাপক পরিচিতি পান। কিন্তু কেউ কি জানেন, এ গানটির গীতিকার বাউল কফিলউদ্দিন সরকার। শুধু ওই গানটিই নয়। শিল্পী শাহনাজ বেলী ও সেলিম চৌধুরীর গাওয়া একসময়ের জনপ্রিয় ‘আতর গোলাপ সোয়া চন্দন, সাজাইলাম ফুলের বিছানা’ গানটিসহ প্রচলিত-অপ্রচলিত প্রায় ১০ সহস্রাধিক গানের গীতিকার তিনি।১৯৪১ সালে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মালঞ্চাপুর গ্রামে গান গাইতে যান বাউলসম্রাট শাহ আবদুল করিম ও মরমি কবি দুর্বিন শাহ। ওই গানের আসরে উপস্থিত ছিলেন নয় বছরের বালক কফিলউদ্দিন। শিশুবালক কফিলের গানের প্রতি দরদ দেখে শাহ আবদুল করিম ও দুর্বিন শাহ তাঁর মা মোছাম্মৎ করিমুন্নেসার সঙ্গে দেখা করেন এবং শিশু কফিলকে তাঁদের সঙ্গে নিয়ে নেন। সেই শিশু কফিল এখন ৭৮ বছর বয়সী সবার পরিচিত ‘বাউলগুরু’। ১৯৬৭ সালে তাঁর লেখা গান নিয়ে বেরিয়েছে রত্নভাণ্ডার প্রথম খণ্ড ও দ্বিতীয় খণ্ড নামের দুটি গানের সংকলন। পরবর্তী সময় এ দুটি সংকলনের আরও একটি সংস্করণ বের হয়। তিনি প্রায় দুই সহস্রাধিক শিষ্য তৈরি করেছেন। তাঁর গানের মুগ্ধতায় এখনো সিলেট অঞ্চলের বাউলপ্রেমীরা বিমোহিত।কফিলউদ্দিন সরকার জানান, ১৯৩২ সালের ২৭ ফেব্রুয়ারি তাঁর জন্ম। বয়স যখন নয়, তখন পিতা মো. রিয়াজউদ্দিন মারা যান। ওই বছরই শাহ আবদুল করিম ও দুর্বিন শাহের সঙ্গে গানের নেশায় তিনি বাড়ি ছাড়েন। পরের বছর মা মারা যান। অনেকটা নিঃসঙ্গ হয়ে সবকিছু ছেড়ে দিয়ে বাউলপথে পা বাড়ান। ওই সময় দুর্বিন শাহের শিষ্যত্ব গ্রহণ করেন। দীর্ঘদিন বাউলসম্রাট শাহ আবদুল করিম ও মরমি কবি দুর্বিন শাহের সঙ্গে ছিলেন। তাঁদের সঙ্গে এক মঞ্চে গান গেয়েছেন। পরে দুর্বিন শাহের আদেশে পৃথকভাবে শিষ্যদের তালিম দেওয়া শুরু করলেন।কফিলউদ্দিন জানান, বাংলায় ১৩৫২ সালে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার আকিলপুর গ্রামে স্থায়ীভাবে বসবাস শুরু করেছিলেন। স্ত্রী মায়ারুন সরকারকে নিয়ে এখন অনেকটা অভাবে দিন কাটছে। স্ত্রী নিজেও একজন গীতিকার। তাই শত অভাব সত্ত্ব্বেও দুজনে মিলে গানে গানে কেটে যাচ্ছে জীবনের শেষ দিনগুলো।কফিলউদ্দিন আরও জানান, কাজের সন্ধানে যুবক বয়সে একবার ভারতের আগরতলায় চলে গিয়েছিলেন। সেখানে আখ (ইক্ষু) ভেঙে চিনি তৈরি করার কারখানায় কাজ নেন। কারখানার শ্রমিকদের অনুরোধে একদিন রাত জেগে গানের আসর বসিয়েছিলেন। অঘুম অবস্থায় পরদিন সকালে কারখানায় কাজ করতে যান। ওই সময় ভুল করে আখের সঙ্গে মেশিনে নিজের বাঁ হাতটি ঢুকিয়ে দেন। সঙ্গে সঙ্গে হাতটি কেটে পড়ে যায়।কফিলউদ্দিন সরকার ক্ষোভ প্রকাশ করে প্রথম আলোকে বলেন, ‘ঢাকায় প্রতিষ্ঠিত শিল্পীরা বিভিন্ন মহাজনদের (গীতিকারদের) গান ‘সংগ্রহ’ বলে চালিয়ে দিচ্ছেন। ওই সব শিল্পীরা ব্যাপক জনপ্রিয়তা পেলেও ভুলক্রমে গীতিকারদের নামটা পর্যন্ত উচ্চারণ করছেন না। বিষয়টি সত্যি আমাকে পীড়া দেয়। এমনকি আমার নিজের গানের ক্ষেত্রেও এ রকম অহরহ ঘটনা ঘটছে।’কফিলউদ্দিন বলেন, ‘বাউলদের পৃষ্ঠপোষকতার পাশাপাশি সব মহাজনের গান সরকারিভাবে সংরক্ষণ করা হোক। অনেক বাউল এখনো না খেয়ে দিন কাটাচ্ছে। তাদের দিকে একটু সুদৃষ্টি দেওয়া দরকার। নিজের কথা আর কী বলব! সেই ছোটবেলা থেকে বাউল গানের সঙ্গে আছি, আমৃত্যু সেই পথেই থাকব। নয় বছর বয়সে এতিম হয়ে বিরহ-আক্ষেপ নিয়ে গানের জগতে এসেছি। তবে এই লাইনটা বড় কঠিন রে বাবা। এই যে দেখছেন, ভাঙা ঘর আর অভাব-দুর্দিনে দিন কাটাচ্ছি। তবুও তো গান ছাড়ছি না। কিছু পাই বা না পাই, সেটা বড় কথা নয়। ভালো লাগছে, তাই গান করছি। এ লাইন (বাউল ধারা) আমি ছাড়ব না।’