সেই ১৯৯৭ সালে যাত্রা শুরু করেছেন। জাতীয় দলের কাবাডি খেলোয়াড় ফারহানা সুলতানা (শীলা) লম্বা ভ্রমণ শেষ করলেন কাল। অবসর নিলেন সব ধরনের কাবাডি থেকে। জুরাইন জনতার হয়ে মহিলা কাবাডি লিগে খেলতে নেমে বিদায় বলার সময় আবেগাক্রান্ত হয়ে পড়লেন বিজেএমসির এই খেলোয়াড় এখনো তো খেলে যেতে পারতেন। কেন অবসরে যাচ্ছেন?ফারহানা সুলতানা (শীলা): আসলে দীর্ঘদিন ধরে কাবাডি, সাইক্লিং ও ফুটবল খেলছি। কোনো না কোনো খেলা থেকে অবসর নিতেই হবে। এর আগে যদিও ফুটবল থেকে অবসর নিইনি। তবে ফুটবল স্বেচ্ছায় ছেড়েছি। কাবাডিতে মাঠ থেকেই অবসর নেওয়ার চিন্তা করলাম। মনে হলো, অনেক হয়েছে। এবার অন্য কিছু করতে চাই। অবসরের পর কী করবেন?ফারহানা: কিছুদিন আগে অলিম্পিক সলিডারিটি কোচেস কোর্স করেছি। রেফারির ট্রেনিংও করেছি। ইচ্ছা আছে কাবাডি ফেডারেশনের সঙ্গে যুক্ত থেকে কিছু না কিছু করি। সেই সঙ্গে নতুন খেলোয়াড় তৈরি করতে চাই। আমাদের দেশে মাঠ থেকে অবসর নেওয়ার এমন ঘটনা ক্রিকেট-ফুটবলেই দেখা যায়। হঠাৎ কী মনে করে এভাবে কাবাডি মাঠ থেকে বিদায় নিলেন? ফারহানা: আমার নিজের কাছেও এটাকে ব্যতিক্রম মনে হচ্ছে। আমাকে ফুলের মালা পরিয়ে দিয়েছে ফেডারেশন থেকে। সত্যি বলতে, আমাদের দেশে খেলার বাইরের মানুষেরাই বেশি সম্মান পায়। খেলোয়াড়েরা সেভাবে সম্মান পায় না। নজরুল ইসলাম সাহেব (কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক) আমাকে বলেছিলেন মাঠ থেকে অবসর নিতে। তাই এমন সিদ্ধান্ত। আরেকটা কথা, আমার মতো বিদায় নেওয়ার সময় অন্যদেরও যেন কাবাডি ফেডারেশন এমন সংবর্ধনা দেয়। এত দিনের খেলোয়াড়ি জীবনে পেছনে ফিরে তাকালে প্রাপ্তি-অপ্রাপ্তির খাতায় কী পেলেন?ফারহানা: আমাকে এত পথ পাড়ি দিতে অনেক কষ্ট করতে হয়েছে। আমি হাজি বংশের মেয়ে। খেলার কারণে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। খেলার কারণে বাবা ত্যাজ্য করেন আমাকে। এরপর নতুন করে জীবন শুরু করি। মাঝখানে আমার স্বামীও আমাকে ছেড়ে চলে যায়। তার পরও পেছনে না তাকিয়ে সামনের দিকে অগ্রসর হয়েছি। এখন আমি দু-দুটো দোকানের মালিক। ঢাকা শহরে ছয় কাঠা জায়গা কিনেছি। শুধু ক্রীড়াঙ্গনে থেকেই এতসব করেছি। আপনার এই লড়াইটা নিশ্চয়ই অন্য মেয়েদের অনুপ্রেরণা জোগাবে...ফারহানা: তা তো অবশ্যই। এমনিতেই আমরা মুসলিমপ্রধান দেশের নাগরিক। ঘর থেকে মেয়েরা বেরোতে পারে না। ফেডারেশন, স্কুল ও ক্লাবগুলো যদি ঘন ঘন খেলার আয়োজন করে, তাহলে আমার মতো হাজি বংশের মেয়েও বের হয়ে আসবে। বাংলাদেশের কাবাডি কি আগের চেয়ে এগিয়েছে?ফারহানা: অন্য খেলার তুলনায় এগিয়েছে। কিন্তু আমাদের ফেডারেশনের কিছু কর্মকর্তার কারণে এখনো মেয়েরা কাবাডিতে আসতে চায় না। কাবাডি তো ছাড়লেন। আর কত দিন সাইক্লিং খেলবেন?ফারহানা: আল্লাহ চাইলে আরও দুই-তিন বছর সাইক্লিং খেলব। সাইক্লিং না কাবাডি খেলোয়াড় হিসেবে বেশি পরিচিতি চান?ফারহানা: সাইক্লিংয়ে যতটুকু সম্মান পেয়েছি, কাবাডিতে এর চেয়ে দ্বিগুণ পেয়েছি। আমি যখন হায়দরাবাদে ২০০২ এশিয়ান সাইক্লিং চ্যাম্পিয়নশিপে দু-দুটি রুপা ও ব্রোঞ্জ জিতি, তখন সাবেক সাংসদ নাসির উদ্দীন পিন্টু সাহেব ছিলেন সাইক্লিং ফেডারেশনের সভাপতি। তখন ওরা আমাকে এক কাপ চা খেতেও ডাকেনি। কিন্তু কাবাডির কর্মকর্তারা তুলনামূলক আন্তরিক। তাই অবসর নেওয়ার এই সময়ে এসে আমি খুশি। অনেক সম্মান পেয়েছি।