‘বাবা হত্যার বিচার চাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেসক্লাবের সামনের রাস্তায় প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে কাঁদছে শিশু কাজী তানহা হায়দার। প্ল্যাকার্ডে লেখা, ‘আমি বাবা হত্যার বিচার চাই।’ এই শিশুটির পিতা মিরপুর থানার মধ্য পীরেরবাগের বাড়ির মালিক কাজী জিয়া হায়দার। সন্ত্রাসীরা তাঁকে খুন করেছে।সেই খুনের আসামিদের গ্রেপ্তারের দাবিতে স্বজনদের সঙ্গে এ শিশুটিও এসে দাঁড়িয়েছে রাস্তায়, মানববন্ধনে। সঙ্গে আছে তার সহপাঠীরাও। আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়। নিহত জিয়া হায়দারের পরিবার ও এলাকাবাসী এতে অংশ নেন।২১ জানুয়ারি বাসায় ঢুকে গুলি করে বাড়ির মালিক কাজী জিয়া হায়দারকে হত্যা করে দুর্বৃত্তরা। পরিবারের অভিযোগ, নিচতলার ভাড়াটে আবদুল মজিদের বাসায় জুয়ার আসরে বাধা দেওয়ায় জিয়াকে হত্যা করা হয়। ঘটনার পর তাঁর স্ত্রী কাজী সেলিনা আজমী বাদী হয়ে থানায় মামলা করেন। পুলিশ ভাড়াটে আবদুল মজিদ ও তাঁর স্ত্রী রূপা আক্তারকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে। গত বৃহস্পতিবার কামাল হোসেন নামের আরেক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর থেমে যায় পুলিশি তত্পরতা।মানববন্ধনে আসা জিয়া হায়দারের পরিবার ও এলাকাবাসী অভিযোগ করেন, এক সপ্তাহ পেরিয়ে গেলেও পুলিশ চিহ্নিত আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। অথচ আসামিরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশকে বিষয়টি জানালেও তারা কোনো পদক্ষেপ নেয়নি।কাজী সেলিনা আজমী বলেন, কাজী জিয়া হায়দার হত্যার পর থেকে তিনি দুই মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় আছেন। তিনি মামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি জানান। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করেন তিনি।অভিযোগের ব্যাপারে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) ইয়াছিন গাজী প্রথম আলোকে বলেন, ঘটনার পর থেকে অন্য আসামিরা এলাকা ছাড়া। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। রিমান্ডে মজিদ ও রূপার কাছ থেকে পাওয়া তথ্য তদন্তের স্বার্থে প্রকাশ করা যাচ্ছে না বলে তিনি জানান।