‘বার্মা’ নামে আপত্তি মিয়ানমারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারকে ‘বার্মা’ বলে সম্বোধন করায় মার্কিন যুক্তরাষ্ট্রকে তিরস্কার করেছে মিয়ানমার সরকার। একই সঙ্গে মিয়ানমারকে তার দাপ্তরিক নামে সম্বোধন করে দুই দেশের মধ্যকার সুসম্পর্ককে অব্যাহত রাখার অনুরোধও জানানো হয়েছে। রয়টার্স জানায়, মিয়ানমারের উত্তরাঞ্চলীয় কচিন রাজ্যে জাতিগত সংঘাত নিয়ে রেঙ্গুনে অবস্থিত মার্কিন দূতাবাস মিয়ানমার সরকারকে এক চিঠি দেয়। ওই চিঠিতে কয়েকটি স্থানে ‘বার্মা’ শব্দটি ব্যবহার করা হয়। এ চিঠির জবাবে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের উচিত অন্যান্য দেশ ও জাতিসংঘের মতো ‘মিয়ানমার’ শব্দটি ব্যবহার করা। মার্কিন দূতাবাসের প্রেস বিজ্ঞপ্তিতে ‘বার্মা’, ‘বর্মি সরকার’ ও ‘বর্মি সেনাবাহিনী’ শব্দগুলোর ব্যবহারে তীব্র আপত্তি জানায় মিয়ানমার।বিবৃতিতে বলা হয়, গত বছর মিয়ানমার সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দেশটিকে ‘মিয়ানমার’ নামেই সম্বোধন করেছিলেন। তাই মার্কিন দূতাবাসের উচিত তাঁকে অনুসরণ করা।দশকের পর দশক ধরে তিক্ত সম্পর্কের পর মিয়ানমারের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করে যুক্তরাষ্ট্র। এমনকি যুক্তরাষ্ট্র মিয়ানমারের ওপর থেকে বিভিন্ন নিষেধাজ্ঞাও তুলে নেয়। মিয়ানমারে বিভিন্ন জাতিগোষ্ঠীর বাস। এদের মধ্যে বর্মিরা সংখ্যাগরিষ্ঠ। বর্মি ভাষায় মিয়ানমারকে বার্মা ও মিয়ানমার দুই নামেই ডাকা হয়। সব জাতিগোষ্ঠীর কাছে দেশটিকে গ্রহণযোগ্য করে তোলার লক্ষ্যে ১৯৮৯ সালে তত্কালীন সরকার এর নাম করে মিয়ানমার। তবে বর্মি জাতিগোষ্ঠীর নোবেলজয়ী ও গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিসহ প্রধান বিরোধী দলের অন্য নেতারা দেশটিকে বার্মা বলেই সম্বোধন করে আসছেন।