‘বাবার টাকা চুরি করে সাইকেল কিনি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সাইক্লিংয়ের পুরুষ বিভাগে সাত বছর ধরে চ্যাম্পিয়ন তরিকুল ইসলাম। এবারও ৪০ কিলোমিটার ম্যাস স্টার্টে সোনা জিতে শুরু করেছেন। যশোরের অভয়নগরের তরুণের নেশাটাই সাইক্লিং। অথচ প্রাপ্তির খাতায় ‘শূন্য’ বলে সোনা জিতেও ততটা উচ্ছ্বসিত হন না এখন। সোনা জেতার পরও মুখে হাসি দেখছি না আপনার?তরিকুল ইসলাম: সাত বছর ধরে এই ইভেন্টে আর কেউ সোনা জিততে পারে না। অন্য কেউ আমাকে হারাতে পারবে না—এই বিশ্বাস আগে থেকেই ছিল। সোনা জিতলেও বিজেএমসি থেকে কোনো প্রমোশন পাব না, বোনাসও পাব না। এসব ভাবলেই সোনা জয়ের আনন্দ থাকে না। এখানে শ্রমিক কার্ডে বেতন দেয় আমাদের। রেশন-সুবিধা নেই। একটা ভালো সাইকেলের জন্য মন খারাপ থাকে। বিজেএমসির ফুটবলারদের দেখি কত সুযোগ-সুবিধা, আমাদের কিছুই নেই। যদি কোনো স্পনসর আমাদের জন্য এগিয়ে আসত, খুব খুশি হতাম। বিজেএমসি ছাড়া অন্য কোনো সংস্থা থেকে কি প্রস্তাব পেয়েছিলেন?তরিকুল: যখন বিজেএমসি বন্ধ হয়ে গিয়েছিল, আনসারে খেলতে গিয়েছিলাম। ওরা চাকরি দেওয়ার কথা বলে নিয়ে গিয়েছিল। তিন বছর আনসারে খেলি। আমি ও আমার ছোট ভাই দুজনেই খেলেছি। কিন্তু চাকরি হয়নি বলে আনসার ছেড়ে চলে এসেছি। তবে বিজেএমসি এখনো চাকরি স্থায়ী করার নিশ্চয়তা দেয়নি।  আপনি নাকি সর্বশেষ সাফ গেমসে ডাক পেয়েও খেলতে পারেননি?তরিকুল: ফেডারেশন থেকে আমাকে ডেকেছিল। কিন্তু ঢাকায় আসার পর ট্রায়াল না নিয়েই বাদ দিয়ে দেওয়া হয় আমাকে। এই দুঃখ কোনো দিন ভুলব না। এর আগেও একবার এমন হয়েছিল। ২০০৬ সালে মালয়েশিয়াগামী দলে ছিলাম। আমার ঠিকানায় চিঠি গেল। কিন্তু পরে ফেডারেশন থেকে বলা হলো, ‘ক্যাম্পে খাওয়া-দাওয়া খারাপ। তুমি বাড়ি থেকেই প্র্যাকটিস করো। পরে আমরা তোমাকে ডেকে নেব।’ এরপর যোগাযোগ করলে বলা হলো, ‘তোমার আসা লাগবে না।’  যশোরে তো সাইক্লিংটা বেশ জনপ্রিয়। তরিকুল: হ্যাঁ, যশোরে সাইক্লিং অনেক জনপ্রিয়। বাঘারপাড়ায় ক্রীড়া প্রতিযোগিতা হলে সাইক্লিং তাতে থাকেই।  আপনি কার উৎসাহে সাইক্লিস্ট হলেন?তরিকুল: আমার মামা ছিলেন অ্যাথলেট। উনি খেলার সুবাদে কাস্টমসে চাকরি পেয়েছিলেন। মামা আমাকে বললেন, ‘তুই তো ভালো সাইকেল চালাস, সাইক্লিংটা খেলতে পারিস।’ এরপর আনোয়ার নামের এক চাচাতো ভাইয়ের কাছে সাইক্লিং শিখতে বললেন। কিন্তু আমার তখন কোনো সাইকেলই ছিল না। বাবা এক স্কুলের নৈশপ্রহরী। দিন আনি দিন খাই অবস্থা। কী করব কিছুই বুঝতে পারছিলাম না। তারপর?তরিকুল: বাবার টাকা চুরি করে সাইকেল কিনি। এক রাতে দেখি, বাবা গরু বেচে কিছু টাকা নিয়ে এসেছেন। সেখান থেকে ৩৫০০ টাকা চুরি করলাম। এরপর আরও ১৫০০ টাকা ধার করি আমার মামির কাছে। সব মিলিয়ে একটা সাইকেল কিনে ফেলি।  অনুশীলন করেন কোথায়?তরিকুল: ক্যাম্পে থাকলে বিজেএমসিতে অনুশীলন করি। আমার কোচ আবদুল কুদ্দুস স্যার অনেক ভালো মানের একজন কোচ। নিয়মিত ১০০ চক্কর দিই। আর বাড়িতে থাকলে যশোর বিশ্বরোডে প্র্যাকটিস করি। কিন্তু রাস্তায় প্র্যাকটিস করা খুব ঝুঁকিপূর্ণ। ভেলোড্রামের কথা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি আমরা।