‘বাবরের নির্দেশেই ছেড়ে দেওয়া হয় উলফাদের’
দশ ট্রাক অস্ত্র আটকের পর ঘটনার রাতেই উলফা সন্দেহে আটক পাঁচজনকে তত্কালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নির্দেশে ছেড়ে দেওয়া হয়। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে দেওয়া সাক্ষ্যে এ মামলার বাদী আহাদুর রহমান এ কথা বলেন। ২০০৪ সালের ১ এপ্রিল রাতে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) জেটিঘাট থেকে ১০ ট্রাক অস্ত্র আটকের রাতে তিনি কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছিলেন। সাক্ষ্য গ্রহণ শেষে আসামি সাবেক এনএসআইয়ের কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিমের পক্ষে আইনজীবী কামরুল ইসলাম সাক্ষীকে কিছুক্ষণ জেরা করেন। আদালত ২৬ নভেম্বর পর্যন্ত মামলার কার্যক্রম স্থগিত করেছেন। সাক্ষ্যে আহাদুর রহমান বলেন, ‘ঘটনার রাতে জেটিঘাট থেকে হাবিলদার গোলাম রসুল ও সার্জেন্ট হেলাল উদ্দিন উলফা সন্দেহে পাঁচ ব্যক্তিকে আটক করে বন্দর ফাঁড়িতে নেন। পরে সার্জেন্ট আলাউদ্দিনকে জিজ্ঞাসাবাদে জানতে পারি, আটক পাঁচজনকে বন্দর অঞ্চলের উপ-কমিশনার (ডিসি, পোর্ট) চট্টগ্রামের পুলিশ কমিশনারের পরামর্শে তত্কালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরের নির্দেশে ছেড়ে দেওয়ার আদেশ দেন।’ এর আগে অস্ত্র আটকের ঘটনার প্রত্যক্ষদর্শী পুলিশের অন্য তিন সদস্য সার্জেন্ট আলাউদ্দিন (২৯ আগস্ট), সার্জেন্ট হেলাল উদ্দিন (৩০ জুলাই) ও হাবিলদার গোলাম রসুল (৩১ অক্টোবর) আদালতে দেওয়া সাক্ষ্যে একই বক্তব্য দেন। আহাদুর রহমান সাক্ষ্যে বলেন, ‘অস্ত্র আটকের ঘটনায় ২০০৪ সালের ৩ এপ্রিল কর্ণফুলী থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা করি। ২০০৪ সালের ৩ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত আমি মামলা দুটি তদন্ত করেছি। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মামলা দুটি সিআইডি চট্টগ্রাম অঞ্চলে হস্তান্তর করি।’সাক্ষ্যে আহাদুর রহমান আরও বলেন, ‘পরে বিভিন্ন সূত্রে জানতে পারি, আটক অস্ত্র ও গোলাবারুদ ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য আনা হয়েছে। এ ঘটনার সঙ্গে চোরাকারবারি হাফিজুর রহমান, এনএসআইয়ের মাঠ কর্মকর্তা আকবর হোসেন খান, এনএসআইয়ের মহাপরিচালক মো. আবদুর রহিম, এনএসআইয়ের পরিচালক উইং কমান্ডার শাহাবুদ্দিন আহম্মদ ও এনএসআইয়ের মেজর লিয়াকতসহ অন্যান্যরা জড়িত।’ঘটনার রাতে বন্দর অঞ্চলের তত্কালীন পুলিশ উপ-কমিশনার (ডিসি, পোর্ট) ঘটনাস্থলে যান উল্লেখ করে সাক্ষ্যে আহাদুর রহমান বলেন, ‘আবুল হোসেন ও হাফিজকে ডিসি পোর্টের কাছে হাজির করতে বললে সার্জেন্ট আলাউদ্দিন জানায় হাফিজ পালিয়ে গেছে। আবুল হোসেন ডিসি পোর্টকেও অস্ত্র ও গোলাবারুদ ছেড়ে দিতে চাপ দেয়। ডিসি পোর্ট রাজি না হলে কিছুক্ষণ পর আবুল হোসেন সেখান থেকে সরে পড়ে। পরে জানতে পারি আবুল হোসেনই এনএসআইয়ের মেজর লিয়াকত।’সাক্ষ্যের শেষ দিকে আহাদুর রহমান বলেন, ‘সেই সময়ের সরকারের কঠিন চাপের কারণে সাক্ষ্যে এসব কথা বলিনি।’