‘বাসে অটোগ্রাফ দিয়েছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টুর্নামেন্টে শীর্ষ বাছাই তিনি। কাল ঢাকায় শেষ হওয়া গ্রামীণফোন বাংলাদেশ মাস্টার্সে প্রত্যাশামতো চ্যাম্পিয়নই হলেন সিদ্দিকুর রহমান। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রাসঙ্গিক অনেক বিষয় নিয়ে কথা বললেন বাংলাদেশের সেরা গলফার আপনার জয়টা প্রত্যাশিতই ছিল। আপনার কাছে এর গুরুত্ব কতটুকু?সিদ্দিকুর রহমান: এটি আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। কারণ ঢাকায় খেলা আগের টুর্নামেন্টে কিছু ভুল ছিল আমার। সেগুলো সংশোধন করতে পেরেছি এই টুর্নামেন্টে। আমি খুবই খুশি। শুরু থেকেই ভালো ফর্মে ছিলেন...সিদ্দিকুর: এটাই চাইছিলাম আমি। প্রথম দুই রাউন্ডে এত ভালো খেলেছি যে, ধরে নিয়েছিলাম কেউ প্রতিদ্বন্দ্বিতাই করতে পারবে না। সেটাই হয়েছে। এ জন্য আরও ভালো লাগছে। টুর্নামেন্টটা বাংলাদেশের গলফে সবচেয়ে বড় আয়োজন ছিল। এ থেকে বাংলাদেশের প্রাপ্তি কী?সিদ্দিকুর: একটা তো হলো, আমি চ্যাম্পিয়ন হয়েছি। পরের দুটি স্থানও আমাদের। কাজেই খুবই ভালো টুর্নামেন্ট হয়েছে আমাদের জন্য। নতুন প্রজন্ম এ থেকে অনেক উৎসাহিত হয়েছে। আমাকে দেখে ওরা গলফে আগ্রহী হচ্ছে, সেটাই তো যথেষ্ট নয়। খেলার সুযোগ দরকার। সেটা তারা এই টুর্নামেন্টে পেয়েছে।  এরপর আপনার পরিকল্পনা কী? সিদ্দিকুর: এ বছর ৩৫টি টুর্নামেন্ট খেলতে পারি। ইউরোপে দশটি। এগুলোর দিকে মনোযোগী হতে হবে। দুই দিন পর যাচ্ছি ভারতে। গুরগাওয়ে ইউরোপীয় টুর্নামেন্ট খেলব একটা। স্পনসর ভারতের হওয়ায় টুর্নামেন্টটা ওখানেই হচ্ছে।  আপনাকে তো অনেক ভ্রমণ করতে হয়। কীভাবে সামলান সবকিছু?সিদ্দিকুর: অভ্যস্ত হয়ে গেছি। এখন আসলে প্রতি সপ্তাহেই টুর্নামেন্ট আছে। আমি কোথায় খেলব, কোথায় খেলব না, সেই সিদ্ধান্ত নেওয়ার ভার আমারই। কিছু সিদ্ধান্ত নিয়ে রেখেছি। ভারত থেকে থাইল্যান্ড, তারপর আবার ভারত যাব।  অভিজ্ঞতাও তো বাড়ছে?সিদ্দিকুর: হ্যাঁ, অভিজ্ঞতা দিন-দিনই বাড়ছে। আমার তো মনে হয়, অনেক অভিজ্ঞতা হয়ে গেছে এরই মধ্যে। সাহসও বেড়ে গেছে। রাস্তায় বেরোলে নিশ্চয়ই এখন অনেকে চেনে আপনাকে? কেমন লাগে?সিদ্দিকুর: আমি কিছু একটা হয়ে গেলাম, এমনটা কখনো ভাবি না। আমি একজন খেলোয়াড় এবং আমাকে খেলতে হবে—শুধু এটাই বুুঝি। তবে হ্যাঁ, এখন বাইরে বেরোলে অনেকেই চেনেন। এটা ভালো লাগে। গলফের জন্যও এটা ভালো। তবে আমি নিজের খেলায় কতটুকু মনোযোগ দিতে পারছি, সেটাই আসল।  তার পরও এটা তো ঠিক, গত বছর ব্রুনাই ওপেন জেতার পর আপনার জীবনটা অনেক বদলে গেছে?সিদ্দিকুর: তা তো অবশ্যই। বাসা থেকে অনেক সময় রিকশায় গলফ ক্লাবে যাই। বাসে কয়েক মিনিট লাগে, তাই বাসেও উঠে পড়ি কখনো কখনো। একদিন বাসে এক ছাত্র আমাকে বলল, ‘‘আপনি কী সিদ্দিক ভাই?’’ বাসে অটোগ্রাফ দিয়েছি তাকে।  গাড়ি কেনেননি?সিদ্দিকুর: গাড়ি কেনা যায়, কিন্তু আমি তো থাকিই না। অযথা...।  প্রাইজমানি তো অনেক পাচ্ছেন।সিদ্দিকুর: শুনতে অনেক টাকা মনে হয়, কিন্তু খরচও আছে অনেক। এই টুর্নামেন্টে পাওয়া ১২ হাজার ৩০০ ডলারের মধ্যে ৫০ ভাগই তো খরচের খাতায়। আয়োজকদের ১৫ শতাংশ ট্যাক্স দিতে হয়। এটা সব দেশেই। ১০ শতাংশ ক্যাডিকে, ম্যানেজারকে ১০ শতাংশ দিতে হয়। আমার নিজের ১৫ শতাংশ খরচ আছে। তবে আল্লাহর কাছে শোকরিয়া, আমার আয় অনেক ভালো।  দেশে বিশ্বকাপ ক্রিকেট হচ্ছে। দেখবেন না?সিদ্দিকুর: বিশ্বকাপ সূচি এখনো ভালো করে দেখা হয়নি। আমি দেশে ফিরব ২৬ ফেব্রুয়ারি। ইচ্ছা আছে যে কদিন দেশে থাকব, স্টেডিয়ামে বসে খেলা দেখব।