‘বাউলা বন্ধুর আউলা গান’
সুনামগঞ্জে বাউলসম্রাট শাহ আবদুল করিম স্মরণে ১১ ও ১২ নভেম্বর লোকসংগীত উৎসব অনুষ্ঠিত হয়েছে। ‘বাউলা বন্ধুর আউলা গান’ শিরোনামে সুরমা আঞ্চলিক শিল্পীগোষ্ঠী দুই দিনের এই উৎসবের আয়োজন করে।শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। উৎসবের উদ্বোধন করেন সুনামগঞ্জ-৪ আসনের (সদর ও বিশ্বম্ভরপুর) সাংসদ মতিউর রহমান। সুরমা আঞ্চলিক শিল্পীগোষ্ঠীর উপদেষ্টা জাভেদ কোরেশীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক কামরুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, সামছুল আবেদিন, ডি চৌধুরী ও মুক্তিযোদ্ধা সৈয়দুর রহমান। স্বাগত বক্তব্য দেন সুরমা আঞ্চলিক শিল্পীগোষ্ঠীর সভাপতি মো. আপ্তাব মিয়া। সমাপনী অনুষ্ঠানে সুনামগঞ্জের প্রবীণ সংগীতশিল্পী আবদুল লতিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরিচালক আবদুল মান্নান হাওলাদার ও সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক কামরুল আলম।দুই দিনের উৎসবে বাউলসংগীত পরিবেশন করেন শিল্পী আপ্তাব মিয়া, দেবদাস চৌধুরী, বাউল শাহ আলম, শাহারুল রেজা, আবু তাহের, গোবিন্দ দাস, নির্মল বণিক, ঊর্মি দাস, নিপা দাস, বিল্লাল হোসেন, আনিছুর রহমান, উজ্জ্বল, আক্তার হোসেন, ফাতেহা মাইশা প্রমুখ।