‘বাসস্টেশন অতিক্রম করতে সময় লাগে ২০ মিনিট’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিরাই পৌর শহরের বাসস্টেশন এখন যেন যানজট স্টেশনে রূপ নিয়েছে। শহরের ব্যস্ততম কলেজ রোড, শাল্লা রোড, শ্যামারচর রোড ও থানা রোডের চৌমহনাতে বাসস্টেশন হওয়ায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যানজট লেগেই থাকে। এখান থেকে বাসস্ট্যান্ড স্থানান্তরিত হোক—এটাই শহরবাসীর প্রাণের দাবি। কলেজছাত্রী মুক্তা, পান্না ও মিলন বেগম বলেন, ‘বাসা থেকে কলেজে যেতে সময় লাগে ১৫ মিনিট। আর বাসস্টেশন অতিক্রম করতে সময় লাগে ২০মিনিট।’ একই কথা বললেন, ‘কলেজছাত্র মাছুম ও শাহিন। লেগুনাচালক ফয়ছল বলেন, ‘ভাই এখানে হারা দিন ঝামেলা লাইয়া থাকে, কোন বেলা যে দুর্ঘটনা ঘটবে কেউই কইতে পারে না।’ রিকশাচালক মুসলিম বলেন, ‘বাসস্ট্যান্ডে রিকশা লইয়া আইতে ডর করে। আরা দিনই ইকানে গাড়ি, লেগুনা, রিকশার জাম থাকে। পরতি দিনই ইকানে দুর্ঘটনা ঘটে। পাঁচ ট্যাকা রুজি করতে আইয়া ২০ ট্যাকার ক্ষতি হয়।’ পৌর কাউন্সিলর নূর মিয়া ও শামসুল আলম বলেন, ‘ব্যস্ততম এলাকায় বাসস্টেশন হওয়ায় সত্যিই স্কুল, কলেজগামী ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের চলাফেরায় অসুবিধা হচ্ছে। এখন থেকে বাসস্টেশন স্থানান্তরিত হলে মানুষের দুর্ভোগ অনেকটা কমবে।’ পৌর মেয়র হাজি আহম্মদ মিয়া বলেন, ‘বাসস্টেশন স্থানান্তরকরণ বিষয়টি স্থানীয় মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন। আমরা আনোয়ারপুর-সংলগ্ন প্রায় পাঁচ একর জমি নির্ধারণ করে সেখানে বাসস্টেশন স্থানান্তরিত করার সুপারিশ মন্ত্রণালয়ে পাঠিয়েছি।