‘বাবরি মসজিদের সঙ্গে খ্যাতি-অখ্যাতির সম্পর্ক নেই’
বাবরি মসজিদ ভাঙাকে একটি ঘটনা বলে মন্তব্য করে ভারতের সুপ্রিম কোর্ট বলেছেন, এর সঙ্গে খ্যাতি বা অখ্যাতির কোনো সম্পর্ক নেই। আজ সোমবার বাবরি মসজিদের এক মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট এ কথা বলেন।বিজেপির নেতা লাল কৃষ্ণ আদভানি ও শিবসেনাপ্রধান বাল থাকরেসহ ২১ জনের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্ত সংস্থার (সিবিআই) আনা অভিযোগের বিষয়ে শুনানির সময় আদালত এ কথা বলেন। বিচারপতি এইচ এল দত্ত এবং সি কে প্রসাদের সমন্বয়ে গঠিত এক বেঞ্চে ওই শুনানি অনুষ্ঠিত হয়।শুনানির শুরুতে সরকারি কৌঁসুলি বলেন, ‘এটি বিখ্যাত বাবরি মসজিদ ভাঙা মামলা। এর পরই আদালত বলেন, বাবরি মসজিদ উচ্ছেদ ঘটনার সঙ্গে খ্যাতি বা অখ্যাতির বিষয়টি জড়িত নয়। এটি এমন এক ঘটনা, যা আমাদের সামনেই ঘটেছে।’আজকের শুনানির পর আগামী মার্চ পর্যন্ত আদালত মূলতবি ঘোষণা করা হয়েছে।সিবিআইয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে দেশটির সর্বোচ্চ আদালত গত বছরের ৪ মার্চ লাল কৃষ্ণ আদভানি, বাল থাকরে, কল্যাণ সিং, উমা ভারতীসহ ২১ জনের বিরুদ্ধে নোটিশ পাঠান। নোটিশে জানতে চাওয়া হয়, কেন তাঁদের বিরুদ্ধে বাবরি মসজিদ ভাঙার মামলায় ফৌজদারি অপরাধের অভিযোগ আনা হবে না। এরই শুনানি দিন নির্ধারিত ছিল আজ।১৯৯২ সালে ৬ ডিসেম্বর অযোধ্যার বাবরি মসজিদ ভাঙা হয়। এ নিয়ে দুটি মামলা হয়। একটি আদভানির বিরুদ্ধে এবং অন্যটি এক লাখ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে। পিটিআই।