সাইক্লিস্ট হিসেবে বেশি পরিচিত, তবে কম যান না হ্যান্ডবলেও। কাল শেষ হওয়া ডেল্টা লাইফ মহিলা কলেজ হ্যান্ডবলে তো সেরা খেলোয়াড়ই হলেন সোনিয়া ইয়াসমিন (অভি)। ফাইনাল শেষে নড়াইলের এই তরুণী কথা বললেন হ্যান্ডবল, সাইক্লিং সবকিছু নিয়েই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন ইডেন কলেজ। আপনাদের উল্লাস তো থামছেই না... সোনিয়া ইয়াসমিন (অভি): হ্যাঁ। খুবই ভালো লাগছে। এত আনন্দ লাগছে যে সেটা বলে বোঝাতে পারব না। সেরা খেলোয়াড় হয়েছি বলে আমার আনন্দটা একটু বেশিই। আপনি তো মূলত সাইক্লিস্ট। হ্যান্ডবলেও দারুণ খেলছেন। কোনটাকে বেশি প্রাধান্য দেন?অভি: অবশ্যই সাইক্লিংকেই আগে বেছে নেব। তবে হ্যান্ডবলে যদি জাতীয় দলে ডাক পাই, তাহলে আসব। আর সাইক্লিং যেহেতু বছরে একবারই হয়, এটার পাশাপাশি হ্যান্ডবলও খেলতে পারব। দুই ধরনের খেলা একসঙ্গে খেলেন। সমস্যা হয় না? অভি: আগেই বলেছি, সাইক্লিং বছরে একবার হয়। খুব বেশি ঝামেলা তাই পোহাতে হয় না। আমি বিজেএমসির হয়ে সাইক্লিং করি, আর হ্যান্ডবল খেলি ঢাকা জেলার হয়ে। দুটি দলই আমাকে সহযোগিতা করে। পড়াশোনা করছেন কিসে?অভি: ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে দ্বিতীয় বর্ষে পড়ছি। মাত্র ১৫ দিনের অনুশীলে এমন সাফল্য। রহস্য কী?অভি: গতবার আমরা প্রথম খেলেছিলাম এই টুর্নামেন্টে। ভালোমতো প্র্যাকটিস করতে না পারলেও সেবার তৃতীয় হই। এবার চ্যাম্পিয়ন হলাম। কারণ একটাই—আমাদের কোচ (রোজিনা খাতুন) খুবই ভালো। উনি জাতীয় মহিলা দলেরও কোচ। মাত্র ১৫ দিন হলেও আমাদের প্র্যাকটিস খুবই ভালোই হয়েছে। সবকিছু মিলিয়েই আমাদের এমন ফলাফল। ভিকারুননিসার তো হ্যান্ডবলের ঐতিহ্য আছে। ওদের সঙ্গে খেলার আগে কি স্নায়ুচাপে ভুগছিলেন?অভি: একটু ভয়ে ছিলাম। তবে ওদের চেয়ে আমাদের খেলোয়াড়েরা অনেক অভিজ্ঞ। আমরা খেলেছিও ওদের চেয়ে অনেক ভালো। হ্যান্ডবল নিয়মিতই কোর্টে আছে, কিন্তু সেভাবে আন্তর্জাতিক সাফল্য আসছে না, কেন?অভি: হ্যান্ডবলের উন্নতির জন্য প্রথমেই যেটা দরকার, সেটা হলো আন্তর্জাতিক ম্যাচ বেশি বেশি খেলা। অথবা যেসব প্রীতি ম্যাচ, আমন্ত্রণমূলক ম্যাচ হয় সেগুলোতে যদি আমাদের নিয়ে যাওয়া হয় তাহলেও অভিজ্ঞতা হবে, সাফল্য আসবে। পরিবার থেকে কেমন সমর্থন পান?অভি: আমাদের ক্রীড়া পরিবার। আমার খালা ছিলেন ব্যাডমিন্টন খেলোয়াড়। তবে আমি আসলে আমার আম্মার উৎ সাহেই খেলায় এসেছি। নানু ভাইও অনেক উৎ সাহ দিতেন। উনি বেঁচে নেই। এখন আমার স্বামী মোনাচ্ছেফ হোসেন পারভেজও (পাশে দাঁড়ানো ভদ্রলোককে দেখিয়ে) অনেক সাহায্য করে। ও এক্স ক্যাডেট। আগে খেলাধুলা করত। এখন না খেললেও খেলাধুলায় আগ্রহ দারুণ। ও বাংলাদেশ টেলিভিশনের কর্মকর্তা। সময় পেলেই আমার খেলা দেখতে চলে আসে। দেখেন না, আজও চলে এসেছে। সমানে আমার ছবি তুলছে। হ্যান্ডবলে অনেক মেয়েই আপনার মতো ভালো খেলে, আবার দুই দিন পর হারিয়ে যায়...অভি: বাংলাদেশে মেয়েদের যত দিন ফর্ম থাকে তত দিনই সবাই বাহবা দেয়। যখন ফর্ম নষ্ট হয়ে যায় তখন আর কেউ চেনে না। এমন অনেক হ্যান্ডবল খেলোয়াড় আছে যারা এভাবেই হারিয়ে গেছে। আমারও যদি একসময় ফর্ম চলে যায় তাহলে আমিও হারিয়ে যেতে পারি। কিন্তু আমরা হারিয়ে যেতে চাই না। এ জন্য সবার আগে প্রয়োজন ফেডারেশনের সাপোর্ট। সাইক্লিংয়ে তো চ্যাম্পিয়ন হয়েছেন, হ্যান্ডবলে কি এটাই প্রথম পুরস্কার?অভি: হ্যাঁ। এর আগে আমি কখনো হ্যান্ডবলে সেরা খেলোয়াড় হইনি। যখন আমার বয়স পাঁচ বছর তখন একবার পিকনিকে দৌড় দিয়ে প্রথম হয়েছিলাম। পুরস্কার হিসেবে লবণের বাটি পেয়েছিলাম। জীবনের প্রথম পুরস্কারটি আজও যত্ন করে রেখে দিয়েছি।