‘বাশার, এবার তোমার পালা’
লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি ‘ইঁদুর’ বলে যাদের পিষে ফেলার হুমকি দিয়েছিলেন, তারাই এখন তাঁর ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। মহা প্রতাপশালী ‘আফ্রিকার রাজাদের রাজা’ খ্যাত গাদ্দাফির এ পরিণতি সিরিয়ার গণতন্ত্রপন্থীদেরও উদ্দীপিত করছে। গতকাল সোমবার সিরিয়ার উত্ফুল্ল জনতা দেশটির রাজপথে স্লোগান তুলেছে, ‘গাদ্দাফির পতন আসন্ন। বাশার, এবার তোমার পালা।’খবর টাইমস অব ইন্ডিয়ার।বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রেসিডেন্ট বাশার আল আসাদের উপস্থিতির পরই ক্ষোভে ফুঁসে ওঠে সিরিয়ার গণতন্ত্রপন্থী জনতা। তারা হোমসসহ বিভিন্ন শহরের রাজপথে নেমে আসে। বিক্ষোভকারীরা পদত্যাগে অনড় প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সতর্ক করে স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে সিরিয়ার রাজপথ। তাদের অনেকই বলেছে, ‘লিবিয়ায় গাদ্দাফির ৪২ বছরের শাসন পতনের মুখে, এবার বাশারের পালা।’ গত মধ্য মার্চ থেকে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। প্রেসিডেন্ট আসাদ বিক্ষোভকারীদের দমনে ট্যাংক ও ভারী অস্ত্র ব্যবহার করে আসছে। জাতিসংঘ বলছে, নিরাপত্তা বাহিনীর হাতে এ পর্যন্ত দেশটিতে দুই হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। বিক্ষোভকারীদের দাবি অনুযায়ী সংস্কারের ঘোষণা দিলেও এখনো তা বাস্তবায়ন করেননি প্রেসিডেন্ট বাশার আল আসাদ।