‘বাবা-কাকু উৎসাহ দেন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা নিখিল চন্দ্র সরকার দর্জির কাজ করে সংসার চালান। সচ্ছলতা নেই, কিন্তু মেয়ে পাপিয়া রানী সরকারের চোখে বড় অ্যাথলেট হওয়ার স্বপ্ন। এরই মধ্যে সে অনেক দূর এগিয়েছে, জাতীয় জুনিয়রে দশম সোনা জিতে নজরও কাড়ছে। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হওয়া ২৬তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিকসে ২০০ মিটারে সোনাজয়ী এই কিশোরী বলল তার উঠে আসার গল্প তোমার গ্রামের বাড়ি কোথায়? পাপিয়া রানী সরকার: নেত্রকোনার আটপাড়া থানার নোয়াপাড়া গ্রামে আমাদের বাড়ি। তোমাদের সংসার চলে কীভাবে? কয় ভাই-বোন তোমরা?পাপিয়া: বাড়ির পাশে বাজারে বাবার দর্জির দোকান আছে, ওটা দিয়েই চলে যায়। ধানের জমি আছে। চাল কিনতে হয় না। আমরা চার বোন, এক ভাই। আমি দ্বিতীয়, আমার বড় এক বোন আছে। ওর বিয়ে হয়ে গেছে। নিশ্চয়ই অনেক বাধা পাচ্ছ সামনে, তার পরও কীভাবে এগিয়ে চলেছ?পাপিয়া: বাধা এলে কিছু করার নেই। তবে আমার খেলার ব্যাপারে বাবা-কাকু সবাই সহযোগিতা করেন, উৎসাহ দেন। আমি গ্রামের মেয়ে, কিন্তু এমনটা কারও কাছে শুনি না যে তুমি কেন খেলছ? তাই ভালো একজন অ্যাথলেট হওয়ার ইচ্ছা আমাকে এগিয়ে নিচ্ছে। আজ তো বাবা আমার খেলা দেখতে নেত্রকোনা থেকে চলে এসেছেন।  এখানে অনেকেই তোমার প্রশংসা করছে। বলছে, তুমি সিনিয়র পর্যায়ে ভালো করবে ভবিষ্যতে। পারবে? পাপিয়া: পারব না কেন, মানুষই তো পারে। সামনে আমি অবশ্যই সিনিয়র পর্যায়ে ভালো করব। তুমি বিকেএসপিতে কবে ভর্তি হয়েছ?পাপিয়া: পত্রিকায় বিজ্ঞপ্তি দেখে আমার এক বন্ধু বলেছিল দরখাস্ত করার জন্য। স্কুলে অ্যাথলেটিকস করতাম, তিনটি ইভেন্টে খেলে সবগুলোতে প্রথম হতাম। নেত্রকোনা স্টেডিয়ামে ট্রায়াল দিতে কাকু নিয়ে গেছেন। ট্রায়ালে টিকে যাওয়ার পর ২০০৬ সালেই ভর্তি হই। জাতীয় জুনিয়রে এসে তো তুমি একগাদা সোনা নিয়ে যাও...পাপিয়া: জাতীয় জুনিয়রে ২০০৭ সালে প্রথম খেলে লংজাম্প, হার্ডলস আর রিলেতে সোনা জিতি। ২০০৮ সালে ১০০ ও ২০০ মিটার স্প্রিন্ট, লংজাম্প, হার্ডলস আর একশ মিটার রিলে—৫টি সোনা পাই। গত বছর একটি সোনা শুধু রিলেতে। শরীর ভালো ছিল না, তাই খারাপ করেছি। এবার এখন পর্যন্ত একটি ইভেন্ট হয়েছে, একটিতেই সোনা। প্রতিবারই আমি এই মিটের সর্বোচ্চ অনূর্ধ্ব-১৮ বিভাগে খেলেছি। বিউটিদের চেন? ওদের হারিয়ে জায়গাটা দখল করতে পারলে তো সবাই তোমাকে চিনবে...পাপিয়া: ভাইয়া...আমিও সেটাই চাই। খেলা আমি দেখতে আসি ঢাকায়। ওনাদের জায়গায় যাওয়াই আমার লক্ষ্য। একশ মিটারে সেরা হওয়া আমার বড় স্বপ্ন। বিশ্ব অ্যাথলেটিকস দেখ? পাপিয়া: দেখি। মেয়েদের মধ্যে শেলিকে (জ্যামাইকান শেলি অ্যান ফ্রেজার, ১০০ মিটারে অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়ন) ভালো লাগে। আর বোল্টকে সবার মতো আমারও ভালো লাগে।  খেলার বাইরে কী করতে তোমার বেশি ভালো লাগে?পাপিয়া: (হাসি) খেলার বাইরে আর কী করব...টিভি দেখি। হিন্দি সিরিয়াল দেখি বেশি।  বিশ্বকাপ ফুটবল দেখবে এবার? প্রিয় দল কোনটি? কার খেলা বেশি ভালো লাগে?পাপিয়া: বিশ্বকাপ দেখব। আমার প্রিয় দল ব্রাজিল। কাকার খেলা বেশি ভালো লাগে। মেসিকেও ভালো লাগে, তবে কাকা সুন্দর বেশি...তার খেলাও ভালো।