‘বাচ্যা থাকতে আর বুঝিন পাকা সাঁকো দেখ্যা যাইতে পারব না’
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের গোয়াবাড়ি চাঁদপুর পুরোনো বর্ধিষ্ণু গ্রাম। গ্রামে চার শতাধিক পরিবারের বসবাস। গ্রামের ভেতর দিয়ে গেছে ছোট পাহাড়ি নদীর মতো একটি দীর্ঘ খাঁড়ি ও নালা। এর এক প্রান্ত শিবগঞ্জের কানসাট পাগলা নদী ও অপর প্রান্ত ভোলহাট উপজেলার মহানন্দা নদীর সঙ্গে মিলিত হয়েছে।এ খাঁড়ির নাম চালের ডারা, স্থানীয়ভাবে বলা হয় চালের ডারা। এ খাঁড়ির ওপর আছে প্রায় ১০০ মিটার লম্বা একটি বাঁশের সাঁকো। প্রায় এক দশক আগে এর দুই পাশে পাকা সড়ক নির্মিত হলেও সাঁকোটি পাকা হয়নি। আজও সাঁকো দিয়ে গোয়াবাড়ি চাঁদপুরের পশ্চিমপাড়ের লোকজনসহ শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শত শত মানুষ এই সাঁকো দিয়ে চলাচল করে।এই তিনটি ইউনিয়নের অধিকাংশ কৃষকের জমি সাঁকোর পূর্বপাশে অর্থাত্ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, নাচোল, গোমস্তাপুর ও নওগাঁর পোরশা এবং নিয়ামতপুর উপজেলার কৃষি জমি। ধান-সবজিসহ নানা কৃষিপণ্য এই সাঁকোর ওপর দিয়ে পরিবহন করতে হয়। এলাকার প্রচুর পরিমাণ আম পরিবহনও হয় এই সাঁকোর ওপর দিয়ে। আর এসব পারাপারের সময় অসংখ্যা দুর্ঘটনা ঘটে এই সাঁকোর ওপর। সাঁকো থেকে পণ্যসহ মানুষ পানিতে পড়ে যাওয়ার ঘটনাও ঘটেছে অসংখ্যবার। জনপ্রতিনিধিদের ‘হবে, এই হচ্ছে’ এমন প্রতিশ্রুতি পাওয়া গেছে অসংখ্যবার। অথচ খাঁড়ির ওপর পাকা সেতু নির্মাণ হয়নি আজও। গত সংসদ ও উপজেলা নির্বাচনের সময় প্রার্থীরা খাঁড়ির ওপর পাকা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেয়। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। গত সোমবার দুপুরে চাঁদপুর গ্রামে গেলে কথা হয় টিকরি গ্রামের আফজাল ও মকিমের সঙ্গে। আফজাল বলেন, ‘হামরা পোয়াল ব্যবসায়ী। মাঝেমধ্যেই পোয়াল লিয়া পার হই। পোয়ালের ভ্যান লিয়া খাঁড়ির পানিতে পড়্যাছি এ্যামুন ঘটনায় ঘট্যাছে হামারঘে জীবনে, একবার লয়, ম্যালাবার। হামারঘে দুখের শেষ নাই বুঝি।’ অপর পারে যেতেই এগিয়ে আসেন এ গ্রামের লিয়াকত আলী। ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘আপনাকে তো দেখনু ম্যালাবার। ফটোক তুইল্যা লিয়া গেলেন। কই কিছু হোইলো? খনোখাই (অযথা) লেখালেখি কইর্যা কুনু লাভ নাই। এগল্য লিয়্যা কথা কহিতে আর ভাল্লাগে না।’ সাঁকো থেকে একটু এগিয়েই গোয়াবাড়ি চাঁদপুর বাজার। সেখানে গিয়ে কথা হয় প্রভাতী ফার্মেসির মালিক মঈনুল ইসলামের সঙ্গে। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, জন্মের পর থেকেই শুনেছি সাঁকোটি পাঁকা হবে। কিন্তু কই হচ্ছে? মনে হয় এ জনমে আর পাকা সেতু দেখে যেতে পারব না।কথা হয় এলাকার বয়োজ্যেষ্ঠ ব্যক্তি মুনসি মোহাম্মদ গিয়াস উদ্দীন (৯২), সৈবুর রহমান (৭৭), গোয়াবাড়ি চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক জিল্লুর রহমানের সঙ্গেও। মুনসি মোহাম্মদ গিয়াস উদ্দীন বলেন, ‘প্রতিশ্রুতি শুনতে শুনতে কান ভোতরা হয়্যা গেল। কিন্তু সাঁকোটা আর পাকা হইলো না। বাচ্যা থাকতে আর বুঝিন পাকা সাঁকো দেখ্যা যাইতে পারব না’।এলাকার অন্যরা জানান, প্রতিবার ভোটের আগে একাধিক নির্বাচনী জনসভা হয়। প্রতি জনসভাতেই প্রার্থীরা প্রতিশ্রুতি দেয় নির্বাচত হলেই তাদের প্রথম কাজ হবে এ সাঁকো নির্মাণ করা। কিন্তু নির্বাচিত হওয়ার পর প্রতিশ্রুতির কথা ভুলে যান। বিএনপির শাহজাহান মিয়া পাঁচবার সাংসদ নির্বাচিত হয়েছেন। কিন্তু তবুও সাঁকোটি পাকা করার সময় পাননি। এবার আওয়ামী লীগের ব্রিগেডিয়ার (অব.) এনামুল হকও নির্বাচনী জনসভায় প্রতিশ্রুতি দিয়ে গেছেন সাঁকোটি পাকা করবেন। তিনি সাংসদ নির্বাচিত হয়েছেন। বিদ্যুত্ প্রতিমন্ত্রীও হয়েছেন। কিন্তু এখনো সাঁকো নির্মাণ হয়নি। শিবগঞ্জ উপজেলার চেয়ারম্যান কেরামত আলী নির্বাচনের আগে সাঁকোটি পাকা করে দেওয়ার চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দেওয়ার কথা স্বীকার করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সাঁকো পাকা করতে ৫০ লাখ টাকা বা তারও বেশি খরচ হবে বলে আমার ধারণা। এ পরিমাণ টাকা উপজেলা পরিষদের পক্ষে খরচ করা সম্ভব নয়। শুনেছি এলাকার উন্নয়নের জন্য বিদ্যুত্ প্রতিমন্ত্রী বরাদ্দ পেয়েছেন। এ বরাদ্দ থেকেই তিনি সাঁকোটি পাকা করার ব্যবস্থা করবেন। প্রকৃতপক্ষে প্রতিমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া সাঁকোটি নির্মাণ করা সম্ভব নয় বলেও মনে করি।’