‘বাঙালির রক্তে টেবিল টেনিস’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা টেবিল টেনিস লিগে আবাহনীর হয়ে খেলছেন ভারতের এক নম্বর তারকা পৌলোমী ঘটক। বাংলাদেশের উঠতি খেলোয়াড়দের জন্য এটা বড় এক অনুপ্রেরণা। নিজের ক্যারিয়ারসহ অনেক প্রসঙ্গেই কাল উডেনফ্লোরে বসে কথা বললেন কলকাতার মেয়ে বাংলাদেশে এবারই প্রথম এলেন?পৌলোমী ঘটক: এবারই প্রথম এলাম। আসার ইচ্ছা বরাবরই ছিল। আমার ঠাকুরদার বাড়ি ছিল যশোর, মায়ের শিকড় ঢাকা। অনেক গল্প শুনেছি এই দেশ নিয়ে।  এসে কেমন লাগছে?পৌলোমী: খুবই ভালো। বিশেষ করে এখানকার উডেনফ্লোরটা বেশি ভালো লাগছে। কলকাতাতেও টিটির জন্য এত ভালো সেন্টার আছে কি না, প্রথম দেখে ভাবনায় পড়ে গেছি। এটি সারা বছর টিটির জন্য দেওয়া হয়েছে, দারুণ ব্যাপার! এই জিমনেসিয়ামের কোন জিনিসটা বেশি ভালো লাগছে?পৌলোমী: সবকিছুই। অনেক বড় জায়গা। ম্যাট পাতা। শীতাতপ নিয়ন্ত্রিত। এটা বিশাল সুবিধা এখানকার খেলোয়াড়দের জন্য। কীভাবে এটিকে কাজে লাগানো উচিত মনে করেন?পৌলোমী: সারা বছর অনুশীলন এবং খেলা হওয়া দরকার। কিন্তু আমি শুনেছি, সারা বছর নাকি ক্যাম্প হয় না। সারা দেশ থেকে খেলোয়াড় এনে বছরব্যাপী অনুশীলনের বিকল্প নেই। কাছেই কলকাতায় খেলোয়াড়দের মাঝেমধ্যে পাঠানো যায়। প্রয়োজনে কোচও আনা যেতে পারে। কেমন দেখছেন স্থানীয় মেয়েদের?পৌলোমী: ভালো। কোয়ালিটি আছে। প্রয়োজন পৃষ্ঠপোষণা। এখানে খেলার অবকাঠামোটা খুব ভালো, যেটি খেলোয়াড়দের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখানকার লোকজনও খেলা নিয়ে বেশ উৎসাহী। অবকাঠামো আছে। তাহলে এখন আন্তর্জাতিক অঙ্গনে ভালো করতে চাইলে কী করা উচিত?পৌলোমী: খেলাটাকে পেশাদার হিসেবে নেওয়ার সুযোগ তৈরি করা দরকার। চাকরির ব্যবস্থা করতে হবে। আমাদের দেশে ভালো করলে চাকরি পাওয়া যায়।  টিটিতে ভারত অনেক এগিয়ে গেছে। রহস্যটা কী?পৌলোমী: মূল কারণ, আমাদের ওখানে পৃষ্ঠপোষণা আছে। কমনওয়েলথের আগে আমরা সারা বছরই বাইরে ছিলাম। এখনকার জুনিয়ররাও সারা বছর বিদেশে থাকে। বাইরে থেকে কোচ আসে। বছরব্যাপী ক্যাম্প হয়। ভারতে এই সুযোগ-সুবিধাগুলো বেশি। আপনি তো কলকাতার মেয়ে। কলকাতার কথা একটু বলুন...পৌলোমী: একটা সময় ভারতীয় দলে পাঁচটা ছেলে বা পাঁচটা মেয়ের মধ্যে চারজনই থাকত কলকাতার। এখন সাউথের মেয়েরা উঠে আসছে। তার পরও এখনো কলকাতাই এগিয়ে। বাঙালির রক্তেই আসলে টেবিল টেনিস। বাংলাদেশের মেয়েদের জন্য আপনার পরামর্শ কী?পৌলোমী: পরিশ্রম করে যেতে হবে। এটার বিকল্প নেই। পাশাপাশি পারিবারিক সমর্থনটা খুব দরকার। এটা অবশ্য মেয়েদের হাতে নেই। তবে এ ক্ষেত্রে নিজেকে ভাগ্যবান মনে করি। সেটা কেমন?পৌলোমী: আমি সবকিছুই পেয়েছি হাতের কাছে। দূরে যেতে হয়নি। দক্ষিণ কলকাতায় আমাদের বাড়ির উল্টো দিকে টিটি ক্লাব ছিল। নাচ, গান, আঁকার পাশাপাশি টিটিতে আগ্রহ জন্মালে বাবা ভর্তি করে দেন। তারপর খেলতে খেলতে এত দূর এলাম। এশিয়া তো বটেই, অলিম্পিকেও টিটিতে চীনে জয়জয়কার। বিশ্ব টিটি অঙ্গন আসলে কতটা কঠিন?পৌলোমী: অনেক কঠিন। আমি ধাপে ধাপে উঠে এসেছি। ভারতীয় জুনিয়রে তিনবার, সিনিয়রে ছয়বার চ্যাম্পিয়ন হয়েছি। ১৪ বছর বয়সে খেলেছি বিশ্ব চ্যাম্পিয়নশিপে। অলিম্পিকে খেলছি ২০০০ থেকে। কমনওয়েলথ গেমস এবং কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ মিলিয়ে দলগত ৮-১০টি পদক জিতেছি। বিশ্বের ১০ নম্বরকে হারিয়েছি। আমার সর্বোচ্চ বিশ্ব র‌্যাঙ্কিং ছিল ১৫৪। চেষ্টা করছি আরও ভালো করতে। আপনার স্বামীও তো টিটি তারকা। তাঁর কাছ থেকে নিশ্চয়ই ভালো সমর্থন পাচ্ছেন?পৌলোমী: (পাশেই বসা পৌলোমীর স্বামী কলকাতার ছেলে সৌম্যদীপ রায়, তিনিও ঢাকা লিগে খেলতে এসেছেন পাললিকের হয়ে) গত ফেব্রুয়ারিতে বিয়ে করেছি আমরা। সৌম্য ভারতে এক নম্বর খেলোয়াড়। আমাকে অনেক সাহায্য করছে। এটা আমার প্লাস পয়েন্ট।