পলাতক চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল মঙ্গলবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের সপ্তম সাক্ষী সৈয়দ মর্তুজা নাজমুল (৪৭)। জবানবন্দিতে তিনি বলেছেন, মা-চাচাদের কাছে ও পত্র-পত্রিকার মাধ্যমে তিনি জেনেছেন, তাঁর বাবা শহীদ সাংবাদিক সৈয়দ নাজমুল হকসহ অন্য বুদ্ধিজীবীদের অপহরণ ও হত্যায় মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান সক্রিয়ভাবে জড়িত ছিলেন।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ মর্তুজা নাজমুলের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমান। তিনি শহীদ সাংবাদিক নাজমুল হকের বড় ছেলে। তিনি জবানবন্দি দেওয়ার আগে এ মামলার ষষ্ঠ সাক্ষী ও শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের ছোট ছেলে তৌহীদ রেজা নূরকে জেরা শেষ করেন আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবদুস শুকুর খান ও সালমা হাই।জবানবন্দিতে মর্তুজা নাজমুল বলেন, একাত্তরে তাঁরা পুরানা পল্টনের একটি দোতলা বাড়ির নিচতলায় ভাড়া থাকতেন। তাঁর বাবা পাকিস্তান প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) প্রধান প্রতিবেদক ছিলেন। এ ছাড়া পাকিস্তান থেকে প্রকাশিত ডন, পাকিস্তান অবজারভার ও ঢাকা টাইমস-এ কাজ করতেন। ১৯৬৯ সালে তাঁর বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত প্রেস সচিব হিসেবে ইউরোপ ও লন্ডন সফরে যান। একাত্তরের ২৫ মার্চ মধ্যরাতে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়ার পর বঙ্গবন্ধুর বিরুদ্ধে তাঁর বাবাকে সাক্ষ্য দিতে তৎকালীন পাকিস্তান সরকার পশ্চিম পাকিস্তানে নিয়ে নির্যাতন করে। দুই দফায় তাঁকে সেখানে নেওয়া হলেও তিনি বঙ্গবন্ধুর বিরুদ্ধে সাক্ষ্য দিতে রাজি না হওয়ায় তাঁকে দেশে ফিরিয়ে আনা হয়। একাত্তরের ১০ ডিসেম্বর দিবাগত রাত চারটায় তাঁদের বাসায় আলবদর বাহিনীর আট-দশজন অস্ত্রধারী এসে জোরপূর্বক দরজা ভেঙে ভেতরে ঢোকে। এ সময় তাঁর বাবা, মা, ভাইবোনেরা দোতলার সিঁড়িতে আশ্রয় নেন। অস্ত্রধারীরা বাবার নাম ধরে ডাকলে তিনি নিচে নেমে নিজের পরিচয় দেন। এরপর তাঁকে ধরে একটি গাড়িতে করে নিয়ে যাওয়া হয়।রাষ্ট্রপক্ষের এ সাক্ষী বলেন, তিনি জেনেছেন, তাঁর বাবাকে অপহরণের আগে আলবদররা সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন, আ ন ম গোলাম মোস্তফাকে অপহরণ করে। ১২ ডিসেম্বর সাংবাদিক নিজামউদ্দিন, ১৩ ডিসেম্বর সেলিনা পরভীন, ১৪ ডিসেম্বর শহীদুল্লা কায়সার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষককে অপহরণ করা হয়। তাঁরা বিভিন্ন স্থানে খুঁজেও বাবার লাশ পাননি। স্বাধীনতার পর তিনি মা ও চাচাদের কাছে শোনেন, তাঁরা বিভিন্ন পত্রিকা পড়ে জেনেছেন, একাত্তরে তাঁর বাবাসহ অন্য বুদ্ধিজীবীদের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় ইসলামী ছাত্রসংঘের (জামায়াতের তৎকালীন ছাত্রসংগঠন) নেতা মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান সক্রিয়ভাবে জড়িত ছিলেন। সাংবাদিক আতাউস সামাদও তাঁকে একই কথা বলেন। জবানবন্দির শেষ পর্যায়ে তিনি তাঁর বাবাসহ অন্য বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডের বিচার চান।জবানবন্দি শেষে মর্তুজা নাজমুলকে জেরা করেন আবদুস শুকুর খান ও সালমা হাই। আইনজীবী মত (সাজেশন) দেন, তাঁর বাবার হত্যাকাণ্ডে মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান জড়িত ছিলেন না, পাকিস্তানি সেনারা তাঁর বাবাকে হত্যার পর লাশ গুম করেছে। জবাবে মর্তুজা নাজমুল বলেন, এটা সত্য নয়। তাঁকে জেরা শেষে এই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আজ বুধবার দিন ধার্য করা হয়।