‘বাহে অনেক কষ্ট করি যাওয়া আসা করা নাগে’
একটি সেতুর জন্য গ্রামবাসী অনেক আন্দোলন-সংগ্রাম করেছেন। বছরের পর বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দলসহ স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে আবেদন-নিবেদন করেছেন। তাঁরা আশ্বাস পেয়েছেন ঠিকই, কিন্তু সেতু হয়নি। এর ফলে একটি বাঁশের সাঁকো দিয়ে ৪০০ পরিবার ঝুঁকি নিয়ে পারাপার হয়।সরেজমিনে রংপুরের মিঠাপুকুর উপজেলার ভাংনী ইউনিয়নের ঘাঘট নদের শাখা চমকা নদীর ওপর বাঁশের সাঁকো দিয়ে কোনো রকমে জনগণকে পারাপার হতে দেখা যায়। এলাকাবাসীর অভিযোগ, বছরের পর বছর এ অবস্থা চলে আসছে। ভোটের আগে প্রতিটি দলেরই প্রতিনিধিরা এখানে সেতু বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু নির্বাচনের পর নির্বাচিত প্রতিনিধিদের আর কোনো খবর থাকে না। দুর্ভোগের মধ্যে প্রতিদিন বাঁশের সাঁকো দিয়ে চলাচল করে থাকে এমন কয়েকজনের সঙ্গে কথা হয়েছে। ছিট কাশিনাথপুরের শিক্ষক তুহিনা সুলতানা বলেন, ‘বাঁশের সাঁকো আমাদের ভরসা। তবে রাতের বেলা তো এ সাঁকো দিয়ে চলা যায় না। পড়ে যাওয়ার ভয় থাকে।’ তিনি আরও বললেন, এত টাকা খরচ করে উন্নয়নকাজ করা হয়, কিন্তু সামান্য এই সেতুর কাজ হয় না। ব্যবসায়ী তৈয়বুর রহমান বলেন, ‘যেকোনো মালামাল পরিবহনে চরম ভোগান্তি পেতে হয়।’ এদিকে জনগণ নিজস্ব উদ্যোগে পূর্ব জগন্নাথপুরে একটি বাঁশের সাঁকো নির্মাণ করেছেন। সেটিও বেশি দিন টেকসই হয় না বলে এলাকাবাসী জানান। কৃষক মিজানুর রহমান বলেন, ‘বাহে অনেক কষ্ট করি হামাকগুলাক যাওয়া-আসা করা নাগে।’ ভাংনী ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, ‘জনগণের দুর্ভোগের কথা আমি যে চিন্তা করি না তা কিন্তু নয়। উপজেলা কার্যালয়ে আমিও তদবির করেছি। সেখান থেকেও আমাকে প্রতিশ্রুতি দেওয়া হয়। আর আমিও এ কথায় ভরসা করে গ্রামবাসীকে এমন প্রতিশ্রুতি দিয়ে থাকি। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি এই এলাকার সেতু নির্মাণের জন্য।’ মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন বলেন, ‘জেলার মধ্যে এই উপজেলার আয়তন অনেক বড়। কোথায় কোথায় সেতুর প্রয়োজন, তার একটি তালিকাও করা হয়েছে। আশা করি, আমরা এই সরকারের আমলেই এর বাস্তবায়ন করতে পারব।’