তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার নামে নানা অনিয়ম চলছে বলে অভিযোগ রয়েছে। বহির্বিভাগে যেসব রোগী চিকিৎসার জন্য যায়, তাদের ওষুধ নেই অজুহাত দেখিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে। রোগীরা বাজার থেকে ওষুধ কিনে চিকিৎসা করাচ্ছে। ১৯৬৫ সালে স্থাপিত ৩১ শয্যার কমপ্লেক্সটিতে চলছে দীর্ঘদিন ধরে ওষুধের সংকট। রোগীর সংখ্যা বাড়লেও শয্যার সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেই। তাই রোগীদের মেঝে অথবা বারান্দায় থাকতে হচ্ছে। নয়জন ডাক্তারের পদ থাকলেও কর্মরত আছেন চারজন। স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশও স্বাস্থ্যসম্মত নয়। রোগীর থাকার কক্ষ, টয়লেট, বিছানা-বালিস নিয়মিত পরিষ্কার করা হয় না বলে জানান ভর্তি হওয়া ডাঙ্গাপাড়া গ্রামের রোগী লুত্ফর রহমান (৪০)। ১০ মার্চ দুপুর ১২টায় হাসপাতালের বহির্বিভাগে দেখা গেল রোগীদের প্রচণ্ড ভিড়। মেনানগর গ্রামের মোমেনা খাতুন (৩৬) বলেন, ‘সকাল থাকি এটে কোনা বসি আছি। এলা দুপর, ভিড়ের জন্য ঠেলাঠেলি করি যাইতে পাইছি না। আইজ ডাক্তার দেখাইতে পারমো কি না, তা আল্লায় জানে।’ কাছনা গ্রামের জয়নব খাতুন (২৮) জানান, বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের এক-দুইটা করে ক্যাপসুল দিয়ে বিদায় করা হয়। শাহ্পাড়া গ্রামের মঞ্জিলা খাতুন (৩৩) বলেন, ‘বাচ্চাটার জন্য চানু সিরাপ, দেলে ক্যাপচুল। কিন্তুক বাজন ছোট ছওয়া কি ক্যাপচুল খাবার পায়?’ বরাতি গ্রামের মেমী আক্তার (২২) বলেন, ‘আমরা গরিব মানুষ। টাকা দিয়া ওষুধ কিনবার পারি না। তাই সরকারি হসপিতালত থাকি যা দিছে, তাকে নিয়া যাইছি। পেসাবের জ্বালা, জ্বর, আমাশা, পাতলা পায়খানা—সবেরই ওষুধ খালি বড়ি দেয়। একটা দিনও বোতলের ওষুধ পানু না।’উত্তরপাড়া গ্রামের মমতাজ বেগম (২৫) বলেন, ‘ডাক্তার ঠিক সমে আইসে না। ওষুধ চাইলে কয় নাই। যেটা হামার কোনো উপকারত আইসে না, সেটা থাকি হামার লাব কী?’ রহিমাপুর গ্রামের শিক্ষিত যুবক কালাম (৩৫) বলেন, ‘এই হাসপাতালে সব অসুখের বড়ি ক্যাপসুল দেয়। আবার মাঝে-মধ্যে ওষুধ পাওয়া যায় না। যাদের একটু অবস্থা ভালো, তারা এখানে আসে না। গরিব মানুষ বাধ্য হয়ে এখানে এলেও তারা ডাক্তারের দেখা বেশির ভাগ সময় পায় না।’ খোর্দ্দ বেলাইচণ্ডী গ্রামের ভর্তি হওয়া রোগী মতিয়ার রহমান (৪৫) বলেন, ‘এখানে ওষুধ নেই, ঠিকমতো পথ্য নেই, দুর্গন্ধে আরও অসুস্থ হয়ে পড়ছি।’কুর্শা গ্রামের জয়নাল আবেদীন (৪০) বলেন, ‘বৃহস্পতিবার রাতে পেটের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছি। দুই দিনে চারটি ক্যাপসুল আর দুটি ট্যাবলেট পাইছি। বাকি ওষুধ কিনে খাইছি বাইরে থেকে। আমার মতো অন্য রোগীদেরও বাইরে থেকে সব ওষুধ কিনে খেতে হয়।’ পলাশবাড়ী গ্রামের ভুট্টু মিয়া বলেন, ‘দুই দিন থাকি ভর্তি আছি। কিন্তু বাজান, দুইটা ট্যাবলেট ছাড়া কিছুই দেয় নাই। এ পর্যন্ত ৪০০ টাকার ওষুধ কিনে খাইছি।’বৈদ্যনাথপুর গ্রামের বিপুল মিয়া (২৯) বলেন, ‘হাসপাতাল থেকে যে খাবার দেওয়া হয়, তা নিম্নমানের। খাওয়া যায় না। বাইরে থেকে খাবার কিনে খেতে হয়।’কুর্শা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাছনা বানু বলেন, ‘বেশির ভাগ ডাক্তার, কর্মচারী কর্মস্থলে থাকে না। তারা রংপুর জেলা সদর থেকে এসে অফিস করায় সঠিক সময়ে হাসপাতালে আসতে পারে না।’তারাগঞ্জ হাসপাতালের স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা শেখ ফজলুল হক বলেন, ‘জ্বর, সর্দি, ডায়রিয়া, কাশি, কৃমিনাশক, জ্বরবিরোধী, আয়রন, ভিটামিন, গ্যাস রোগের ওষুধ পর্যাপ্ত থাকলেও জীবাণুবিরোধী অ্যান্টিবায়োটিক ওষুধের সরবরাহ কম। এ কারণে রোগীদের এসব রোগের ওষুধ বাজার থেকে কিনে খেতে হয়। ডাক্তারের সংকটের কারণে হাসপাতাল চালাতে গিয়ে আমাকে সমস্যায় পড়তে হয়। পাঁচজনের স্থলে একজন সুইপার থাকায় হাসপাতালের টয়লেট নিজের টাকায় অন্য সুইপার এনে পরিষ্কার করাতে হয়। এসব সমস্যার কথা জেলা সিভিল সার্জনকে জানানো হয়েছে, কিন্তু কোনো ফল হয় নাই।’