‘বাঘ বাঁচাতে বৈঠক হয়, ফেলানীকে বাঁচাতে হয় না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভাইস চেয়ারম্যান মোরশেদ খান বলেছেন, ‘বর্তমান সরকার নতজানু পররাষ্ট্রনীতি অনুসরণ করছে। বিএসএফ প্রতিদিন সীমান্তে গণহত্যা চালাচ্ছে। অথচ ভারতীয় প্রধানমন্ত্রী যখন বাংলাদেশ এলেন, তখন সুন্দরবনের বাঘ রক্ষায় চার ঘণ্টার বৈঠক হয়েছে। কিন্তু ফেলানীকে বাঁচাতে বৈঠক হয় না।’আজ মঙ্গলবার চট্টগ্রাম নগরের লালখান বাজার মোড়সংলগ্ন জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের ফটকের সামনের সড়কে মোরশেদ খান এসব কথা বলেন। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১৮ দলীয় জোট চট্টগ্রামের উদ্যোগে এই মানবপ্রাচীর ও সমাবেশের আয়োজন করা হয়। জোট সরকারের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এক-এগারো বিএনপি আনেনি। এক-এগারোর সরকার এসেছিল আওয়ামী লীগের প্রক্সি হিসেবে।’ সমাবেশে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘স্বৈরাচারী এরশাদ ও মইনউদ্দিন ক্ষমতা দখলের সময় আওয়ামী লীগ তাঁদের সমর্থন জানিয়েছিল। ভবিষ্যতে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে সরকার বদলের কোনো ব্যতিক্রম হলে জনগণ তা প্রতিহত করবে।’ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত্ হোসেনের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার, উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম ও বিএনপির কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান।আজ বেলা ১১টার দিকে একযোগে নগরের কাটগড়, স্টিলমিল, সিমেন্ট ক্রসিং, ইপিজেড মোড়, নিমতলা, আগ্রাবাদ, চৌমুহনী, দেওয়ানহাট, টাইগার পাস, লালখান বাজার মোড়, ওয়াসা, জিইসি মোড়, মুরাদপুর, দুই নম্বর গেইট, বহদ্দারহাট, রাহাত্তারপুল, কালামিয়া বাজার ও কর্ণফুুলী তৃতীয় সেতু এলাকায় মানবপ্রাচীর কর্মসূচি পালন করা হয়। চট্টগ্রাম নগরের দুই নম্বর গেইট এলাকায় মানবপ্রাচীর ও সমাবেশে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় সহ-সভাপতি আবদুল্লাহ আল নোমান ও সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছিরউদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে নোমান বলেন, ‘মানবপ্রাচীরের মাধ্যমে জনগণ সরকারকে রেড সিগন্যাল দিয়েছে। আওয়ামী দুঃশাসনে অতিষ্ঠ জনগণ সরকার পরিবর্তন চায়। দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না।’মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, ‘আওয়ামী লীগ চার বছরের শাসনামলে সব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। তারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুম, হত্যা ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে।’