‘আজ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর মেয়ে তাঁর বাবার জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করছেন। আর তা দেখে অনেকে সহানুভূতিতে বিগলিত হয়ে পড়ছেন। অথচ একাত্তরে এই সাকা চৌধুরীর ইঙ্গিতেই আমার বাবা ও ভাইকে জীবন দিতে হয়েছে। সেদিন আমার মা ও সাত ভাইবোনের আহাজারিতে তাঁদের বুক গলেনি। সান্ত্বনা দূরে থাক, উল্টো সাকা চৌধুরীর বাবা ফজলুল কাদের চৌধুরীর ভর্ৎসনা শুনতে হয়েছে।’গতকাল রোববার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের ডিসি হিলে এক সংবাদ সম্মেলনে একাত্তরের শহীদ মুক্তিযোদ্ধা শেখ মোজাফফর আহমেদ ও ভাই শেখ মো. আলমগীরকে নিয়ে এভাবেই স্মৃতিচারণা করছিলেন শেখ মো. জাহাঙ্গীর (৭৩)। শেখ জাহাঙ্গীর ছিলেন তৎকালীন নগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা নির্বাহী সদস্য। তাঁর বাবা মোজাফফর ছিলেন বৃহত্তর চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ভাই আলমগীর মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন। এ অপরাধে মুক্তিযোদ্ধা বাবা-ছেলেকে একাত্তরে খুন করা হয়।মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ থাকা সাকা চৌধুরীর মুক্তির দাবিতে বিভিন্ন সংবাদমাধ্যমে তাঁর মেয়ের দেওয়া বক্তব্যের জবাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বইমেলা পরিষদ ‘স্মৃতি-৭১’ শীর্ষক এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে আরও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন ও রাউজান ছাত্রলীগের সাবেক সহসভাপতি আবু ফরহাদ মো.শাহাবু। সংবাদ সম্মেলনে শেখ মো. জাহাঙ্গীর বলেন, ১৯৭১ সালের ১৭ এপ্রিল তাঁর বাবা ও ভাই গ্রামের বাড়ি রাউজানের ইয়াছিন নগর থেকে গাড়ি নিয়ে বের হওয়ার সময় সাকা চৌধুরী ও তাঁর সহযোগীরা তাঁদের ধরে নিয়ে যান। পরে তাঁদের পাকিস্তানি সেনাবাহিনীর হাতে তুলে দেন। এরপর থেকে তাঁদের আর কোনো খোঁজ মেলেনি। তিনি তাঁর বাবা-ভাইয়ের হত্যাকারী সাকা চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন বলেন, সাকা চৌধুরী ও পাকিস্তানি বাহিনীর এ দেশীয় দোসর আল-বদর, রাজাকারদের হাতে রাউজানে ৪০০ থেকে ৫০০ মানুষ খুন হয়।