‘আমি আর ক্যাথরিন হাত নেড়ে সাহায্যের জন্য গাড়ি থামাতে চাচ্ছি। কিন্তু হায়, আমাদের চূর্ণবিচূর্ণ গাড়ি দেখে কেউ থামছে না সেখানে। আমার মনে ভেসে উঠল, ক্যাথরিনের বলা একটু আগের কথাটি, ‘জলি, তারেক-মিশুক নেই।”’কথাগুলো বলার সময় বারবার কেঁদে উঠছিলেন দিলারা বেগম জলি। ১৪ আগস্ট দুপুর। স্কয়ার হাসপাতালের ক্যাফেটেরিয়ার একটি সোফায় তিনি বসে আছেন। বাড়ি চলে যাবেন একটু পর। সেই ভয়াবহ দুর্ঘটনায় আহত-নিহত ব্যক্তিদের মধ্যে তাঁর অবস্থাই একটু ভালো। হাতে ব্যান্ডেজ। আগের দিন শনিবার রাত থেকেই হাসপাতালে জনস্রোত। এখনো মানুষের আসা-যাওয়া থামেনি।সেখানে বসেই দিলারা বেগম জলি বর্ণনা দিলেন সেই মর্মান্তিক দুর্ঘটনার: ‘যখন ফিরছি, তখন মুষলধারে বৃষ্টি। লোকেশনটা ছিল মানিকগঞ্জের শিবালয় উপজেলার ইছামতী নদীর তীরে, রূপসা সালজানা গ্রামে। কাগজের ফুল নামের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য শুটিং লোকেশন দেখতে গিয়েছিলাম আমরা। এক ঘণ্টা ধরে শুটিং স্পট তত্ত্বাবধানের পর সবাই মাইক্রোবাসে উঠলাম। মিশুক মুনীরের একটু তাড়া ছিল। বেলা দুইটায় তাঁর অফিসে মিটিং। ফেরার পথেও শুটিং নিয়েই কথা হচ্ছিল। হঠাৎ বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি বাস মাইক্রোবাসের চালকের আসন বরাবর ঢুকে গেল। মুহূর্তের মধ্যে দেখলাম, গাড়ির ছাদ উড়ে গেল...।’কিছুক্ষণ আর কথা বলতে পারেন না জলি। একটু স্থির হয়ে বলেন, ‘বৃষ্টির কারণে আমাদের গাড়ি ধীরগতিতে চলছিল। তারেক মাসুদ নিজে খুব সাবধানী মানুষ। চালক মুস্তাফিজ অনেক দিনের চেনা। এই গাড়ি ও চালক নিয়ে সারা দেশ ঘুরে বেড়িয়েছেন তারেক। ১০ আসনের গাড়ি। চালকের পাশে বসেছিলেন তারেকের সহকারী। ডান পাশে অর্থাৎ চালকের ঠিক পেছনেই বসেছিলেন তিনি। তাঁর ক্যামেরা আর ল্যাপটপটি ছিল পাশেই। বাঁ পাশে ছিলেন ক্যাথরিন মাসুদ। ঠিক পরের সারির ডান পাশে বসেছিলেন মিশুক মুনীর (সিটটা মুখোমুখি)। তাঁর বাঁ পাশে শিল্পী ঢালী আল মামুন ও আমি। পেছনের আসনগুলোতে অন্যরা। বাসটা যখন চকিতে আমাদের গাড়িতে আঘাত করল, তখন তারেক আর মিশুক ভাই ছিটকে পড়লেন রাস্তায়। শুধু মনে আছে, গাড়ির ছাদটা উড়ে গেল...কিছুক্ষণের জন্য আমি জ্ঞান হারাই। জ্ঞান ফিরলে দেখি, তারেক আর মিশুকের নিথর দেহ রাস্তায় বৃষ্টিতে ভিজছে। মামুন (ঢালী আল মামুন) সিটেই পড়ে আছে। মুখ দিয়ে গলগল করে রক্ত পড়ছে। মিশুকের হাতে থাকা ক্যামেরাটাও চূর্ণবিচূর্ণ হয়ে পড়ে আছে রাস্তায়। এমন সময় ক্যাথরিন চিৎকার করে বলে উঠল, “জলি, তারেক নেই!” এ পথ দিয়ে কত প্রাইভেট কার, মাইক্রোবাস গেল। আমি আর ক্যাথরিন কত অনুরোধ করলাম তাদের দাঁড়ানোর জন্য। কেউ দাঁড়াল না। পরে একটা বাস থামল। কয়েকজন তরুণ আমাদের ওঠালেন। মানিকগঞ্জ সদর মোড়ে আমাদের নামিয়ে দেওয়া হলো। বাসে থাকা দুজন তরুণের সহযোগিতায় আমরা একটা ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে হাসপাতালে যাই। হাসপাতালে গিয়ে দেখি, মামুনের সামনের দাঁত প্রায় সব ভেঙে গেছে। চোয়াল থেঁতলে গেছে। চিকিৎসকেরা বারবার বলছেন, “ওনাকে ঢাকায় নিয়ে যান দ্রুত। অবস্থা খুব খারাপ।” আমি অ্যাম্বুলেন্স নিয়ে মামুনসহ ঢাকার দিকে রওনা দিই। ক্যাথরিন অ্যাম্বুলেন্স নিয়ে তারেকদের কাছে যায়।’এরপর জলি আর কিছু বলেন না। আর কিছু বলার নেই তাঁর। সেই আকস্মিক দুর্ঘটনায় তারেক মাসুদ, মিশুক মুনীরসহ মারা গেছেন পাঁচজন। তাঁর স্বামী ঢালী আল মামুনের অবস্থাও সংকটাপন্ন। এ অবস্থায় তাঁকে কোনো প্রশ্ন করা যায় না।