‘বালু তোলায় সেতু দেবে গেছে’
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নে বারোমাসি নদী থেকে অবৈধভাবে বালু তোলায় গোড়কমণ্ডল সেতুটির মাঝখানে দেবে গেছে। ৩ সেপ্টেম্বর বিকেলে ইটভর্তি একটি ট্রাক্টর সেতুটি পার হওয়ার সময় এ ঘটনা ঘটে।৪ সেপ্টেম্বর সেতুটি দেখতে গেলে স্থানীয় লোকজন জানান, সেতুর প্রায় ৫০ ফুট দূরে ১৫ থেকে ২০ দিন ধরে স্থানীয় মজিদুল হক ও আনোয়ারের নেতৃত্বে বয়েজ উদ্দিন (৪০) নামের এক বালু ব্যবসায়ী শ্যালো মেশিন দিয়ে বারোমাসি নদীর মাঝ থেকে বালু তুলে আসছিলেন। নদী থেকে বালু তোলা অবস্থায় ৩ সেপ্টেম্বর বিকেলে ইটভর্তি একটি ট্রাক্টর সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় সেতুটির পশ্চিম প্রান্তের দ্বিতীয় ও তৃতীয় স্প্যানের মাঝের অংশটি কমপক্ষে তিন ফুট দেবে যায়।প্রত্যক্ষদর্শী পূর্ব ফুলমতী গ্রামের রাজু আহম্মেদ (২৮) জানান, সেতুটি দেবে যাওয়ার সময় ট্রাক্টরটি দ্রুতবেগে সেতুটি পার হয়ে গেলে কোনোমতে দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায়।গোড়কমণ্ডল বাজার ও সেতুর পার্শ্ববর্তী রফিকুল (৩২), জাহেদুল (৫০), গৌরাঙ্গ (৩৫), মমিনুল (৩৮), সায়েদ (৪০), শাহেদুলসহ (২৫) আরও অনেকে জানান, সেতুর নিচ থেকে বালু তোলার আগেও এই সেতু দিয়ে ইটভর্তি ট্রাক্টর যাওয়া-আসা করত। তখন সেতুর কিছু হয়নি। কিন্তু বালু তোলার ১৫ থেকে ২০ দিনের মাথায় সেতু দেবে যায়। নাওডাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. গফুর আলী এ প্রসঙ্গে বলেন, ‘কাউকে না বলে অবৈধভাবে নদী থেকে বালু তুলেছে বয়েজ উদ্দিন নামের একজন। এখন বালু তোলা বন্ধ করে দিয়েছি। এরপর আর কেউ বালু তুললে ব্যবস্থা নেওয়া হবে।’বালু উত্তোলনকারী বয়েজ উদ্দিন ওরফে কালু মিয়া বলেন, ‘আমি নদী থেকে বালা (বালু) তুলেছি, চেয়ারম্যান-মেম্বার, কোনো অপিসারক না কয়া। মজিদুল আর আনোয়ারের চাপত পড়িয়া বালা তুলচি।’ তিনি আরও বলেন, ‘বালা তুলচি বিরিজ থাকি ৫০-৬০ ফুট দূর থাকি। তাতে বিরিজ ডাবে। মাইনষে উল্টাপাল্টা কয়!’৪ অক্টোবর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আবু জাফর মো. সালেহ্ সেতুটি দেখে এসে বলেন, ‘সেতুর ১০০ মিটার দূর থেকে বালু তোলা হলেও সেতু দেবে যেতে পারে। আপাতত বালু তোলা বন্ধ আছে। আমরা সেতু দেবে যাওয়ার প্রতিবেদন তৈরি করে পাঠিয়ে দিচ্ছি।’