‘বালু তুলতে কারও অনুমতির প্রয়োজন মনে করি না’
বগুড়ার ধুনটে কোটি টাকা ব্যয়ে নির্মিত যমুনা নদীর ভাঙনরোধ প্রকল্প বালুদস্যুদের কারণে ধ্বংস হচ্ছে। ক্ষমতাসীন দলের নাম ভাঙিয়ে সক্রিয় একটি সিন্ডিকেট প্রকল্পের ক্ষতি করে বালু তোলা, বহন ও বেচাকেনার ব্যবসা চালাচ্ছে।বগুড়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, ২০০৮ সালের মাঝামাঝি সময়ে ভান্ডারবাড়ী গ্রামে যমুনা নদীতে ভয়াবহ ভাঙন শুরু হয়। আপেল সরকারের বাড়ি থেকে পান্না চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত ৫০০ মিটার দৈর্ঘ্য নদীর ভাঙন ঠেকাতে জিও ব্যাগ (বালুর বস্তা) ফেলার কাজ হাতে নেওয়া হয়। গত ২৫ মে দুই কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে প্রকল্পের কাজ শুরু করা হয়। এর মধ্যে ২০০৯ সালে এক কোটি টাকা ব্যয়ে ৫৯ হাজার বালুভর্তি জিও ব্যাগ ভাঙন স্থানে ফেলার কথা ছিল। কিন্তু প্রায় ২০ হাজার বালুভর্তি জিও ব্যাগ ফেলানো হয়েছে। অবশিষ্ট টাকার কাজ ২০১০ সালে করার কথা। ঠিকাদার এইচ মঈনুল ইসলাম ওই প্রকল্পের কাজ করেন। প্রকল্পের কাজ এখনো শেষ হয়নি। অথচ বালুদস্যুদের কারণে ওই প্রকল্পটি ধ্বংসের মুখে।২ এপ্রিল সরেজমিনে দেখা যায়, ঢেকুরিয়া বাজার এলাকার ব্যবসায়ী ময়ান আলী ও জহুরুল ইসলামের শ্রমিকেরা বালু তুলছেন। ওই দুই ব্যবসায়ী সরকারি দলের সক্রিয় সদস্য বলে তাঁরা পরিচয় দেন। বালু তুলতে সরকারি কোনো অনুমতি নেই। বিনা অনুমতিতে এক মাস ধরে যমুনার বুকে জেগে ওঠা চর থেকে বালু তোলা হচ্ছে। সেখান থেকে বালু বড় বড় নৌকায় করে আনা হচ্ছে ভান্ডারবাড়ী আপেল সরকারের বাড়ির ঘাটে। যে ঘাটের ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলা হয়েছে। সেই ঘাট থেকে বালু তোলা হচ্ছে নদীর পাড়ে। শ্রমিকেরা টুকরিভর্তি বালু মাথায় নিয়ে জিও ব্যাগের ওপর দিয়ে হেঁটে বালু বহন করছেন। শ্রমিকের পায়ের ভারে জিও ব্যাগ নষ্ট হচ্ছে। ভাঙন ঠেকানোর জন্য ফেলানো বালুভর্তি জিও ব্যাগ ভেঙে পড়ছে নদীতে। এভাবেই শ্রমিকেরা নদী থেকে তোলা বালুপাড়ে এনে স্তূপ করছেন। সেখান থেকে ট্রাকে করে বালু নিয়ে বন্যানিয়ন্ত্রণ বাঁধ হয়ে বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছে। বালুভর্তি ভারী ট্রাকের চাকায় বন্যানিয়ন্ত্রণ বাঁধের মাটিও উঠে ক্ষতি হচ্ছে।বালু ব্যবসায়ী ময়ান আলী বলেন, ‘যমুনার চর থেকে বালু তোলা হচ্ছে। সরকারি দল করি, বালু তুলতে কারও অনুমতির প্রয়োজন মনে করি না। প্রতি ট্রাক বালু ৩০০ টাকায় বিক্রি করা হচ্ছে।’ব্যবসায়ী জহুরুল ইসলাম বলেন, ‘শ্রমিকেরা খুব সাবধানে নৌকা থেকে বালু তুলে নদীর পাড়ে রাখছেন। বালুভর্তি জিও ব্যাগের ওপর দিয়ে ধীরে ধীরে বালু বহন করছেন। এতে জিও ব্যাগের কোনো ক্ষতি হচ্ছে না।’ভান্ডারবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান বেলাল হোসেন বলেন, ‘বালু ব্যবসায়ীরা এলাকার প্রভাবশালী লোকজন। ওরা কারও হুকুম হাকাম মানে না। তার পরও বন্যানিয়ন্ত্রণ বাঁধ ও বালুভর্তি জিও ব্যাগের ক্ষতির বিষয়টি আমি ওদের বলেছি।’পানি উন্নয়ন বোর্ড বগুড়ার উপবিভাগীয় প্রকৌশলী জহুরুল হক বলেন, ‘তীর সংরক্ষণ প্রকল্প এলাকায় জিও ব্যাগ ফেলানো হয়েছে। এই স্থানে নৌকা থামিয়ে শ্রমিকদের বালু তোলার বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পেলে ব্যবস্থা গ্রহণ করব।’ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ হারুন বলেন, ‘যমুনা নদী থেকে বালু উত্তোলনের কোনো সরকারি অনুমতি নেই। তা ছাড়া বাঁধ ও জিও ব্যাগের ক্ষতি করে বালু তোলার বিষয়টি জানি না। খোঁজ নিয়ে দেখে বন্ধ করার ব্যবস্থা করছি।’