‘বাবা চাইতেন যেন ফুটবলার হই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট ফুটবল একাডেমির জন্য অনূর্ধ্ব-১৪ ফুটবলারদের ঢাকা বিভাগীয় পর্বের বাছাই শেষ হলো কাল। এই বিভাগ থেকে চূড়ান্ত পর্বে সুযোগ পাওয়া অন্যতম ফুটবলার রুবেল হোসেন। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাছাইপর্ব শেষে ১৩ বছর বয়সী মিডফিল্ডার বলল তার আকাশছোঁয়া স্বপ্নের কথা  ইয়েস কার্ড পেলে, কিন্তু তোমার মুখে হাসি নেই কেন?রুবেল হোসেন: আমার বন্ধু ইমরান, মাসুদ—ওদের জন্য খুব খারাপ লাগছে। ওরা বাদ পড়েছে। আমরা সবাই যদি সুযোগ পেতাম, খুব ভালো লাগত। কার উৎসাহে ফুটবলে এসেছ?রুবেল: আমি অনেক ছোট থাকতেই ফুটবল খেলি। সারাক্ষণ বল নিয়ে ঘুরতাম বলে বড় ভাই শফিকুল সারাক্ষণ রাগ করতেন। আমার বন্ধুবান্ধব যারা আছে ওরাও ফুটবল খেলে। এক দিন না খেললে আমার ভালো লাগে না। প্রতিদিনের মতো সেদিনও আরামবাগ বালুর মাঠে খালি পায়ে খেলছিলাম। আমার খেলা দেখে পাড়ার বড় ভাই সুজন আমাকে স্থানীয় কোচ কালা ভাইয়ের হাতে তুলে দেন। তখন থেকেই আমি কালা ভাইয়ের কাছে খেলা শিখছি। এবার পাইওনিয়ারে খেলছি আরামবাগের হয়ে। খালি পায়ে খেলতে কেন? তোমার বুট ছিল না?রুবেল: না। আমার বুট-জার্সি কিছুই ছিল না তখন। বুট-জার্সি কিনব কীভাবে? বাবা মারা যাওয়ার পর মা খুব কষ্টেসৃষ্টে সংসার চালাচ্ছেন। মাকে বলতেই পারি না বুটের কথা। আমাকে অবশ্য পরে এক জোড়া নতুন বুট ও এক সেট জার্সি কিনে দিয়েছিলেন সুজন ভাই। তোমার বড় ভাই কি তোমাকে কিছু কিনে দেয়নি?রুবেল: না। আমার ভাই আমাকে খেলতে মানা করে। ভাই যাত্রাবাড়ীতে পিতলের কারখানায় কাজ করে। আমাকেও সেখানে কাজে নিতে চাইত। কিন্তু আমি যেতে চাইতাম না। লুকিয়ে লুকিয়ে খেলতে চলে আসতাম। আমার মা ভাইয়ের মতো না। মা অনেক উৎসাহ দেন। বাবাও দিতেন। বাবা চাইতেন আমি যেন ফুটবলার হই।  তোমার বাবার স্মৃতি কতটুকু মনে আছে?রুবেল: আমার বয়স যখন নয় বছর, বাবা মারা যান। সবাই বলে বাবাকে কারা যেন বাণ মেরেছিল। মানে জাদু-টোনা করেছিল। বাবা ছিলেন রংমিস্ত্রি। বিল্ডিংয়ে বিল্ডিংয়ে রং করে বেড়াতেন। কাজ শেষে বাড়ি ফিরলে বাবাকে বলতাম, তুমি আমার জন্য কী এনেছ? একদিন দেখি বাবা আমার জন্য একটা বল কিনে নিয়ে এসেছে। সেদিন আমার কী যে আনন্দ হয়েছিল। তুমি কোন ক্লাসে পড়ো?রুবেল: আমি স্কুলে যাই না। চতুর্থ শ্রেণীতে পড়ার সময় লেখাপড়া ছেড়ে দিই। বাবা মারা যাওয়ার পর মা আমার লেখাপড়ার খরচ জোগাতে পারেন না। এ জন্য আর স্কুলে যাই না।  তুমি কি ভেবেছিলে যে সেরা ১০ জনের মধ্যে থাকতে পারবে?রুবেল: আমি আত্মবিশ্বাসী ছিলাম। আমার খেলা স্যাররা দেখেছেন। ওনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আজ আমাকে হাফটাইমের পর নামানো হয়েছিল। রাইট উইংয়ে একবার খেলেছি। এরপর লেফট উইংয়ে খেললাম খানিকক্ষণ। অনেকগুলো বল বানিয়ে দিয়েছি। তোমার আদর্শ ফুটবলার কে?রুবেল: দেশে এনামুল ভাই (আবাহনীতে খেলা জাতীয় দলের স্ট্রাইকার), দেশের বাইরে ক্রিস্টিয়ানো রোনালদোর খেলা খুব ভালো লাগে। এনামুল ভাই বল নিয়ে যেভাবে টান দেন...আমি ওনার খুব ভক্ত।  ভবিষ্যতে তোমার স্বপ্ন কী?রুবেল: আমি এনামুল ভাইয়ের মতো বড় ফুটবলার হতে চাই। কিন্তু আগে আমাকে চূড়ান্ত ৩০ জনের মধ্যে টিকতে তো হবে।