‘বামবলয়’ গড়তে গিয়ে আরও বিভক্ত হচ্ছে বাম দলগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্বাধীন দুই জোটের বাইরে বামপন্থীদের বৃহত্তর ‘বামবলয়’ গড়তে গিয়ে ঐক্যের বদলে বিভক্তি বাড়ছে বামপন্থী দলগুলোর মধ্যে।বামপন্থীদের বিভক্তির সর্বশেষ সংযোজন হলো, গণতান্ত্রিক বাম মোর্চা থেকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সদস্যপদ স্থগিত করা। এর আগে বাসদ ৩ জুলাই বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সঙ্গে নতুন জোট গঠনের প্রক্রিয়া শুরু করার ঘোষণা দেয়। এরই পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার বাম মোর্চার কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় বাসদের সদস্যপদ স্থগিত করার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে বাম মোর্চার সমন্বয়ক পদে থাকা বাসদের বজলুর রশীদকে সরিয়ে দিয়ে এই পদে নতুন দায়িত্ব দেওয়া হয় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিকে। আজ শনিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ ও বাম মোর্চার অবস্থান তুলে ধরা হবে।বাসদ, গণসংহতি আন্দোলন ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টিসহ ১০টি বামপন্থী দল মিলে গঠিত হয় গণতান্ত্রিক বাম মোর্চা। জানতে চাইলে এই মোর্চার নতুন সমন্বয়ক জোনায়েদ সাকি প্রথম আলোকে বলেন, ‘বাম মোর্চার শরিক থেকে কোনো দল একই সঙ্গে আরেকটি জোটভুক্ত হতে পারে না। এটা জোটের রাজনীতি চর্চার সাধারণ রীতিনীতির পরিপন্থী ও অসংগতিপূর্ণ।’বামপন্থী দলগুলোর নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, আগামী নির্বাচন সামনে রেখে উদার ও গণতান্ত্রিক বাম প্রগতিশীলদের নিয়ে একটি ‘বৃহত্তর বামবলয়’ বা ঐক্য গড়ার লক্ষ্যে তৎপরতা শুরু হয়েছে। সিপিবি ও বাসদের এই ঐক্যকে একই তৎপরতার অংশ বলে বামপন্থী ঘরানায় প্রচার আছে।অবশ্য, বামপন্থীদের একটি অংশ মনে করে, আগামী নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে দর-কষাকষি করার লক্ষ্যে বামপন্থীদের পৃথক আরেকটি জোট গড়ার চেষ্টা চলছে। নির্দলীয় সরকারের দাবি বাস্তবায়িত না হলে প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচনে নাও আসতে পারে। এ অবস্থায় বামপন্থী দলগুলোর একটা অংশ জোট করে নির্বাচনে অংশ নিতে চায়। তারা মনে করে, এ ক্ষেত্রে আওয়ামী লীগের সঙ্গে দর-কষাকষি বা বোঝাপড়া করে রাজনৈতিকভাবে সুবিধা নেওয়া সম্ভব হবে। এ জন্য নতুন ঐক্যপ্রক্রিয়ায় বামপন্থীদের বাইরে গণফোরাম, কৃষক শ্রমিক জনতা লীগ, বিকল্পধারা, পংকজ ভট্টাচার্যের নেতৃত্বাধীন গণঐক্যের মতো প্রগতিশীল দলগুলোকেও জোটে টানার চেষ্টা থাকবে। তবে এখন পর্যন্ত এসব দলের সঙ্গে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।অবশ্য নির্বাচনকেন্দ্রিক এ ধরনের পরিকল্পনা বা তৎপরতার কথা নাকচ করে দিয়েছেন সিপিবির সভাপতি মনজুরুল আহসান খান। তিনি বলেন, ‘সিপিবি তার স্বাধীন অবস্থান থেকে এক চুলও নড়েনি। যুদ্ধাপরাধীর বিচার চাওয়া, বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়া, বিশ্বব্যাংকের বিরুদ্ধে কথা বলা যদি আওয়ামী লীগের বলয়ে চলে যাওয়া হয়, তাহলে আমাদের করার কিছু নেই।’বাম মোর্চা থেকে বাসদের সদস্যপদ স্থগিত করাকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেন মনজুরুল আহসান খান। তিনি বলেন, ‘বাম মোর্চা নিজেও স্বীকার করে, সিপিবিকে ছাড়া বৃহত্তর বাম ঐক্য গঠন করা সম্ভব নয়। কিন্তু তারা দ্বিধাদ্বন্দ্বে আছে। আমরা আর কতকাল অপেক্ষা করব।’বামপন্থী একাধিক নেতা জানান, বাম ঐক্য গড়ার লক্ষ্যে এর আগে কিছুদিন একসঙ্গে চলার পর সিপিবি ও গণতান্ত্রিক বাম মোর্চার মধ্যে দূরত্ব তৈরি হয় গত বছরের ডিসেম্বরে। তখন সিপিবির বিরুদ্ধে অভিযোগ ছিল, গণতান্ত্রিক বাম মোর্চার নেতারা সিপিবির সঙ্গে দীর্ঘ আলোচনার পর ঐক্যবদ্ধ কর্মসূচি শুরু করে। কিন্তু সিপিবি হঠাৎ করেই বাম মোর্চাকে না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসে এবং ওই বৈঠকে যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে আওয়ামী লীগের সঙ্গে যুগপৎ কর্মসূচিতে যুক্ত হওয়ার ঘোষণা দেয়। তখন বাম মোর্চা সংবাদ সম্মেলন করে সিপিবির ওই উদ্যোগকে ‘আত্মঘাতী’ ও বৃহত্তর বাম ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে ‘বড় আঘাত’ বলে আখ্যায়িত করে।তখন আওয়ামী লীগের সঙ্গে সিপিবির যুগপৎ কর্মসূচির বিরোধিতা করে এখন আবার সিপিবির সঙ্গে জোট করার বিষয়ে জানতে চাইলে বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘এ বিষয়ে সিপিবির সঙ্গে আমাদের চুক্তি হয়েছে, তারা কোনো ইস্যুতেই আওয়ামী লী বা বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন করবে না।’দূরত্ব তৈরি হলেও সিপিবি ও বাম মোর্চার নেতারা সম্প্রতি দুই দফা বৈঠক করেন। ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে সিপিবি-বাম মোর্চা একক প্রার্থীও ঘোষণা করেছিল। বাম মোর্চার নাম প্রকাশে অনিচ্ছুক একজন নেতা জানান, মোর্চার পক্ষ থেকে বাম ঐক্য গড়ার লক্ষ্যে একটি রাজনৈতিক বক্তব্য তৈরি করা হচ্ছিল। সিপিবিকেও তাতে অন্তর্ভুক্ত করার আলোচনা হয়। বাসদ এর মধ্যেই সিপিবির সঙ্গে মিলে আরেকটি বক্তব্য তৈরি করে বাম মোর্চার কাছে উপস্থাপন করে।বাসদ-সিপিবির সদ্য গড়া এই জোট বৃহত্তর বাম ঐক্য গঠনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করবে বলে মনে করেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, ‘তাঁরা বাম ঐক্যের কথা বলছেন, অথচ বামদের মধ্যে বড় জোট হচ্ছে বাম মোর্চা। সে জোট থেকে বের হয়ে যাওয়া স্ববিরোধিতা।’ তা ছাড়া ওই দুই দলের আওয়ামী লীগের বলয়ের বাইরে স্বাধীন রাজনীতি গড়ে তোলার কোনো লক্ষ্য দেখা যাচ্ছে না বলেও দাবি করেন সাইফুল হক।