‘বাসায় পোলাও-মাংস রান্না হচ্ছে’
জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে পরশু সিরাজগঞ্জের বিপক্ষে ১০ গোল করেছেন সাতক্ষীরার সাবিনা খাতুন। যশোর স্টেডিয়ামে এভাবে গোল-বন্যা বইয়ে দেবেন, তা ভাবতেই পারেননি। সেই আনন্দে বাড়িতে উৎসব চলছে বলে কাল সাতক্ষীরা থেকে ফোনে জানালেন জাতীয় দলের এই স্ট্রাইকার কাল থেকে নিশ্চয়ই খুব আনন্দের মধ্যে আছেন?সাবিনা খাতুন: ভীষণ আনন্দে আছি। বাসায় আজ পোলাও-মাংসসহ আরও বিশেষ কিছু রান্না হচ্ছে। সকালে আমরা বন্ধুরা মিলে আইসক্রিম খেয়েছি। আপনার আশপাশের লোকজন কী বলছে? তাঁদের কাছে তো আপনি এখন তারকা...সাবিনা: কাল রাতে যশোর থেকে সাতক্ষীরা আসার পর থেকেই সবাই জিজ্ঞাসা করছে, এত গোল কেমনে করলি! আমি হেসে বলি, হয়ে গেছে! কেউই আসলে বিশ্বাস করতে পারছে না, এত গোল করা সম্ভব! মাঠে নামার সময় কী ভেবেছিলেন?সাবিনা: আমার লক্ষ্য ছিল যতগুলো পারি গোল করব। শুরুটা ভালো হওয়ার পর ভেবেছি ৪-৫টা গোল হতে পারে। পরে দেখলাম, ওমা, গোল তো হয়েই চলেছে! একের পর গোল করার সময় কী মনে হচ্ছিল?সাবিনা: এমনিতে গোল করার আনন্দই আলাদা। তার ওপর টানা গোল করে গেলে তো আকাশেই উড়তে ইচ্ছা করে। প্রথমার্ধেই ছয়টা গোল করে ফেলায় ধরে নিই আরও গোল হবে। তবে সে সময় নির্দিষ্ট কোনো টার্গেট ছিল না আমার। প্রতিপক্ষ দলটা কি খুব দুর্বল ছিল? এত গোল করলেন, একটু কি মায়া লাগেনি ওদের জন্য?সাবিনা: খেলতে নেমে মায়া করলে চলে না। আমি তো ধরে নিয়েছিলাম গোটা পনেরো গোল করা সম্ভব। আমরা শেষ পর্যন্ত ১২ গোল করলাম। প্রথমার্ধের মিনিট দশেক আগেই বুঝে ফেলি প্রতিপক্ষ আর দাঁড়াতে পারবে না। সতীর্থরা মাঠে কী বলছিল?সাবিনা: সতীর্থরা খুবই খুশি ছিল। আমার সঙ্গে স্ট্রাইকিংয়ে যে ছিল, সে বলল আপনাকে সাপোর্ট দিয়ে যাই গোল করতে থাকেন। আমি তাকে বলেছি, তুমিও পারলে গোল করো। যশোর থেকে রাতে যখন বাসায় এলেন, মা-বাবাকে ম্যাচের গল্প শোনাতে হয়েছে নিশ্চয়ই?সাবিনা: আমি মাঠে থাকতেই মা-বাবা শুনেছেন। ওনারা তো বিশ্বাসই করতে পারছিলেন না। রাতে বাসায় আসার পর আমাকে খাওয়াতে ব্যস্ত হয়ে পড়েছেন। আর ম্যাচের কথা তো বলতেই হয়েছে ওনাদের। যশোরে মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের আঞ্চলিক পর্বের আয়োজনটা কেমন হচ্ছে?সাবিনা: আয়োজন ভালোই। ওখানকার লোকজন আন্তরিক। সবচেয়ে ভালো লাগছে, ওখানকার মাঠটা ভালো। মেয়েরা খেলে আনন্দ পাচ্ছে। আপনি তো বাংলাদেশ মহিলা দলের সদস্য হয়ে যুক্তরাষ্ট্র গিয়েছিলেন। সেই সফরের পর জীবনটা একটু বদলে গেছে মনে হচ্ছে না?সাবিনা: বদল আর কী! যুক্তরাষ্ট্রে গেছি ভালো লেগেছে। স্মরণীয় স্মৃতি হয়ে থাকবে। লোকজন অবশ্য এখনো জিজ্ঞেস করে, যুক্তরাষ্ট্রে গেছিস সামনে কি আর ট্যুর আছে? আপনি যে ফুটবল খেলেন, এত গোল করেন, পরিশ্রম লাগে না?সাবিনা: পরিশ্রম অন্যদের তুলনায় আমার বোধ হয় কম লাগে। কারণ আমি ছোটবেলা থেকেই ফুটবল খেলি। ছেলেদের সঙ্গে বাড়ির পাশে মাঠে খেলতাম। এখন ক্লাস টেনে পড়ছি। তাই সাহস বেড়েছে অনেক। ফুটবল খেলা দেখেন? দেখলে কার খেলা ভালো লাগে?সাবিনা: ফুটবল দেখি সুযোগ পেলে। দেশে এনামুল-এমিলি ভাইদের খেলা ভালো লাগে। বিদেশে রোনালদো, বেকহামের খেলা দেখে ভালো লেগেছে।