‘বাবাসহ কয়েকজনকে সাকা চৌধুরী সেনাদের নিয়ে হত্যা করেন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১৩তম সাক্ষী আশিস চৌধুরী। জবানবন্দিতে তিনি বলেন, তাঁর বাবাসহ পরিবারের কয়েকজনকে একাত্তরের ১৩ এপ্রিল পাকিস্তানি সেনাদের নিয়ে সাকা চৌধুরী ও স্থানীয় মুসলিম লীগের অনুসারীরা গুলি করে হত্যা করেন। পরিবারের জীবিত কয়েকজনের কাছে তিনি এ কথা শুনেছেন।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে দুই সদস্যের (এক সদস্য অনুপস্থিত ছিলেন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আশিসের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম। এ সময় আসামির কাঠগড়ায় সাকা চৌধুরী হাজির ছিলেন।জবানবন্দিতে আশিস চৌধুরী (৪৯) বলেন, তাঁর বাড়ি চট্টগ্রামের রাউজান থানার জগৎমল্লপাড়ায়। একাত্তরের ১৩ এপ্রিল তাঁর বাবা প্রেমাংশু বিমল চৌধুরী মাকে তাঁদের (ছেলেমেয়েদের) নিয়ে বিনাজুড়িতে বোনের বাড়িতে চলে যেতে বলেন। এতে মা জ্যোৎস্না রানী চৌধুরী তাঁদের নিয়ে বিনাজুড়িতে যান। বেলা দুইটা-আড়াইটার দিকে তাঁর ছোট মামা অরবিন্দ সিংহ বিনাজুড়ির ওই বাড়িতে গিয়ে জানান, সাকা চৌধুরী এবং স্থানীয় মুসলিম লীগের অনুসারীরা পাকিস্তানি সেনাদের নিয়ে তাঁর বাবা প্রেমাংশু, জ্যাঠা অশোক কুমার চৌধুরী, জেঠিমা মনোরমা চৌধুরী, কাকা সিতাংশু বিমল চৌধুরী, জ্যাঠাতো ভাই সমীর চৌধুরীসহ পরিবারের আরও কয়েকজন সদস্য এবং গ্রামের ৩০-৩৫ জনকে গুলি করে হত্যা করেছে। তাঁর আরেক জেঠিমা জ্যোৎস্না বালা চৌধুরী, প্রতিবেশী অমলেন্দু সরকারসহ অনেকে আহত হন। এরপর ওই বাড়িতে থাকা নিরাপদ নয় ধরে তাঁকে ও তাঁর দুই বোনকে নিয়ে মা মামার সঙ্গে প্রথমে বড়ুয়াপাড়া ও পরে ভারতের আগরতলা শরণার্থী শিবিরে চলে যান।সাক্ষী বলেন, মুক্তিযুদ্ধ শেষে দেশে ফিরে তিনি দেখেন, তাঁদের বাড়ির চতুর্দিকে জঙ্গল হয়ে গেছে, দরজা-জানালা নেই। কিছু দরজা-জানালার ছাইভস্ম পড়ে আছে। লোকমুখে শোনেন, তাঁদের বাড়িতে হত্যাকাণ্ডের চার দিন পর বড়ুয়াপাড়ার লোকজন এসে উঠানে তাঁদের গণকবর দিয়েছে। পরে আরেক কাকা সন্তোষ রঞ্জন চৌধুরী বারইপাড়া ও বড়ুয়াপাড়া থেকে লোকজন ডেকে এনে গণকবর থেকে হাড়গোড় তুলে পারিবারিক শ্মশানে নিয়ে দাহ করেন। হত্যাকাণ্ডের ঘটনা তিনি জেঠিমা জ্যোৎস্না, কাকা সন্তোষ ও প্রতিবেশী অমলেন্দুর মুখেও শোনেন। জেঠিমার বাঁ পাঁজরে গুলি লাগে।আশিস বলেন, দেশে ফিরে তিনি আরও শোনেন, জগৎমল্লপাড়ায় হত্যাকাণ্ডের এক মাস পর সাকা চৌধুরীর অনুসারীরা তাঁদের বাড়ি থেকে বিজয় কৃষ্ণ চৌধুরী, বিভূতিভূষণ চৌধুরী ও ধীরেন্দ্র চৌধুরীকে ধরে নিয়ে ডাবুয়া খালের পাড়ে হত্যা করে। জগৎমল্লপাড়ার ওই হত্যাকাণ্ডের স্মরণে সেখানে তৈরি করা স্মৃতিসৌধে শহীদদের নাম লেখা আছে।জবানবন্দির শেষ পর্যায়ে আসামির কাঠগড়ায় থাকা সাকা চৌধুরীকে শনাক্ত করেন সাক্ষী আশিস। পরে তাঁকে একটি প্রশ্ন করে জেরা শুরু করেন আসামিপক্ষের প্রধান আইনজীবী আহসানুল হক। আজ মঙ্গলবার আশিসকে আবার জেরা করা হবে।১৬ সেপ্টেম্বর দেওয়া জবানবন্দিতে এই মামলায় রাষ্ট্রপক্ষের দ্বাদশ সাক্ষী অরুণাংশু বিমল চৌধুরী (৮০) বলেছিলেন, জগৎমল্লপাড়ায় হত্যাকাণ্ডে তিনি পরিবারের আট সদস্যসহ অনেককে হারিয়েছেন। এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত ছিলেন, তা তিনি জানেন না।