‘বাঙালির চিরসঙ্গী রবীন্দ্রনাথ’
‘বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের হূদয়, আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে হূদয়ের স্পন্দন। একজনের সঙ্গে আরেকজনের দেখাই হয়নি জীবনে। কিন্তু একজনের চিন্তা অন্যজন বয়ে নিয়ে গেছেন। বাংলা, বাঙালি, মাটি ও মানুষের কল্যাণের জন্য দুজনের প্রচেষ্টা প্রায় এক।’রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ ব্যাংক আয়োজিত রবীন্দ্রনাথ বাঙালির চিরসঙ্গী গ্রন্থের মোড়ক এবং ১০ টাকা মূল্যমানের স্মারক রৌপ্যমুদ্রা উন্মোচন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।রাজধানীর বাংলাদেশ ব্যাংক প্রশিক্ষণ একাডেমির এ কে এন আহমেদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গ্রন্থের মোড়ক ও মুদ্রার মোড়ক উন্মোচন করেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সভাপতিত্বে এতে প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সনৎ কুমার সাহা। আলোচনায় অংশ নেন কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, আতাউর রহমান, নাসির উদ্দীন ইউসুফ প্রমুখ। সংকলিত গ্রন্থটির সম্পাদক ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।অর্থমন্ত্রী বলেন, ‘রবীন্দ্রনাথ বাঙালি জীবনের অবশ্যপাঠ্য। তাঁর কাছ থেকে সব সময়ই শিখতে হবে যে কীভাবে বিনম্র ও সুন্দর থাকা যায়।’ সনৎ কুমার সাহা বলেন, ‘জন্মের দেড় শ বছর এবং জীবনাবসানের ৭০ বছর পরেও রবীন্দ্রনাথ আরও সজীব ও প্রবলভাবে জীবনঘনিষ্ঠ।’আতিউর রহমান বলেন, ‘কবি হিসেবে পরিচিত হলেও রবীন্দ্রনাথের ভাবনার জগৎ ছিল বহুমাত্রিক ও সুগভীর।’ খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, ‘আজকের কল্যাণ রাষ্ট্রের পূর্বচিন্তক রবীন্দ্রনাথ।’ গ্রন্থটিতে ২০টি প্রবন্ধ রয়েছে। এ ছাড়া রয়েছে রবীন্দ্রনাথের আঁকা চিত্রকর্মের ছবি।