‘বাবাকে টেম্পো কিনে দিতে চাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তার গোলেই এগিয়ে গিয়েছিল রাবেয়া হোসেন উচ্চবিদ্যালয়। কিন্তু টাইব্রেকারে পেনাল্টি মিস করে নায়ক থেকে মুহূর্তেই খলনায়কে পরিণত হয়েছিল মোহাম্মদ রাব্বি। শেষ পর্যন্ত তার দল জিতেছে, তার হাতে উঠেছে জাতীয় স্কুল ফুটবলে টুর্নামেন্টসেরার পুরস্কার টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়ে খুব খুশি তো?মোহাম্মদ রাব্বি: কী যে খুশি লাগছে, সেটা বলে বোঝাতে পারছি না।  তুমি কি ভেবেছিলে যে, সেরা খেলোয়াড় তুমিই হতে পারো?রাব্বি: আগে থেকে কি এটা কেউ বলতে পারে? তবে আমার একটা জেদ ছিল যে, আমাকে এখানে সেরা খেলোয়াড় হওয়ার চেষ্টা করতে হবে। সেভাবেই প্রতিটি ম্যাচে খেলেছি। জেদের পেছনে কোনো বিশেষ কারণ আছে?রাব্বি: না। তেমন কোনো কারণ নেই। তবে নিজের সঙ্গেই নিজে বাজি ধরেছিলাম, সেরা খেলোয়াড় হওয়ার চেষ্টা করব। চেষ্টা করতে তো দোষ নেই।  তুমি তো মিডফিল্ডার। কিন্তু টুর্নামেন্টে পাঁচ গোল করে ফেললে...রাব্বি: মিডফিল্ডার হলেও দলের প্রয়োজনে সব সময় চেষ্টা করি গোল করতে। সেভাবেই গোলগুলো পেয়ে গেছি। তুমি এই যে ফাইনালে রংধনু শটে গোল করলে, এটা নিয়ে কি আলাদাভাবে অনুশীলন করেছ?রাব্বি: না। আলাদাভাবে অনুশীলন করিনি। সবার সঙ্গেই আমি অনুশীলন করি।  তোমার গোলেই একসময় এগিয়ে গিয়েছিল দল। আবার টাইব্রেকারে গড়ানোর পর পেনাল্টিতে তুমি গোল করতে পারলে না। কী মনে হচ্ছিল তখন?রাব্বি: আমি আসলে একটু স্নায়ুচাপে ভুগছিলাম। পেনাল্টি মিস করার পর খুবই খারাপ লাগছিল। ভাবছিলাম, এই বুঝি হেরে গেলাম। আল্লাহকে ধন্যবাদ যে শেষ পর্যন্ত আমরা জিতেছি। তোমাকে ফুটবলে নিয়ে এসেছে কে?রাব্বি: আমার কোচ মোহাম্মদ সুজন স্যার। (পাশে দাঁড়ানো কোচকে দেখিয়ে) স্যারই আমাকে এই পর্যায়ে তুলে এনেছেন। আমি যখন ক্লাস থ্রিতে পড়ি, তখন থেকেই স্যার আমাকে প্র্যাকটিসে নিয়ে আসতেন। এমনও দিন গেছে, আমার প্র্যাকটিসে আসা-যাওয়ার টাকা নেই। তখন স্যার ২০-৫০ টাকা দিয়েছেন। এর আগে কি কোনো টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হয়েছ?রাব্বি: না। জীবনে এই প্রথম সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলাম। এক লাখ টাকা পাচ্ছ। কী করবে এই টাকা দিয়ে?রাব্বি: আমাদের পরিবার আর্থিকভাবে ততটা সচ্ছল নয়। বাবা আবুল কাশেম নারায়ণগঞ্জ শহরে টেম্পো চালান। টাকার অভাবে আমার বড় দুই ভাই পড়াশোনা করতে পারেননি। তাঁরাও এখন টেম্পো চালান। আমি এই টাকা দিয়ে বাবাকে একটা টেম্পো কিনে দিতে চাই। এই পুরস্কার কাকে উৎসর্গ করেছ?রাব্বি: আমার মাকে। মা স্বপ্ন দেখেন, আমি একদিন বড় ফুটবলার হব। মায়ের কারণেই আমি ভালো খেলার অনুপ্রেরণা পাই।  তোমার প্রিয় খেলোয়াড় কে?রাব্বি: স্পেনের ডেভিড সিলভা আমার আদর্শ। আমি মিডফিল্ডার, উনিও তাই। এ জন্যই তাঁকে আমার বেশি ভালো লাগে। তুমি নাকি প্রতিদিন হেঁটে হেঁটে অনুশীলনে আসো?রাব্বি: হ্যাঁ। শীতলক্ষ্যার ওপারে নবীগঞ্জে আমাদের বাড়ি। প্রতিদিন প্র্যাকটিসে আসার গাড়িভাড়া আমার কাছে থাকে না। তাই হেঁটেই আসি। এখন এটা অভ্যাস হয়ে গেছে।