‘বালিশের তলায় বন্দুক নিয়ে ঘুমান’
ভারতে হামলা, জর্জিয়াতে হামলার চেষ্টা এবং থাইল্যান্ডে তিনটি বিস্ফোরণের ঘটনার পর সারা বিশ্বের ইসরায়েলি কূটনীতিকদের সতর্ক থাকতে বলা হয়েছে। আর ইসরায়েলের সাবেক একজন নিরাপত্তা কর্মকর্তা ইসরায়েলি কূটনীতিকদের বালিশের নিচে বন্দুক নিয়ে ঘুমানোর পরামর্শ দিয়েছেন।ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা ‘সিন বেতের’ সাবেক কর্মকর্তা নিমরোদ ফার্স্টেনবার্গ বলেছেন, এখন সতর্ক থাকাই হবে সবার প্রথম কাজ। তিনি কূটনীতিকদের সতর্ক করে দিয়ে বলেন, ‘আপনারা ঘুমানোর আগে বালিশের নিচে বন্দুক এবং ফ্লাশলাইট রাখবেন।’ওয়াইনেটনিউজ ডটকমের খবরে বলা হয়, বিদেশে অবস্থানরত ইসরায়েলি কূটনীতিকেরা এখন নিরাপত্তা ঝুঁকিতে আছেন। এমনকি তাঁদের ছোট ছোট সন্তানদেরও সতর্ক থাকতে হচ্ছে।গত সোমবার নয়াদিল্লিতে ইসরায়েলি দূতাবাসের এক কর্মকর্তার গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। এতে এক কূটনীতিকসহ চারজন আহত হন। একই দিনে জর্জিয়ার রাজধানী তিবলিশিতে ইসরায়েলি দূতাবাসের সামনে একটি গাড়ির নিচ থেকে পুলিশ বোমা উদ্ধার করে। পরে তা নিষ্ক্রিয় করা হয়। আর গতকাল মঙ্গলবার থাইল্যান্ডে তিনটি বোমা বিস্ফোরিত হয়। এতে ইরানের এক ব্যক্তি আহত হন।ইসরায়েলের প্রবীণ কূটনীতিক এলি সেকদ বলেন, ওই হামলার প্রভাব সবার ওপরেই পড়ছে, এমনকি শিশুরা পর্যন্ত স্কুলে যেতে পারছে না।আইএএনএসের খবরে বলা হয়, ইসরায়েলি কূটনীতিকদের কয়েক দিন গাড়িতে করে চলাফেরা না করার জন্য বলা হয়েছে।