‘বাড়ি লুটের পর রাজাকারেরা অগ্নিসংযোগ করে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ১২তম সাক্ষী হিসেবে আজ মঙ্গলবার জবানবন্দি দিয়েছেন পিরোজপুর-১ আসনের সাংসদ এ কে এম এ আওয়াল।জবানবন্দিতে আওয়াল বলেন, একাত্তরে পিরোজপুরের পারেরহাট ইউনিয়নের সেকান্দার আলী শিকদারের নেতৃত্বে শান্তি কমিটি ও রাজাকার বাহিনী গঠিত হয়। দানেশ মোল্লা সেখানে গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তবে পারেরহাটে পাকিস্তানি সেনারা আসার পর সাঈদীকে রাজাকার বাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়। উর্দুভাষী পাকিস্তানি সেনাদের ভাষার সুবিধার জন্য সাঈদীকে নেওয়া হয়েছিল। এই পাকিস্তানি সেনা ও রাজাকারেরা মিলে পারেরহাটের একটি দোকান থেকে ২২ সের স্বর্ণ লুট করে এবং পারেরহাটের নাম দেয় সোনার হাট।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সকাল সাড়ে ১০টা থেকে বেলা সোয়া ১২টা পর্যন্ত জবানবন্দি দেন সাক্ষী এ কে এম এ আওয়াল। বেলা দুইটা থেকে আসামিপক্ষের আইনজীবীরা তাঁকে জেরা করবেন।জবানবন্দিতে আওয়াল বলেন, লুটপাটের মালামাল নিয়ে পাঁচ তহবিল নামে তহবিল গঠন করা হয়েছিল। সাঈদী পাঁচ তহবিলের কোষাধ্যক্ষ ছিলেন।ট্রাইব্যুনালে সাংসদ আওয়াল বলেন, যুদ্ধকালে সময়ে চিথলিয়া গ্রামের শহীদ উদ্দিন পসারি, রইজ উদ্দিন পসারি ও নূরুল ইসলাম মুক্তিযোদ্ধাদের পক্ষে গোয়েন্দা হিসেবে কাজ করতেন। তাঁদের বাড়ি লুটের পর রাজাকারেরা অগ্নিসংযোগ করে। এ ছাড়া হিন্দুপাড়ার অনেক ঘর রাজাকারেরা পুড়িয়ে দিয়েছিল।