‘বাবাকেই বড় বেশি মিস করছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাহনীর তৃতীয় গোলরক্ষক তিনি। তা হোক, শহীদুল আলম সোহেলই কাল হয়ে গেলেন আবাহনীর গোলদুর্গের প্রধান ভরসা। সুপার কাপের ফাইনালে টাইব্রেকারে দুটি শট ঠেকিয়ে নায়ক বনে গেলেন চট্টগ্রামের ২১ বছর বয়সী তরুণ। ম্যাচ শেষে তাঁকেই যে বেশি উচ্ছ্বসিত দেখাবে, এতে অবাক হওয়ার কী আছে! কোটি টাকার হিরো তো আপনিই। কেমন লাগছে?শহীদুল আলম (সোহেল): খুবই ভালো লাগছে। এই আনন্দ ভাষায় প্রকাশ করতে পারছি না।  এমন একটা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কি ভেবেছিলেন, আপনিই গোলবার আগলাবেন?শহীদুল: আমি আসলেই ভাবিনি যে এই ম্যাচে আমি কিপিং করব। জিয়া ভাই প্র্যাকটিসে ব্যথা পাওয়ার পরই মনে হচ্ছিল যে আমাকে গোলকিপিং করতে হতে পারে। হিমেল ভাইও মোটামুটি ফিট ছিলেন। কিন্তু উনি কেন জানি খেলতে পারলেন না। প্র্যাকটিসে কোচ আমাকে অনেক ট্রেনিং করিয়েছেন। আমিও অবশ্য খুব বেশি ভালো জায়গায় ছিলাম না। আমারও হাঁটুতে ইনজুরি। তার পরও ভালোই খেললাম।  আপনি কতটুকু আত্মবিশ্বাসী ছিলেন?শহীদুল: আমি খুবই আত্মবিশ্বাসী ছিলাম। এই ম্যাচে হারা যাবে না—এমনটা ভেবেই মাঠে এসেছিলাম। গত সুপার কাপে আবাহনী যখন হেরে গিয়েছিল, তখন আবাহনীতেই আমি। তখনই আমার ইচ্ছা হয়েছিল, যদি এমন ম্যাচে গোলকিপিং করতে পারতাম। আমি আসলে ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম, আবাহনীতে খেলব। এবার লিগে অনেক ম্যাচ তো আপনার কারণে হেরেছে আবাহনী। এটা কি বাড়তি চাপ ছিল?শহীদুল: এটা সত্যি, আবাহনী এবারের লিগে আমার কারণে অনেক ম্যাচে হেরেছে। আমি বাজে গোল খেয়েছি। এজন্য প্র্যাকটিসে অনেক সময় আত্মবিশ্বাস পেতাম না। তবে এসব নিয়ে চিন্তিত ছিলাম না। সব সময় ভাবতাম, নিজের স্বাভাবিক খেলাটা খেলব।  মোহামেডান-আবাহনী ম্যাচ। নিশ্চয়ই এই ম্যাচে স্নায়ুচাপে ভুগছিলেন?শহীদুল: না, না। এর আগে মোহামেডানের বিপক্ষে আমি একবার খেলেছি এবং জিতেছি।  সেরা একাদশে খেলার এমন সুযোগ কি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন?শহীদুল: অবশ্যই চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আমি আসলে গত তিন ম্যাচেই ভালো করেছি। যদিও জিয়া ভাই অনেক সিনিয়র। দলে তাঁর জায়গা অনেক আগে। তবে আমি গোলকিপার হিসেবে থাকি, এটা চাইতাম মনে মনে। চ্যালেঞ্জটা নিয়ে নিলাম। পেনাল্টি ঠেকানোর আগে কি আলাদা কোনো পরিকল্পনা করেছিলেন?শহীদুল: না। সে রকম কিছু ভাবছিলাম না। তবে যখন যিনি শট মারেন, তখন তাঁর চোখের দিকে তাকাই। তারপর সে অনুসারে পজিশন নিই। আপনার পরিবারের সঙ্গে কি কথা হয়েছে? কেউ মাঠে এসেছিল?শহীদুল: না। সবাই টিভিতে খেলা দেখেছে। আজ এমন একটা দিনে বাবাকে খুব মিস করছি। আমার বাবা ইউসুফ গনি চাইতেন আমি ফুটবলার হব। আবাহনীতে খেলব। কিন্তু আমার সাফল্য দেখে যেতে পারলেন না। গত বছরের ২১ আগস্ট ব্রেন স্ট্রোকে মারা গেছেন। আমার মাকেও হারিয়েছি। তবে আজ খেলার মাঠে বাবাকেই বড় বেশি মিস করছি।  আপনার প্রিয় গোলকিপার কে?শহীদুল: রিয়াল মাদ্রিদের ইকার ক্যাসিয়াস ও চেলসির পিওতর চেক।